Cleiton Silva: ক্লেটন আরও এক বছর ইস্টবেঙ্গলে, লাল হলুদে তিন বড় টুর্নামেন্টের সর্বাধিক গোলদাতাদের উপস্থিতি
Cleiton Silva: ক্লেটন সিলভার সঙ্গে আরও এক বছরের চুক্তি সারল ইমামি ইস্টবেঙ্গল। গত মরশুমে ইস্টবেঙ্গলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। কলিঙ্গ সুপার কাপে সর্বাধিক গোলদাতাও হন।
ক্লেটনকে রেখে দেওয়ার সঙ্গে সঙ্গেই লাল হলুদ জার্সি পরে খেলা নিশ্চিত হলো দেশের তিন বড় টুর্নামেন্টের সর্বাধিক গোলদাতাদের। আগেই দিমিত্রিয়স দিয়ামান্তাকোস ও ডেভিডের সঙ্গে সইয়ের কথা ঘোষণা করে ইমামি ইস্টবেঙ্গল।

২০২২ সালে বেঙ্গালুরু এফসি ছেড়ে ইমামি ইস্টবেঙ্গল এফসিতে এসেছিলেন ক্লেটন। এই ক্লাবের হয়ে তিনি মোট ৪,৫৯৪ মিনিট খেলেছেন। ৫৫টি ম্যাচে গোল করেছেন ২৭টি, অ্যাসিস্ট ৮টি। ৮ বার জোড়া গোল করেছেন। ২০২২-২৩ মরশুমে আইএসএলে ১২টি গোল করে তিনি যুগ্ম সর্বাধিক গোলদাতা হন।
লাল হলুদে প্রথম মরশুমে তিনি ২৫টি ম্যাচে ১৪টি গোল করেন, অ্যাসিস্ট ৪টি। গত মরশুমে তিনি ধারাবাহিকতা অব্যাহত রেখে ১৩টি গোল করেন, অ্যাসিস্টের সংখ্যা ৪টি। ক্লেটন কলিঙ্গ সুপার কাপে সর্বাধিক গোলদাতা হয়েছিলেন। লাল হলুদে সই করা দিমিত্রিয়স আইএসএলে এবং ডেভিড ডুরান্ড কাপে গত মরশুমে সর্বাধিক গোলদাতার পুরস্কার পান।
ক্লেটন গত মরশুমেও লাল হলুদের হয়ে সর্বাধিক গোলদাতা ছিলেন। হেড কোচ কার্লেস কুয়াদ্রাতের কথায়, গত দুই মরশুম ধরে ক্লেটন আমাদের দলের সর্বাধিক গোলদাতা। দলকে নেতৃত্ব দিয়েছেন দৃষ্টান্ত স্থাপন করে। তাঁর গোলে আমরা অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ জিতেছি। সুপার কাপ ফাইনালে অতিরিক্ত সময়ে তাঁর গোল ভোলার নয়।
উল্লেখ্য, ক্লেটনের ওই গোলেই লাল হলুদের ১২ বছর ধরে চলা ট্রফির খরা কাটে। ক্লেটন আরও ১ বছর থাকায় খুশি কুয়াদ্রাত। ইমামি গ্রুপের বিভাস বর্ধন আগরওয়াল বলেন, ক্লেটন যেভাবে আমাদের দলকে নেতৃত্ব দিয়েছেন তা তরুণ ফুটবলারদের কাছে অনুপ্রেরণা জোগায়। গত দুই মরশুমে তিনি সর্বাধিক গোল করায় আমাদের আগামী মরশুমের পরিকল্পনায় ক্লেটন প্রথম থেকেই ছিলেন।
ভারতে খেলা বিদেশিদের মধ্যে অন্যতম সেরা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ক্লেটন। বেঙ্গালুরু এফসি ও ইস্টবেঙ্গলের হয়ে তিনি মোট ৪৬টি গোল করেছেন, অ্যাসিস্টের সংখ্যা ১৮। আইএসএলে ৩৬টি গোল করে তিনি টুর্নামেন্টের ইতিহাসে ষষ্ঠ সর্বাধিক গোলদাতা।
ক্লেটন নিজেও খুশি লাল হলুদ জার্সি গায়ে আরও এক বছর খেলার সুযোগ পেয়ে তাঁর কেরিয়ারের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে বেছে নিয়েছেন সুপার কাপ জয়কেই। দলের হয়ে ফের নিজের সেরাটা উজাড় করে দেওয়ার আশ্বাস দিয়ে সমর্থকদের আসন্ন মরশুমে দলের পাশে থাকার আহ্বান জানান ক্লেটন।












Click it and Unblock the Notifications