Euro Cup 2024: আমরাই সেরা! জার্মানির বিরুদ্ধে ইউরো কোয়ার্টার ফাইনালের আগে হুঙ্কার দিলেন স্পেনের কোচ
Euro Cup 2024: ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে জার্মানির বিরুদ্ধে খেলতে নামবে স্পেন। তার আগে হুঙ্কার ছা়ড়লেন স্পেনের হেড কোচ লুইস দে লা ফুয়েন্তে।
প্রি কোয়ার্টার ফাইনালে জর্জিয়াকে চূর্ণ করেছে স্প্যানিশ আর্মাডা। তাও আবার এক গোলে পিছিয়ে পড়ে। স্পেন শেষ অবধি জয় ছিনিয়ে নিয়েছে ৪-১ গোলে।
স্পেন শিবিরে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস বেড়েছে প্রি কোয়ার্টারে জয়ের পর। গতবারের চ্যাম্পিয়ন ইতালি বিদায় নিয়েছে। এবার ছিটকে যাবে স্পেন ও জার্মানির মধ্যে কোনও একটি দেশ। যদিও আয়োজকদের বিরুদ্ধে দ্বৈরথের আগে বড় দাবি করে বসলেন স্পেনের কোচ।
জর্জিয়ার বিরুদ্ধে গতকাল ১৮ মিনিটে রবিন ল্য নরমঁদের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে স্পেন। ৩৯ মিনিটে রদ্রির গোলে সমতা ফেরায় তারা। দ্বিতীয়ার্ধে হয়েছে তিনটি গোল। ৫১ মিনিটে ফাবিয়ান রুইজ পেনা, ৭৫ মিনিটে নিকো উইলিয়ামস ও ৮৩ মিনিটে দানি ওলমো গোল করেন।
লা রোখা বাহিনীর হেড কোচের কথায়, আমাদের প্রভূত আত্মবিশ্বাস রয়েছে। আমাদের দলে প্রতিভার অভাব নেই। কোয়ালিটি ফুটবলারদের দায়বদ্ধতাও রয়েছে। নিজেদের সক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল থাকাটা গুরুত্বপূর্ণ। কাউকে অসন্তুষ্ট না করেই বলছি, এই টুর্নামেন্টে এখনও অবধি আমরাই সেরা।
কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষকে সমীহ করে ফুয়েন্তে বলেন, জার্মানিও অসাধারণ দল। তাদের দলেও বিশ্বের অনেক সেরা ফুটবলার রয়েছেন। খুব সঙ্ঘবদ্ধ ও শৃঙ্খলাপরায়ণ দেখাচ্ছে জার্মানি দলকে। তাদের মতোই দলের বিরুদ্ধেই আগামী ম্যাচ খেলতে হবে জার্মানিকে।
স্পেন দলের সকলেই সাফল্য পেতে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করে স্প্যানিশ কোচ বলেন, আমরাও খুব ভালোভাবে সঙ্ঘবদ্ধ রয়েছি। আমাদের হারানোটা কঠিন। উচ্চাকাঙ্ক্ষাকে সম্বল করে গোটা দলই সাফল্য ছিনিয়ে নিতে ক্ষুধার্ত। এই কথাকে সাধারণ মনে হতেই পারে। কিন্তু এই ছোট ছোট বিষয়গুলিই ম্যাচের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।
উল্লেখ্য, চলতি ইউরো কাপে সবচেয়ে বেশি ১০টি গোল এখনও অবধি করেছে জার্মানিই। স্পেন করেছে ৯টি। স্পেন একটিই গোল হজম করেছে এখনও পর্যন্ত, সেটিও জর্জিয়া ম্যাচে আত্মঘাতী গোল।













Click it and Unblock the Notifications