প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস রচনা মুম্বইয়ের, ডিফেন্সের ভুলে এটিকে মোহনবাগানের ভরাডুবি
প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস রচনা মুম্বইয়ের, ডিফেন্সের ভুলে এটিকে মোহনবাগানের ভরাডুবি
বিপিন সিংয়ের ৮৯ মিনিটের গোলে প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হল মুম্বই সিটি এফসি। গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যের ভুলে তীরে এসে তরী ডুবল এটিকে মোহনবাগানের। এই প্রথমবার ফাইনালে উঠেও কাপ ঘরে তুলতে পারলেন আন্টোনিও লোপেজ হাবাস। ২-১ গোলে ম্যাচ জিতল সার্জিও লোবেরার দল।

প্রথমার্ধের হাড্ডাহাড্ডি মোকাবিলার পর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই খেলার রাশ নিজেদের কাছে রাখে মুম্বই সিটি এফসি। অন্যদিকে কাউন্টার অ্যাটাক নির্ভর খেলার পুরনো রণনীতিতে ফিরে যায় আন্টোনিও লোপেজ হাবাসের এটিকে মোহনবাগান। বেশ কয়েকবার গোলের খুব কাছে পৌঁছে যায় অভিনেতা রনবীর কাপুরের দল। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি অ্যাডাম লে ফনড্রে ব্রিগেড। একবার তো ফাঁকায় বল পেয়েও বাইরে শট মেরে সুযোগ হাতছাড়া করেন হুগো বউমোস।
অন্যদিকে প্রতি আক্রমণে উঠে বেশ কয়েকবার গোলের মুখ খুলে ফেলে এটিকে মোহনবাগান। ৭০ মিনিটের পর আচমকাই আক্রমণে ঝাঁঝ বাড়িয়ে দেয় সবুজ-মেরুন। একাধিকবার বিপজ্জনকভাবে মুম্বই ডিফেন্সকে নাস্তানাবুদ করতে থাকেন মনবীর সিং। তাঁরই বাড়ানো বল থেকে মুম্বইয়ের গোলে জোরালো শট নেন জাভি হার্নান্ডেজ। দুর্দান্ত দক্ষতায় বল সেভ করেন অমরিন্দর সিং। দ্বিতীয়ার্ধের বাকি সময় সেভাবে সক্রিয় মনে হয়নি রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসকে।
৮০ মিনিটের পর পুরোপুরি রক্ষণাত্মক রণনীতিতে চলে যায় এটিকে মোহনবাগান। তারই ফায়দা নিয়ে ৮৯ মিনিটে গোল করে মুম্বই সিটি এফসি-র জয় নিশ্চিত করেন বিপিন সিং। গর্হিত ভুল করে ফেলেন সবুজ-মেরুন গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য।
ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। ৪-২-৩-১ ছকে দল সাজিয়ে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে মুম্বই সিটি এফসি। যদিও পরিচিত সবুজ-মেরুন জার্সিতে মাঠে নামা এটিকে মোহনবাগান ৩-৫-২ ছকে দল সাজিয়ে শুরু থেকেই একের পর এক সুযোগ তৈরি করতে থাকে। ম্যাচের দশ মিনিটে সবুজ-মেরুনের জাভি হার্নান্ডেজের ফ্রি কিক বার লেগে বাইরে চলে যায়। ১২ মিনিটে রয় কৃষ্ণের শট কোনওমতে বাঁচিয়ে দেন মুম্বইয়ের গোলরক্ষক অমরিন্দর সিং।
রয় কৃষ্ণ এবং ডেভিড উইলিয়ামসকে সামনে রেখে এটিকে মোহনবাগানের প্রেসিং ফুটবল সামাল দিতে নাজেহাল হয়ে যান মুম্বই সিটি এফসি-র ডিফেন্ডাররা। চাপে পড়ে একের পর এক ভুলও করতে থাকেন মউরতোদা ফল, হেরনান সান্টানারা। মুম্বই ডি বক্সের বাইরে মিস পাসের বহর চলতে থাকে। তেমনই এক মিস পাস থেকে দুর্দান্ত সুযোগ তৈরি করে ফেলেন এটিকে মোহনবাগানের ফরোয়ার্ড রয় কৃষ্ণ। মুম্বইয়ের ডি বক্সের মধ্যে সতীর্থ ডেভিড উইলিয়ামসকে বল সাজিয়ে দেন ফিজির অধিনায়ক। অনেকটা অরক্ষিত অঞ্চল পেয়ে ১৮ মিনিটে জোরালো শটে অমরিন্দর সিংকে পরাস্ত করেন এটিকে মোহনবাগানের অস্ট্রেলিয় স্ট্রাইকার।
এক গোলে পিছিয়ে পড়ে আক্রমণে ঝাঁঝ বাড়ায় মুম্বই সিটি এফসি। দুর্দান্ত বোঝাপড়াকে হাতিয়ার করে এটিকে মোহনবাগানের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন অ্যাডাম লে ফনড্রে, বিপিন সিংরা। তাতে চাপে পড়ে যায় সবুজ-মেরুন। ম্যাচের ২৯ মিনিটে ফাঁকায় থাকা বিপিনকে লক্ষ করে উঁচু করে বল ভাসান আহমেদ জাহৌ। ক্লিয়ার করতে গেলে এটিকে মোহনবাগানের ডিফেন্ডার তিরির মাথায় লেগে তাঁদেরই বক্সের দিকে বল এগোতে থাকে। অনেকটা এগিয়ে থাকা গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য সেই বলের নাগাল পাননি। সবুজ-মেরুনের আত্মঘাতী গোলে ম্যাচে সমতা ফেরে।
এরপর ম্যাচের রাশ চলে যায় মুম্বই সিটি এফসি-র পায়ে। অন্যদিকে কেবল রয় কৃষ্ণকে সামনে রেখে ডিফেন্সে নেমে আসেন এটিকে মোহনবাগানের বাকি ৯ ফুটবলার। হুগো বউমোসের একটি শট দুর্দান্ত দক্ষতায় বাঁচান সবুজ-মেরুন গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য। ম্যাচের একদম শেষ মুহুর্তে এটিকে মোহনবাগান ডিফেন্ডার শুভাশিস বোসের সঙ্গে সংঘর্ষে মাথায় গুরুতর চোট পেয়ে কনকাশানে চলে যান মুম্বই সিটি এফসির রাইট ব্যাক আমেয় রানাওয়াড়ে। তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। অ্যাম্বুলেন্সে তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। এর জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে খেলা।












Click it and Unblock the Notifications