Alberto Rodriguez In MBSG: অ্যালবার্তো রদরিগেজকে নিল মোহনবাগান এসজি, স্প্যানিশ ডিফেন্ডার সম্পর্কে জানুন
Alberto Rodriguez In MBSG: দলবদলের বাজারে বড় চমক। অ্যালবার্তো রদরিগেজ যোগ দিলেন মোহনবাগান সুপার জায়ান্টে। স্প্যানিশ ডিফেন্ডারের সঙ্গে চুক্তি ২ বছরের।
ইন্দোনেশিয়ার চ্যাম্পিয়ন ক্লাব পার্সিব ব্যানডুং থেকে বাগানে আসছেন সুঠাম চেহারার দীর্ঘদেহী এই সেন্টার ব্যাক। নিশ্চিতভাবেই সবুজ মেরুনের রক্ষণভাগ তাঁকে পেয়ে জোরদার হলো।

মোহনবাগান সুপার জায়ান্টে কিছুদিন আগেই যোগ দিয়েছেন থমাস অলড্রেড। এরপর রদরিগেজ আসায় শক্তি বাড়ল বাগান রক্ষণের। জানা গিয়েছে, অ্যালবার্তোর সবচেয়ে বড় গুণ তিনি রক্ষণে প্রতিপক্ষের স্ট্রাইকারদের সামলানোর পাশাপাশি নির্ভুল পাস বাড়াতে পারদর্শী।
৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতা হওয়ায় বিপক্ষের বক্সে গিয়ে সেটপিসে গোলও করেছেন অনেকগুলি। এই সব গুণের জন্যই তিনি গত মরশুমে ইন্দোনেশিয়ার প্রধান লিগের সেরা একাদশে জায়গা পেয়েছেন। রদরিগেজকে পেয়ে উচ্ছ্বসিত হেড কোচ হোসে মোলিনা।
Time to send that ‘Hi’ to your crush! 🫡
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) July 5, 2024
Welcome Alberto Rodríguez 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #WelcomeAlberto pic.twitter.com/xlQTTQJPYu
মোলিনা মোহনবাগান সুপার জায়ান্টের মিডিয়া টিমকে বলেন, অ্যালবার্তো একজন সেন্টার ব্যাক যিনি নিজের শক্তি ও আগ্রাসী মনোভাব নিয়ে রক্ষণ সামাল দিতে পারেন। ডিফেন্স আগলানোর পাশাপাশি আক্রমণ তুলে আনার ক্ষেত্রেও তাঁর দক্ষতা আছে। দুই পা-ই সমান চলে। ইন্দোনেশিয়ার টপ লিগে ক্লাবকে সেরা করার পিছনেও তাঁর অবদান ছিল। রদরিগেজ মোহনবাগান সুপার জায়ান্টের প্রস্তাবে শুরুতেই সাড়া দিয়েছেন এবং সেরা ক্লাবেই খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
রদরিগেজের কথায়, বেশ কয়েক বছর ধরেই ইন্ডিয়ান সুপার লিগের দিকে নজর রাখছিলাম। গত মরশুমে মোহনবাগান সুপার জায়ান্ট যে আইএসএলে একাধিপত্য দেখিয়ে খেলেছে সেটাও দেখেছি। মোহনবাগানে সই করার আরেকটি কারণ আবেগপ্রবণ সদস্য-সমর্থকরা। মাঠ ভর্তি দর্শকদের সামনে খেললে আমার সেরা খেলাটা সব সময় বেরিয়ে আসে। ভারতে মোহনবাগানের বিকল্প নেই। আবেগে ও সমর্থনের নিরিখে সবুজ-মেরুনই সেরা।
মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে ট্রফি জেতাকেই পাখির চোখ করছেন রদরিগেজ। নিজের সেরাটা দিয়েই তা সুনিশ্চিত করতে চান। ২০১১ থেকে ২০১৬ অবধি খেলেছেন আরুকাসের হয়ে। ২০১৬ থেকে ২০১৭ অবধি ছিলেন ভিয়ারুবিয়ায়। ২০১৭ থেকে ২০২১ অবধি তামারাসেইতের হয়ে ১০০টি ম্যাচ খেলেন। ৯টি গোল রয়েছে। ২০২১ থেকে ২০২৩ অবধি ছিলেন লুগোয়। তাদের হয়ে ৫১ ম্যাচে ৪টি গোল করেছেন। ২০২৩ থেকে চলতি বছর অবধি বছর ৩১-এর এই স্প্যানিশ ডিফেন্ডারের চুক্তি ছিল পার্সিব ব্যানডুংয়ে।
মোহনবাগান সুপার জায়ান্ট এবার শক্তিশালী দলই গড়ছে। অলড্রেড ছাড়া আপুইয়াকে নেওয়ার কথাও আগেই ঘোষণা করা হয়েছে ক্লাবের তরফে।












Click it and Unblock the Notifications