মেসির টানে হানিমুনও পিছিয়ে! ফুটবলের রাজপুত্রকে এক ঝলক দেখতে কলকাতায় জনজোয়ার
ফুটবলের জাদুকর লিয়োনেল মেসির পায়ে পা মিলিয়ে শনিবার ভোর থেকেই কলকাতায় উন্মাদনার ঢেউ। বহু প্রতীক্ষিত জিওএটি ট্যুর ২০২৫ এর অংশ হিসেবে শহরে পা রাখতেই উৎসবের রং লেগে যায় কলকাতার রাস্তায়। আর্জেন্টিনার কিংবদন্তিকে এক ঝলক দেখার আশায় হাজার হাজার অনুরাগী ভিড় জমালেন হোটেলের সামনে থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত।
কলকাতার এক অভিজাত হোটেলে আপাতত রয়েছেন মেসি। সেখানে সকাল থেকেই ভক্তদের ভিড়, হাতে পোস্টার, গলায় জার্সি, চোখে স্বপ্ন। অন্যদিকে, সল্টলেক স্টেডিয়ামেও জমায়েত কম নয়। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন ভারতের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে ফুটবলের এই মহাতারকার।

এই উন্মাদনার মাঝেই ধরা পড়ল এক অনন্য ভালোবাসার গল্প। সদ্য বিবাহিত এক দম্পতি জানালেন, মেসিকে এক নজর দেখতে তাঁরা বাতিল করেছেন নিজেদের হানিমুনের পরিকল্পনা। বর করণ বললেন, "সবে বিয়ে করেছি, কিন্তু মেসি আসছেন শুনে হানিমুন পিছিয়ে দিয়েছি। ১০ থেকে ১২ বছর ধরে তাঁকে অনুসরণ করছি, আজকের দিনটা আমাদের কাছে বিশেষ।"
স্ত্রীর কণ্ঠেও একই আবেগ। তিনি জানালেন, "গত শুক্রবারই আমাদের বিয়ে হয়েছে। কিন্তু মেসি কলকাতায় আসছেন এটা জীবনের বড় মুহূর্ত। তাই হানিমুন বাতিল করতেও দ্বিধা হয়নি। ২০১০ সাল থেকে আমরা তাঁর খেলা দেখে আসছি।"
কলকাতার সীমানা ছাড়িয়ে এই উন্মাদনা ছুঁয়েছে প্রতিবেশী দেশও। নেপাল থেকে আসা আয়ুষ বললেন, "শৈশবের স্বপ্ন পূরণ হচ্ছে। ভাষায় অনুভূতি প্রকাশ করা কঠিন। জীবনে একবারই এমন সুযোগ আসে তাই কলকাতায় ছুটে এসেছি।"
উল্লেখ্য, ২০১১ সালের পর এই প্রথম ভারতে এলেন লিয়োনেল মেসি। সেই সময় কলকাতার সল্টলেক স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ভেনেজুয়েলাকে ১ - ০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। প্রায় দেড় দশক পর আবার মেসির আগমনে শহরজুড়ে ফের ফুটবল উৎসবের আবহ। কলকাতা যেন আরও একবার প্রমাণ করল এ শহর শুধু সংস্কৃতির নয়, ফুটবলেরও হৃদয়।












Click it and Unblock the Notifications