আইএসএল ২০২০-২১ : সুযোগ নষ্টের খেসারত দিয়ে বেঙ্গালুরুর বিরুদ্ধে ইস্টবেঙ্গলের হার, ফলাফল ২-০
আইএসএল ২০২০-২১ : সুযোগ নষ্টের খেসারত দিয়ে বেঙ্গালুরুর বিরুদ্ধে এসসি ইস্টবেঙ্গলের হার, ফলাফল ২-০
বারবার আক্রমণে উঠেও সুযোগ তৈরি না করতে পারার খেসারত দিতে হল এসসি ইস্টবেঙ্গলকে। আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ২-০ গোলে ম্যাচ হারতেই হল রবি ফাওলারের দলকে। এই হারের ফলে ১৫ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দশম স্থানেই দাঁড়িয়ে রইল এসসি ইস্টবেঙ্গল। ১৫ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার ষষ্ঠ স্থানে উঠে এল বেঙ্গালুরু এফসি।

চলতি আইএসএলের প্রথম সাক্ষাতে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে দুর্দান্ত ফুটবল খেলেছিল এসসি ইস্টবেঙ্গল। ১-০ ব্যবধানে ম্যাচ জিতেছিল লাল-হলুদ। ফলে মঙ্গলবার রবি ফাওলার শিবিরের বিরুদ্ধে বদলা নিতে মরিয়া ছিলেন সুনীল ছেত্রীরা। সেই কাজ হাসিল হওয়ায় স্বস্তি নিয়েই মাঠ ছাড়ল বেঙ্গালুরু।
ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। ম্যাচের প্রথম দুই থেকে তিন মিনিটে একাধিকবার আক্রমণে ওঠে বেঙ্গালুরু এফসি। ধীরে ধীরে খেলা ধরে এসসি ইস্টবেঙ্গল। আক্রমণ এবং প্রতি-আক্রমণে টানটান হয় মোকাবিলা। তবে ম্যাচের প্রথম গোল আসে দক্ষিণি দলের তরফে থেকে। ম্যাচের ১১ মিনিটে ফ্রি কিক থেকে দুর্দান্ত গোল দেন ক্লেইটন সিলভা।
প্রথমার্ধের শেষ মুহুর্তে গোলরক্ষক দেবজিৎ মজুমদারের আত্মঘাতী গোলে ২-০ গোলে পিছিয়ে যায় লাল-হলুদ। প্রথমার্ধে গোল শোধ দেওয়ার মরিয়া চেষ্টা চালায় এসসি ইস্টবেঙ্গল। একাধিকবার গোলের কাছে পৌঁছেও যায় রবি ফাওলারের দল। তবু প্রথমার্ধে ২ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে বেঙ্গালুরু এফসি।
বেশ কয়েকটি পরিবর্তন ঘটিয়ে দ্বিতীয়ার্ধে খেলায় গতি বাড়ায় এসসি ইস্টবেঙ্গল। গতি কমানোর চেষ্টা করে বেঙ্গালুরু এফসি। তবু গোলের সুযোগ তৈরি করে লাল-হলুদ। সেই সুযোগ নষ্টও করে কলকাতার দল। অন্যদিকে দ্বিতীয়ার্ধে মূলত প্রতি-আক্রমণ নির্ভর ফুটবল খেলা বেঙ্গালুরু সেভাবে ইস্টবেঙ্গল রক্ষণকে বিপদে ফেলতে পারেনি। ফলে ম্যাচের দ্বিতীয়ার্ধে আর কোনও গোল হয়নি।
ম্যাচের ৬৬ শতাংশ বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখেও তালমিলের অভাবে কাঙ্খিত গোল হাসিল করতে পারেনি এসসি ইস্টবেঙ্গল। নিজেদের মধ্যে প্রায় পাঁচশোটি পাস খেলেও কাজের কাজ হয়নি। অন্যদিকে বলের নিয়ন্ত্রণ কম থাকলেও অনেক বেশি সুযোগ তৈরির করার কারণে হাসিমুখে মাঠ ছাড়তে পারেন সুনীল ছেত্রীরা।












Click it and Unblock the Notifications