আইএসএলে ওড়িশা এফসি-র বিরুদ্ধে দাপুটে জয় পেল এফসি গোয়া, ম্যাচের ফলাফল ৩-১
আইএসএলে ওড়িশা এফসি-র বিরুদ্ধে দাপুটে জয় পেল এফসি গোয়া, ম্যাচের ফলাফল ৩-১
আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ওড়িশা এফসি-কে হারিয়ে দিল এফসি গোয়া। হাড্ডাহাড্ডি এই ম্যাচ ৩-১ গোলে জেতে আয়োজক শহর। এই জয়ের ফলে ১৮ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়েও লিগ তালিকার চতুর্থ স্থানেই দাঁড়িয়ে রইল এফসি গোয়া। ১৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার একাদশতম স্থানে অবস্থান করছে ওড়িশা এফসি।

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। একে অপরের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে এফসি গোয়া ও ওড়িশা এফসি। তবে এফসি গোয়ার আক্রমণে বেশি ঝাঁঝ নজরে পড়ে। তারই বলে ম্যাচের ১৮ মিনিটে দুর্দান্ত গোল দিয়ে গোয়াকে এগিয়ে দেন আলবার্তো নগুয়েরা। এরপর খেলা পুরোপুরি এফসি গোয়ার নিয়ন্ত্রণে চলে যায়।
ম্যাচের ২৬ মিনিটে আরও একটি সঙ্ঘবদ্ধ আক্রমণ তৈরি করে গোয়া। দু্র্দান্ত দক্ষতায় গোল দিয়ে চলতি আইএসএলের আয়োজক শহরের হয়ে ব্যবধান বাড়ান জর্জ অর্টিজ মেন্ডোজা। দুই গোলে পিছিয়ে পড়ে হাল ছেড়ে দেয়নি ওড়িশা এফসি। ম্যাচের ৩০ মিনিটে ভাসানো বলে মাথা ছুঁয়ে পিছিয়ে থাকা দলের হয়ে গোলের ব্যবধান কমান দিয়েগো মোউরিসিও। ২-১ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে এফসি গোয়া।
দ্বিতীয়ার্ধে আক্রমণে গতি বাড়ায় এফসি গোয়া। পাল্টা আক্রমণে উঠে এগিয়ে থাকা দলের ডিফেন্সকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় ওড়িশা এফসিও। বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছেও কাজ হাসিল করতে পারেনি মোউরিসিও শিবির। উল্টে ৭৫ মিনিটে পেনাল্টি থেকে গোল দিয়ে এফসি গোয়ার জয় নিশ্চিত করেন ইভান গারিদো গঞ্জালেস। শত চেষ্টা করেও ম্যাচে আর ফিরতে পারেনি ওড়িশা এফসি। ম্যাচে বলের নিয়ন্ত্রণ থেকে পাসিং, সবেতেই ওড়িশাকে টেক্কা দিয়েছে গোয়া।












Click it and Unblock the Notifications