আইএসএল ২০২০-২১ : কালো জার্সিতে মাঠ কাঁপাল ইস্টবেঙ্গল, ১০ জনের গোয়াকে নাগালে পেয়েও জয় তবু অধরা
আইএসএল ২০২০-২১ : কালো জার্সিতে স্বমহিমায় ইস্টবেঙ্গল, ১০ জনের গোয়ার বিরুদ্ধে তবু জয় অধরা
মিশ কালোর মধ্যে হলুদ ডোরাকাটা জার্সিতে প্রথমবার মাঠে নেমেই স্বমহিমায় অবতীর্ণ হল এসসি ইস্টবেঙ্গল। তবে ম্যাচ জিততে যে গোল স্কোরিং দক্ষতা প্রয়োজন, তা এফসি গোয়ার বিরুদ্ধে কোথাও যেন অনুপস্থিত মনে হল লাল-হলুদের খেলায়। ফলে কমপক্ষে চার গোলে জেতার কথা থাকলেও ম্যাচ ড্র করেই সন্তুষ্ট থাকতে হল রবি ফাওলারের দলকে। খেলার ফল ১-১।

ম্যাচের একদম শুরুর মুহুর্তে এফসি গোয়ার ডিফেন্ডারদের ভুলে বল নিয়ে ডি বক্সে ঢুকে পড়েন এসসি ইস্টবেঙ্গলের নায়ারণ দাস। তাঁকে ফেলে দিতে বাধ্য হন প্রতিপক্ষ। ফলে পেনাল্টি পেয়ে যায় নতুন জার্সিতে প্রথমবার মাঠে নামা লাল-হলুদ। তবে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন অভিজ্ঞ আন্টোনি পিলকিংটন।
এরপর খেলা ধরে নেয় এফসি গোয়া। প্রথম দশ মিনিটে এসসি ইস্টবেঙ্গলের গোলমুখে বেশ কয়েকটি ইতিবাচক আক্রমণ তুলে আনে ইগর আনগুলো শিবির। দুর্দান্ত দক্ষতায় সবকটি বল বাঁচান লাল-হলুদ গোলরক্ষক দেবজিৎ মজুমদার। ১৫ মিনিটের পর আচমকাই খেলায় ঝাঁঝ বাড়ায় রবি ফাওলারের দল। একাধিকবার গোলের খুব কাছে পৌঁছেও যান ব্রাইট এনোবাখারে অ্যান্ড কোং। তবে আর গোল হাসিল করতে পারেনি কলকাতার ক্লাব। অন্যদিকে ম্যাচের ৩৯তম মিনিটে ফাঁকায় বল পেয়ে গোল দিতে ভুল করেননি এফসি গোয়ার ইগর আনগুলো। টুর্নামেন্টে এটি তাঁর দশম গোল।
দ্বিতীয়ার্ধে অন্য রণনীতি নিয়ে মাঠে নামে এফসি গোয়া। প্রথম পাঁচ মিনিট বলের সম্পূর্ণ নিজেদের কাছে রাখে ইগর আনগুলো শিবির। তবে ধীরে ধীরে খেলায় ফেরে এসসি ইস্টবেঙ্গল। আক্রমণে চাপও বাড়ায় রবি ফাওলারের দল। ব্রাইট এনোবাখারের নেতৃত্বে এফসি গোয়ার গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে লাল-হলুদ। পরপর কর্নার ও ফ্রি কিক আদায় করে কলকাতার ক্লাব।
৬৫ মিনিটে গোয়ার বক্সের বাইরে ফ্রি কিক পেয়ে যায় এসসি ইস্টবেঙ্গল। নিখুঁত সেট পিসে গোল দিয়ে এসসি ইস্টবেঙ্গলের হয়ে ম্যাচে সমতা ফেরান অধিনায়ক ড্যানি ফক্স। এর এক মিনিট পর লাল-হলুদ ফরোয়ার্ড আন্টোনি পিলকিংটনের বিরুদ্ধে জঘন্য ফাউল করে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন এফসি গোয়ার অধিনায়ক এডু বেদিয়া।
শেষ তিরিশ মিনিটে দশ জনের গোয়াকে চেপে ধরে এসসি ইস্টবেঙ্গল। লাগাতার আক্রমণে উঠে দুর্দান্ত পায়ের জাদুতে এফসি গোয়ার ডিফেন্সকে ফালাফালা করতে থাকেন ব্রাইট এনোবাখারে, জ্যাকুয়াস মাঘোমা। কমপক্ষে পাঁচ বার গোলের মুখ খুলেই ফেলে লাল-হলুদ। কিন্তু সফলতা পায়নি ররি ফাওলারের দল। ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানেই দাঁড়িয়ে রইল গোয়া। ১৪ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার দশম স্থানেই পড়ে রইল লাল-হলুদ।












Click it and Unblock the Notifications