বার্সাকে বিদায় ইনিয়েস্তার, আবেগতাড়িত ফুটবল মহল
ফুটবলের প্রতি ইনিয়েস্তার অবদানের কথা মাথায় রেখে তাঁর প্রতি নিজেদের শ্রদ্ধা উজাড় করে দিল ফুটবল মহল। তাঁর কোচ থেকে সতীর্থ, প্রতিপক্ষ ফুটবলার, প্রতিপক্ষ ক্লাব সবাই সম্মান জানালেন কিংবদন্তিকে।
বার্সেলোনা এবং আন্দ্রে ইনিয়েস্তা, একে অন্যের পরিপূরক হয়ে গিয়েছিলেন গত ২২ বছরে। লিওনেল মেসিকে ছাড়া যেমন বার্সেলোনা ভাবা যায় না, তেমনই আন্দ্রে ইনিয়েস্তাকে ছাড়া বার্সোলোনা ভাবার কথা এত দিন পর্যন্ত কল্পনা করতে পারেননি কোনও বার্সা সমর্থকই।

কিন্তু শুক্রবার বিশ্বজোড়া বার্সা সমর্থকের হৃদয় ভেঙে ইনিয়েস্তা জানিয়ে দেন এই মরসুম শেষেই বার্সাকে বিদায় জানাতে চলেছেন তিনি। কোপা দেল রে চ্যাম্পিয়ন হওয়ার রাতেই ইনিয়েস্তা ইঙ্গিত দিয়ে রেখে ছিলেন বার্সেলোনা ছাড়ার। কিন্তু এত তাড়াতাড়ি এই সিদ্ধান্ত ঘোষণা করে দেওয়ায় শোকের ছায়া বার্সা সমর্থকদের মধ্যে।
ইনিয়েস্তার বার্সা ছাড়ার ঘোষণায় শুধু সমর্থকরাই হতাশ হননি, ফুটবলের সঙ্গে এবং ইনিয়েস্তার সঙ্গে বিভিন্ন সময় জড়িয়ে থাকা ফুটবল ব্যক্তিত্বরাও আবেগতাড়িত।
বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডার বার্সেলোনা ছাড়ার কথা ঘোষণা করার পর পর প্রাক্তন বার্সা কোচ পেপ গুয়ার্দিওয়ালা বলেন, 'বার্সেলোনার ইতিহাসের অন্যতম অংশ ইনিয়েস্তা। শেষ ১৫-২০ বছর ওকে ছাড়া এত সাফল্য পাওয়া সম্ভব হত না বার্সেলোনার।'
তাঁর আরও সংযোগজন, 'আমি ইনিয়েস্তাকে ধন্যবাদ জানাতে চাই। ওর সাহায্যেই এই খেলাটাকে আমি আরও ভাল ভাবে বুঝতে শিখি। ওর থেকে বহু বিষয়ে শিখেছি।'
প্রাক্তন বার্সা ফুটবলার এবং জাতীয় দলে ইনিয়েস্তার সতীর্থ পেদ্রো টুইটে লেখেন, 'তোমায় অসংখ্য ধন্যবাদ। তোমার পাশে খেলতে পারাটা অনেক বড় সম্মানের। শুভেচ্ছা রইল তোমার জন্য।'
জাতীয় দলে ইনিয়েস্তার সঙ্গী এবং অ্যাটলোটিকো মাদ্রিদের স্ট্রাইকার ফার্নান্দো তোরেস নিজেদের কাটানো সময়গুলিকে মনে করিয়ে দিয়ে বলেন 'কতই না সোনার মুহূর্ত আমরা এক সঙ্গে কাটিয়েছি। তোমার সঙ্গে খেলার অনুভূতি সত্যি অসাধারণ।'
প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকা ইকের ক্যাসিয়াস বলেন, 'স্পেনের হয়ে খেলে, সামনে থেকে তোমার ফুটবল দেখার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। এক সঙ্গে সব থেকে সুন্দর জিনিস আমরা জিতেছি, এবং প্রতিপক্ষ হিসবে একে অন্যের প্রতি চরম সম্মান দেখিয়ে রেষারেষিও করেছি। আগামী দিনে তোমার জন্য শুভেচ্ছা রইল।'
ইনিয়েস্তার বিদায়ে হতাশ বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমিউ বলেন, 'তোমার প্রতি বার্সা সমর্থকরা এবং গোটা ফুটবল বিশ্ব কৃতজ্ঞ। আজ বিদায় জানানোর সময় নয়। তোমায় বলতে চাই খুশ শীঘ্রই দেখা হচ্ছে।'
শুধু সতীর্থ, কোচ বা ক্লাব অধিকর্তারাই নন, ইনিয়েস্তাকে ধন্যবাদ জানিয়েছেন লা লিগায় বার্সেলোনার প্রতিপক্ষেরাও।
যে সেভিয়াকে হারিয়ে কোপা দেল রে ঘরে তুলেছে বার্সেলোনা, সেই সেভিয়াই টুইট করে বলে, 'আমরা স্প্যানিশ ফুটবলের কিংবদন্তিকে অভিনন্দন জানাতে চাই। সর্বদাই তুমি আমাদের কাছে সম্মানীয়। তোমার পরবর্তি অ্যাডভেঞ্চারের জন্য শুভেচ্ছা রইল।'
ভেলেন্সিয়ার পক্ষ থেকে বলা হয়, 'তোমার ফুটবলের জন্য ধন্যবাদ। ভবিষ্যতের জন্য শুভ কামনা রইল।'












Click it and Unblock the Notifications