Football Transfer: মার্ক জোথানপুইয়াকে নিল ইমামি ইস্টবেঙ্গল, চুক্তি ৩ বছরের, দুই পজিশনেই পারদর্শী
Football Transfer: ইমামি ইস্টবেঙ্গলে যোগ দিলেন ভারতের অনূর্ঝ্ব ২৩ বিভাগের নির্ভরযোগ্য ফুটবলার মার্ক জোথানপুইয়া। হায়দরাবাদ এফসির হয়ে আইএসএল খেতাব জেতার অভিজ্ঞতা রয়েছে মার্কের।
মিজোরামে জন্ম মার্কের। তিনি মূলত মাঝমাঠে খেলে থাকেন। তবে রক্ষণ আগলাতেও সমান পারদর্শী। এই তরুণ তুর্কীকে নিয়ে আত্মবিশ্বাসী লাল হলুদ শিবির।

পুনে এফসির যুব দল থেকে জোথানপুইয়া হায়দরাবাদ এফসির রিজার্ভ এফসি দলে সুযোগ পান। ২০২০-২১ মরশুমে তিনি হায়দরাবাদ এফসির মূল দলে জায়গা করে নেন। ২২ বছরের এই ফুটবলার হায়দরাবাদ এফসির অন্যতম প্রধান ফুটবলার হয়ে উঠতে বেশি সময় নেননি।
২০২১-২২ মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল হায়দরাবাদ এফসি। সেই দলের সদস্য জোথানপুইয়া গত মরশুমে হায়দরাবাদ এফসির হয়ে ২৪টি ম্যাচে ১৯৭১ মিনিট মাঠে ছিলেন। আইএসএলে ১৮টি, কলিঙ্গ সুপার কাপ ও ডুরান্ড কাপের তিনটি করে ম্যাচ খেলেছেন।
মিডফিল্ডার হলেও লেফট ব্যাক হিসেবে কার্যকরী ভূমিকা পালনের জন্য তিনি ভারতের অনূর্ধ্ব ২৩ দলেও সুযোগ পান গত মার্চে মালয়েশিয়ার বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে। গত মরশুমে তিনি লেফট ব্যাক, লেফট উইং-ব্যাক, ডিফেন্সিভ মিডফিল্ডার, সেন্টার ব্যাক হিসেবে খেলেছেন। একটি অ্যাসিস্টও রয়েছে।
মার্কের কেরিয়ারের গ্রাফ ঊর্ধ্বমুখী করতে ইমামি ইস্টবেঙ্গল সর্বতোভাবে সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন ইমামি গ্রুপের বিভাস বর্ধন আগরওয়াল। হেড কোচ কার্লেস কুয়াদ্রাত বলেন, মার্কের প্রভূত গুণসম্পন্ন তরুণ ফুটবলার। তিনি বিভিন্ন জায়গায় খেলতে পারেন, এই বিষয়টি দলকে দারুণভাবে সাহায্য করবে।
মার্কের সঙ্গে চুক্তি তিন বছরের। অর্থাৎ ২০২৬-২৭ মরশুম পর্যন্ত। কুয়াদ্রাত বলেছেন, মার্কের আইএসএল খেলার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। কেরিয়ারের সঠিক সময়েই তিনি ইমামি ইস্টবেঙ্গলে যোগ দিলেন। ফুটবলার হিসেবে মার্ককে আরও উন্নত করতে, তাঁর বিকাশ ও সাফল্য সুনিশ্চিত করতে উপযোগী পরিবেশ প্রদানের আশ্বাস দেন কুয়াদ্রাত।
নতুন ক্লাবে যোগ দিয়ে উচ্ছ্বসিত মার্ক নিজেও। তিনি বলেন, প্রত্যেক ভারতীয় ফুটবলারেরই স্বপ্ন থাকে ইস্টবেঙ্গলের মতো বড় ক্লাবে খেলার। কলকাতা ভারতীয় ফুটবলের মক্কা। আমি ইস্টবেঙ্গল সমর্থকদের সমর্থন পেতে মুখিয়ে রয়েছি। কোচ কার্লেস ও ইমামি ইস্টবেঙ্গলের কর্তারা আমার উপর আস্থা রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ইতিমধ্যেই ডেভিড, দিমিত্রি দিয়ামান্তাকোস ও ক্লেটন সিলভার সঙ্গে চুক্তির কথা জানিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। ফলে লাল হলুদে গত মরশুমে তিনটি বড় টু্নামেন্টের সর্বাধিক গোলদাতারা রয়েছেন। এবার মার্কের আগমন বার্তা আশান্বিত ভক্তরা।












Click it and Unblock the Notifications