Lallianzuala Chhangte: ছাংতে থাকছেন মুম্বই সিটি এফসিতেই! মোহনবাগান সুপার জায়ান্টে আসার জল্পনায় ইতি
Lallianzuala Chhangte: লালিয়ানজুয়ালা ছাংতেকে ধরে রাখল মুম্বই সিটি এফসি। বেশ কয়েক দিন ধরেই ছাংতের দলবদলের সম্ভাবনা নিয়ে জোর চর্চা চলছিল।
এরই মধ্যে ব্যক্তিগত সফরে ছাংতের কলকাতায় আগমন জল্পনায় ইন্ধন দেয়। মুম্বই সিটি এফসি সরকারিভাবে জানিয়ে দিল ২০২৬-২৭ মরশুম অবধি ছাংতের সঙ্গে চুক্তি নবীকরণের কথা।

২০২২ সালে ছাংতে যোগ দেন মুম্বই সিটি এফসিতে। ভারতীয় দলের নির্ভরযোগ্য এই উইঙ্গারকে নিতে মোহনবাগান সুপার জায়ান্ট আগ্রহী ছিল। যদিও সূত্রের খবর, ছাংতে বিপুল অঙ্কের টাকা দাবি করাতেই দলবদলের বিষয়টিতে সমস্যা তৈরি হয়।
গত আইএসএল মরশুমে ছাংতে ১০টি গোল করার পাশাপাশি গোল করতে সতীর্থদের সহায়তা করেছিলেন ৬টি ক্ষেত্রে। গোলের ক্ষেত্রে তাঁর এই অবদান ছিল ২০২২-২৩ মরশুমেরই পুনরাবৃত্তি। পরপর দুটি আইএসএল মরশুমে অন্তত ১৫টি করে গোলের ক্ষেত্রে অবদান রাখেন প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে।
২০২২-২৩ মরশুমে মুম্বই সিটি এফসিকে লিগ উইনার্স শিল্ড জেতাতে বড় ভূমিকা নেনয গত মরশুমে তিনি সেমিফাইনালে গোল করেন, আইএসএল কাপ জিততেও ক্লাবকে সহায়তা করেন। ২০২২-২৩ মরশুমে ছাংতে সোনার বল পান, ২০২২-এর ডুরান্ড কাপে সোনার বুট জেতেন।
আইএসএলে টানা ৮ ম্যাচে গোল করেছেন, যে নজির কোনও ভারতীয় ফুটবলারের নেই। আইএসএলের প্রতিটি প্রতিপক্ষের বিরুদ্ধে গোলের অবদান রাখার নিরিখে ছাংতের নাম সুনীল ছেত্রীর পরেই। মিজো ফিশ নামে পরিচিত ২৭ বছরের ছাংতে ২০২২ সালে এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও নজর কেড়েছেন। প্রথম ভারতীয় ক্লাব হিসেবে এই টুর্নামেন্টে ম্যাচ জেতার পাশাপাশি গ্রুপের শীর্ষেও ছিল মুম্বই সিটি এফসি।
ছাংতের মতো সিনিয়র ফুটবলারের কাছ থেকে তরুণরা শেখার সুযোগ পাবেন, এই বিষয়টিকেই গুরুত্ব দিচ্ছে মুম্বই সিটি এফসি। ছাংতে দাবি করেছেন, মুম্বই সিটি এফসিতে চুক্তি নবীকরণ নিয়ে তাঁর কোনও দ্বিধা বা সংশয় ছিল না। ক্লাবকে পরিবারের মতোই মনে করেন তিনি। ভালো ফুটবল খেলে, ক্লাবকে ট্রফির পর ট্রফি এনে দিয়ে ভালোবাসার প্রতিদান দিতে বদ্ধপরিকর ছাংতে।
ছাংতে মুম্বই সিটি এফসিতে থেকে যাওয়ায় খুশি হেড কোচ পিটার ক্র্যাটকি। তিনি বলেন, ছাংতের দক্ষতা নিয়ে কিছু বলার নয়। আগামী দিনে তাঁর এবং ক্লাবের জন্য আরও গৌরবজনক অধ্যায় অপেক্ষা করছে। ছাংতে অসাধারণ ফুটবলার, তাঁকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা। আশা করি, প্রতি ম্যাচেই ছাংতে দর্শকদের আনন্দ দেবেন।












Click it and Unblock the Notifications