Euro Cup 2024: ইউরো সেমিফাইনাল জমজমাট, দুরন্ত প্রত্যাবর্তন স্পেনের, ফ্রান্স ম্যাচে পেলের রেকর্ড ভাঙলেন ইয়ামাল
Euro Cup 2024: ইউরো কাপের সেমিফাইনালে ফ্রান্স বনাম স্পেন দ্বৈরথ জমজমাট। প্রথমে পিছিয়ে পড়েও চার মিনিটের ব্যবধানে দুই গোল করে বিরতিতে ২-১ ব্যবধানে এগিয়ে স্পেন।
এই ম্যাচে পেলের রেকর্ড ভেঙে দিলেন লামিনে ইয়ামাল (Lamine Yamal)। মেজর টুর্নামেন্টের সেমিফাইনালে সর্বকনিষ্ঠ হিসেবে গোল করে।
ম্যাচের মিনিট পাঁচেকের মধ্যেই এগিয়ে যেতে পারতো স্পেন। ইয়ামালের ক্রসে মাথা ছোঁয়ালেও বল তিনকাঠিতে রাখতে পারেননি ফ্যাবিয়ান রুইজ। ৯ মিনিটে এমবাপের ক্রসে হেড দিয়ে সুযোগসন্ধানী রঁদাল কোলো মুয়ানির গোলে এগিয়ে যায় ফ্রান্স।
এরপর ২১ মিনিটের মাথায় লামিনে ইয়ামালের অনবদ্য গোল। এই গোলটিতেই তিনি ভেঙে দিলেন পেলের বিশ্বরেকর্ড। ইউরো কিংবা বিশ্বকাপের মতো মেজর টুর্নামেন্টে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করলেন ১৬ বছর ৩৬২ দিনের ইয়ামাল।
১৯৫৮ সালের বিশ্বকাপে ওয়েলসের বিরুদ্ধে পেলে গোল করেছিলেন ১৭ বছর ২৩৯ দিনের মাথায়। এদিন সেই নজির টপকে গেলেন ইয়ামাল। ২০০০ সালের পর এই প্রথম ইউরো কাপে দূরপাল্লার কোনও শট থেকে গোল পেল স্পেন। সেবার গোল করেছিলেন রাউল।
১৯৫৮ সালের বিশ্বকাপে সেমিফাইনালে পেলে খেলেছিলেন ১৭ বছর ২৪৪ দিনের মাথায়। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে এদিন মেজর টুর্নামেন্টের সেমিফাইনালে নেমে পেলের সেই রেকর্ডটিও ভাঙলেন ইয়ামাল। চলতি ইউরো কাপে তিনটি অ্যাসিস্টে নজর কেড়েছিলেন। এদিন দুরন্ত গোল করে তিনি স্পেনকে সমতা ফেরাতে সাহায্য করেন।
ইয়ামাল চলতি ইউরো কাপেই টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসেবে খেলতে নেমে নজির গড়েছেন। ক্রোয়েশিয়া ম্যাচে তিনি গত ১৫ জুন খেলেন, সেদিন তাঁর বয়স ছিল ১৬ বছর ৩৩৮ দিন। অন্যদিকে, এদিনের সেমিফাইনালেই হেসুস নাভাস মেজর টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সের ফুটবলার হিসেবে সেমিফাইনাল খেলছেন। কারভাহালের স্থলাভিষিক্ত হয়েছেন ৩৮ বছর ২৩১ দিনের মাথায়।
আক্রমণ, প্রতি আক্রমণে জমজমাট দ্বৈরথ চলছে ইউরো কাপের প্রথম সেমিফাইনালে। ফ্রান্সকেই বেশি চাপে রেখেছে স্পেন। তবে ফ্রান্সের ভক্তরা গত বিশ্বকাপের ফাইনালের মতোই ফ্রান্সের কামব্যাকের প্রহর গুনছেন। ২৫ মিনিটে স্পেন এগিয়ে যায় দানি ওলমোর গোলে। তাঁর শট বিপন্মুক্ত করতে গিয়েছিলেন জুল কুন্ডে। কিন্তু ব্যর্থ হন। কুন্ডের পায়ে বল লাগলেও গোলটি দেওয়া হয়েছে ওলমোর নামেই।
চলতি ইউরো কাপে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে স্পেন। গ্রুপ পর্যায়ে ক্রোয়েশিয়াকে ৩-০, ইতালিকে ১-০ ও আলবেনিয়াকে ১-০ গোলে হারিয়েছিল স্পেন। রাউন্ড অব সিক্সটিনে জর্জিয়াকে ৪-১ গোলে হারানোর পর কোয়ার্টার ফাইনালে জার্মানিকে হারায় ২-১ গোলে।













Click it and Unblock the Notifications