FIFA U-17 Women's World Cup 2022: প্রথম ম্যাচে আমেরিকার বিরুদ্ধে লজ্জার হার ভারতের
FIFA U-17 Women's World Cup 2022: প্রথম ম্যাচে আমেরিকার বিরুদ্ধে লজ্জার হার ভারতের
কলিঙ্গর আকাশে জ্বলজ্বল করছে পূর্ণিমার চাঁদ। সবে গিয়েছে কোজাগরী লক্ষ্মীপুজো। চাঁদের মৃদু আলোয় সিক্ত শহরের বুকে অকাল অমাবস্যা ডেকে আনল ভারতীয় যুব মহিলা দল। ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের উদ্বোধনী দিন দ্বিতীয় ম্যাচে নিজেদের সঙ্গে দেশের কোটি কোটি ফুটবলপ্রেমীকে এক রাশ হতাশা উপহার দিলেন অষ্টম ওঁরাও-কাজল ডি সুজারা। বিশ্বের দরবারে ভারতীয় ফুটবলের প্রতিনিধিত্ব করতে নামা মেয়েরা পারল না কোনও আশা দেখাতে। বোধনেই যেন বিসর্জনের সুর। প্রথম ম্যাচে ০-৮ গোলে আমেরিকার বিরুদ্ধে পরাজিত হল ভারত।

আমেরিকার বিরুদ্ধে ছন্নছাড়া ভারত:
ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের উদ্বোধনী দিন দ্বিতীয় ম্যাচে আমেরিকার বিরুদ্ধে নামার আগে জাতীয় সংগীতের সুরে তেতে ওঠে গোটা স্টেডিয়াম। মাঠের মধ্যে নীল জার্সিধারী তরুণ ভারতীয় মহিলারাও তখন তৈরি নিজেদের সেরা দিতে। ভিতরে ভিতরে যেন নিজেদের কাছেই প্রতিজ্ঞাবদ্ধ প্রতিটি খেলোয়াড়। কিন্তু ম্যাচ শুরুর বাঁশি বাজার ৮ মিনিটের মাথায় প্রথম গোল হজমের সঙ্গে যে ভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় ডিফেন্স তা স্বপ্নেও কল্পনা করা যায়নি। আমেরিকার প্রতিটা আক্রমণে লেখা ছিল গোলের এক একটা মুভ। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলে গেল শুধু আমেরিকাই। এক তরফা ম্যাচে একটি ক্ষেত্র ছাড়া কোনও কিছুই করতে পারল না থমাস ডেননার্বির মেয়েরা। ডিফেন্সের অসংখ্যা ফাঁক ফোকর এবং ডিফেন্স এবং মাঝমাঠের মধ্যে তালমিলের অভাব বারেবারে প্রকট হচ্ছিল এই ম্যাচে। তবে, কোনও একটি বিভাগ নয়, ভারতের ১১ জন ফুটবলারই এ দিন চূড়ান্ত ফল্প শো-এর উপহার দেয়।

আমেরিকার গোলের সাইক্লোন:
গোলের সাইক্লোন শব্দটিও ছোট ভারতের এই ব্যর্থতাকে ব্যাখ্যা করার ক্ষেত্রে। হয়তো সাইক্লোন দিয়েও সঠিক পরিস্থিতি বোঝানো সম্ভব নয়, এতটাই ছন্নছাড়া খেলেছে পুরো দলটা। প্রথমার্ধেই পাঁচ গোল হজম করে ভারত। ৮ মিনিটে মেলিনা রেবিম্বাসের গোলে ম্যাচে এগিয়ে যায় আমেরিকা। প্রথম কোয়ার্টারেই দুই গোলে এগিয়ে যায় আমেরিকা। ম্যাচের ১৪ মিনিটে জো বাইডেনের দেশের যুব মহিলা দলের হয়ে দ্বিতীয় গোল করেন টেলর সুয়ারেজ। ২২ মিনিটে তৃতীয় গোলটি করেন গামেরো। দশ মিনিটের মধ্যে আবারও গোল পায় আমেরিকা। ৩১ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে আমেরিকাকে ৪-০ গোলে এগিয়ে দেন রেবিম্বাস। প্রথমার্ধ শেষের বাঁশি বাজার আগে ৩৯ মিনিটে আমেরিকার পাঁচ নম্বর গোলটি করেন গিজেলা থম্পসন। আশা করা হয়েছিল প্রথমার্ধের ভুলভ্রান্তি শুধরে হয়তো কিছুটা সম্মান ফিরিয়ে আনার চেষ্টা করবে ভারত। কিন্তু সেই আশা আর মরিচিকা যে একই বিষয় তা কে জানতো। ৫১ মিনিটে এলা এমরির গোলে ৬-০ গোলের লিড নেয় আমেরিকা। ৫৮ মিনিটে টেলর সুয়ারেজ ৭-০ গোলে এগিয়ে দেয় আমেরিকাকে। ৬২ মিনিটে দ্বিতীয়ার্ধে খেলতে নামা মিয়া ভুটা বিশ্বমানে গোলে করে ভারতকে গোলের মালা পরানো সম্পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৮-০ গোলে সমাপ্ত হয় ম্যাচ। মিয়ার এই গোল চলতি টুর্নামেন্টের সেরা গোল হওয়ার দাবি রেখে দিল। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে জাল কাঁপিয়ে দেন তিনি।

উপস্থিত ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক:
বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামার আগে ভারতীয় দল এবং আমেরিকাকে শুভেচ্ছা জানান ওড়িশার ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। দুই দলের খেলোয়াড়দের সঙ্গে আলাপ পর্ব সারেন তিনি। তাঁর সঙ্গেই এ দিন ভারতীয় দলকে উৎসাহিত করতে মাঠে উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)-এর নব নির্বাচিত সভাপতি কল্যাণ চৌবে।

আতশ বাজির রোশনাইয়ের কলিঙ্গর আকাশে হাজার ওয়াটের আলো:
ভারতীয় দল মাঠে অকাল অমাবস্যা নিয়ে এলেও যুব মহিলা দলকে স্বাগত জানানোর জন্য পুরোপুরি ভাবে তৈরি ছিল ওড়িশা সরকার। আতশ বাজি ফাটিয়ে স্বাগত জানানো হয় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারতের স্বপ্নের সওদাগরদের। ক্রমাগত প্রায় দশ মিনিট একের পর এক আতশ বাজি কলিঙ্গর আকাশকে আলোকিত করতে থাকে। বাজির এই শো মুগ্ধ হয়ে প্রত্যক্ষ করছিল এই ম্যাচ দেখতে হাজির হওয়া প্রায় দশ হাজার মানুষ। তবে, শেষটা যদি এই রকমই উজ্জ্বল হতো, তা হলে বিধ্বস্ত মুখে মাঠ ছাড়তে হত না হাজার হাজার ফুটবলপ্রেমীদের।












Click it and Unblock the Notifications