Provat In East Bengal: রাতেই আসছেন কুয়াদ্রাত-ক্রেসপোরা! প্রভাত লাকরাকে নিল ইমামি ইস্টবেঙ্গল
Provat In East Bengal: ইমামি ইস্টবেঙ্গলে ২ বছরের চুক্তিতে সই করলেন ফুল-ব্যাক প্রভাত লাকরা। বাংলার ভূমিপুত্র প্রভাতের সঙ্গে জামশেদপুর এফসির চুক্তি শেষ হয়েছিল গত মে মাসে।
এদিকে, আজ রাতেই শহরে পা রাখছেন ইমামি ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লেস কুয়াদ্রাত, সহকারী কোচ দিমাস দেলগাডো, গোলকিপিং কোচ হাভিয়ের পিনিলস ও ফুটবলার সাউল ক্রেসপো।

ইউনাইটেড স্পোর্টস ক্লাবের ইউথ সিস্টেম থেকে উঠে আসা কল্যাণীর প্রভাত সিনিয়র পর্যায়ে ২০১৭ সালে সই করেন সাদার্ন সমিতিতে। ২০১৭-১৮ মরশুমে তিনি খেলেন গোকুলম কেরালা এফসির হয়ে। এরপর পাঁচ মরশুম তিনি আইএসএলে খেলেছেন নর্থইস্ট ইউনাইটেড এফসির হয়ে।
গত বছর জুলাইয়ে তিনি যোগ দেন জামশেদপুর এফসিতে। ফুল-ব্যাক প্রভাত ডান ও বাম- দুই দিকেই খেলতে পারদর্শী। গত মরশুমে কলিঙ্গ সুপার কাপে ৩টি ও আইএসএলে ১৫টি ম্যাচে মোট ১২৮৩ মিনিট মাঠে ছিলেন। জামশেদপুরকে কলিঙ্গ সুপার কাপের সেমিফাইনালে তুলতেও অবদান রাখেন।
২৬ বছরের প্রভাত ইতিমধ্যেই আইএসএলে ৫১টি ম্যাচ খেলে ফেলেছেন। তাঁর এই অভিজ্ঞতা এবং ইস্টবেঙ্গলের ঐতিহ্য সম্পর্কে অবহিত থাকার ইতিবাচক ফল হিসেবে রক্ষণভাগ শক্তিশালী হবে বলে আশা ইমামি গ্রুপের বিভাস বর্ধন আগরওয়ালের।
দলের হেড কোচ কার্লেস কুয়াদ্রাত বলেন, বাঙালি ফুটবলার লাকরার অভিজ্ঞতা বেড়েছে, অল্প সময়ের মধ্যেই তাঁর কেরিয়ার উন্নত হয়েছে। তাঁর লড়াকু মনোভাব এবং রক্ষণ আগলাতে তাঁর প্রত্যয় আমি লক্ষ্য করেছি, যখনই তাঁকে আমাদের প্রতিপক্ষ দলে পেয়েছি। আমার ভালো লেগেছে।
কুয়াদ্রাত জানান, লাকরার সঙ্গে তাঁর যখন কথা হয় তখন বড় ক্লাবে খেলার ইচ্ছাপ্রকাশ করেছিলেন এই তরুণ ডিফেন্ডার। পেশাদার কেরিয়ারের সেরা সময় তিনি ইমামি ইস্টবেঙ্গলের মতো প্রজেক্টে যুক্ত হয়ে সমৃদ্ধ হতে চান বলেও জানিয়েছিলেন। কুয়াদ্রাত নিশ্চিত, চ্যালেঞ্জিং মরশুমে প্রভাত দলকে নিজের সেরাটা দিয়ে সহযোগিতা করতে পারবেন।
প্রভাত বলেছেন, ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যশালী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়া, সেখানে খেলতে পারার সুযোগ পেয়ে গর্বিত। কোচের সঙ্গে কথা হয়েছে। তাঁর প্রশিক্ষণে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি। তিনি ফুটবলারদের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে সেরাটা বের করে নিয়ে আসেন। ডার্বি-সহ যখনই যে ম্যাচে সুযোগ পাব, লাল-হলুদ জার্সি পরে নিজের সেরাটা উজাড় করে দেব।












Click it and Unblock the Notifications