ইস্টবেঙ্গলের কোচের দায়িত্বে আসতে পারেন পর্তুগালের জাতীয় দলের প্রাক্তন ফুটবলার
ইস্টবেঙ্গলের কোচের দায়িত্বে আসতে পারেন পর্তুগালের জাতীয় দলের প্রাক্তন ফুটবলার
দল গঠনের কাজ ইস্টবেঙ্গল ক্লাব শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। একাধিক ফুটবলারের সঙ্গে প্রাক-চুক্তি সাক্ষর করেছে লাল-হলুদ। মুখ্যমন্ত্রীর সহয়তায় ক্লাবে এসেছে নতুন বিনিয়োগকারী সংস্থা। বিদেশি বাছাই বা দল তৈরি সবই চলছে পরিকল্পনা মাফিক।

এত কিছুর মধ্যেও আসন্ন মরসুমে ইস্টবেঙ্গলের কোচ কে হবেন, সেটাই বড় প্রশ্ন হয়ে ঘোরাফেরা করছে ময়দানে। অতিদ্রুত সেই উত্তরের আশা নেই। কারণ কলকাতা লিগের জন্য রঞ্জন ভট্টাচার্যকে কোচ করবে ইস্টবেঙ্গল ক্লাব তা এক প্রকার নিশ্চিত। ফলে আইএসএল-এর জন্য কোচ ঘোষণা ডুরান্ডের আগে হলেও সমস্যা কিছু নেই।
সূত্র মারফত খবর, মুম্বই সিটি এফসি'র প্রাক্তন কোচ জর্জ কোস্তা আসন্ন মরসুমে ইস্টবেঙ্গলের হট বসতে পারেন। রোনাল্ডোর দেশের এই কোচ নিজের ফুটবল কেরিয়ারের সিংহভাগ কাটিয়েছেন পোর্তোতে। পোর্তোর জার্সিতে ২৫১ ম্যাচে ১৬ গোল করেন তিনি। ১৯৯২ থেকে ২০০২-এর মধ্যে পর্তুগালের হয়ে খেলেছেন ৫০টি ম্যাচ এবং করেছেন ২টি গোল। পোর্তোর হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগা, চ্যাম্পিয়ন্স লিগ। ১৯৯১ সালে পর্তুগালের হয়ে জেতেন অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবল কেরিয়ারের মতোই কোস্তার কোচিং কেরিয়ার বর্ণময়। তিনি কোচিংর করিয়েছেন ব্রাগা, গ্যাবন-এর মতো দলে।
ম্যানেজার হিসেবে পর্তুগালের ক্লাব এস সি ওলহানেনসেকে দ্বিতীয় ডিভিশন লিগ চ্যাম্পিয়ন করে তুলে আনেন প্রথম ডিভিশনে। ক্লুজের হয়ে জেতেন রোমানিয়া লিগা ১। তবে, ভারতের তাঁর কোচিং পারফরম্যান্স ভাল নয়। ৪৩.৫৯ শতাংশ ম্যাচে জয় পেয়েছেন তিনি। মুম্বই সিটি এফসির হয়ে ৩৯ ম্যাচে ১৭টি ম্যাচ জিতেছেন এবং ১৪টি হেরেছেন। ড্র করেছেন ৮টি ম্যাচে।
অপর দিকে, দল বদলের বাজারে একের পর এক চমক দিয়ে চলেছে মহমেডান স্পোর্টিং। মার্কাস জোসেফ এবং আজহারউদ্দিন মল্লিককে আরও এক বছরের জন্য নিশ্চিত করার পর মহমেডান চুক্তি বাড়ালো রিপনের সঙ্গে। ইস্টবেঙ্গল ক্লাব কলকাতা লিগের জন্য প্রাক-চুক্তিতে সই করিয়েছে বাংলার সন্তোষ ট্রফি দলের স্ট্রাইকার শুভম ভৌমিককে।












Click it and Unblock the Notifications