Euro Cup 2024: ইউরো কাপ শেষ হতেই দীর্ঘায়িত হচ্ছে অবসরের তালিকা, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় সুইস তারকার
Euro Cup 2024: ইউরো কাপ ও কোপা আমেরিকার পরিসমাপ্তি ঘটতেই অবসরের সিদ্ধান্ত নিচ্ছেন একের পর এক তারকা। হেসুস নাভাস থেকে আনহেল দি মারিয়া, কিংবা টমাস মুলার থেকে জেরদান শাকিরি।
আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ালেন সুইৎজারল্যান্ডের বছর বত্রিশের আক্রমণভাগের ফুটবলার জেরদান শাকিরি (Xherdan Shaqiri)। এবারের ইউরো কাপে তিনি দুটি ম্যাচ খেলেছেন।
সুইসদের হয়ে ১৪ বছরের বর্ণময় কেরিয়ারে শাকিরি ১২৫টি ম্যাচ খেলেছেন। এবারের ইউরো কাপে তিনি ২ ম্যাচে তিনি মোট ৭১ মিনিট মাঠে ছিলেন। গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়েছিল মুরাত ইয়াকিনের দল। সেই ম্যাচের পাশাপাশি কোয়ার্টার ফাইনালে খেলেন ইংল্যান্ডের বিরুদ্ধে।
ইংল্যান্ডের কাছে হেরে শেষ আট থেকেই বিদায় নেয় সুইৎজারল্যান্ড। লিভারপুলের প্রাক্তন ফরওয়ার্ড শাকিরি এখন খেলেন মেজর লিগ সকারে শিকাগো ফায়ারের হয়ে। দেশের হয়ে তিনি ৩২টি গোল করেছেন। তার মধ্যে দশটি গোল এসেছে হয় বিশ্বকাপে, নয়তো ইউরো কাপে।
২০১৪ সালে বিশ্বকাপই ছিল তাঁর কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট। বিশ্বকাপের ইতিহাসে ৫০তম হ্যাটট্রিকটি করেছিলেন শাকিরি, হন্ডুরাসের বিরুদ্ধে। ১৯৫৪ সালের বিশ্বকাপে জোসেফ হুগি প্রথম সুইস ফুটবলার হিসেবে হ্যাটট্রিক পেয়েছিলেন। তাঁর কীর্তিই স্পর্শ করেন শাকিরি।
২০১৬ সালের ইউরো কাপে পোল্যান্ডের বিরুদ্ধে বক্সের বাইরে থেকে বাইসাইকেল কিকে করা গোলটি গেঁথে রয়েছে ফুটবলপ্রেমীদের হৃদয়ে। সেই ম্যাচটিতে অবশ্য পেনাল্টি শ্যুটআউটে হেরে গিয়েছিল সুইৎজারল্যান্ড। ইউরো কাপ শেষ হতেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর কথা ঘোষণা করেন শাকিরি।
তিনি লিখেছেন, দেশের হয়ে সাতটি টুর্নামেন্টে অনেক গোল, জাতীয় দলের হয়ে ১৪ বছরে অবিস্মরণীয় নানা মুহূর্তের সাক্ষী। তবে এবার সময় হয়েছে জাতীয় দলকে বিদায় জানানোর।













Click it and Unblock the Notifications