Euro Cup 2024: ইউরো শুরুর আগে ছন্দে রোনাল্ডো! তবু পর্তুগালের প্রথম একাদশে কেন অনিশ্চিত?
Euro Cup 2024: ইউরো কাপ শুরুর আগে দুরন্ত ছন্দে পর্তুগাল। ২০১৬ সালে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবারও পর্তুগাল দলে খেতাব জয়ের সব উপকরণ মজুত রয়েছে বলে জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
প্রথম ফুটবলার হিসেবে ইউরোর ৬টি সংস্করণে মাঠে নামবেন সিআর সেভেন। তার আগে তিনি রয়েছেন গোলের মধ্যেই। যা পর্তুগাল শিবিরে বড় স্বস্তি।
ইউরো কাপের এবারের যোগ্যতা অর্জন পর্বে রোনাল্ডো ১০টি গোল করেছিলেন। একমাত্র বেলজিয়ামের রোমেলু লুকাকুই সবচেয়ে বেশি ১৪টি গোল করেছেন। রবার্তো মার্তিনেজের প্রথম একাদশে রোনাল্ডোকে রাখা হবে কিনা তা নিয়ে সংশয় থাকলেও এখনও তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন তা বুঝিয়ে দিচ্ছেন নানাভাবে।
রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলল পর্তুগাল। ইউরো কাপের আগে এই ম্য়াচটি তারা জিতল ৩-০ গোলে। যার মধ্যে ২টি গোলই রোনাল্ডোর। এই নিয়ে আন্তর্জাতিক ফুটবল ম্য়াচে তাঁর জোড়া গোল করার সংখ্যা বেড়ে হলো ৩৪।
আগামী বিশ্বকাপে রোনাল্ডোর খেলার সম্ভাবনা কম। মনে করা হচ্ছে, ইউরো কাপই তাঁর শেষ মেজর টুর্নামেন্ট হতে চলেছে। রোনাল্ডো এক সাক্ষাৎকারে বললেন, জাতীয় দলের খেলা আমার কাছে আবেগ, ভালোবাসা। প্রতিটি ম্যাচই স্পেশ্যাল। ইউরোও স্পেশ্যাল। ৬ বার এই প্রতিযোগিতা খেলব, যা রেকর্ড হতে চলেছে।
A despedida perfeita para o #Euro2024. #PartilhaAPaixão pic.twitter.com/FwcM45LnWU
— Portugal (@selecaoportugal) June 11, 2024
উল্লেখ্য, ২০০৪ সালে অভিষেক হয় রোনাল্ডোর। সেবার ফাইনালে উঠেও খেতাব জিততে পারেনি পর্তুগাল। ২০১৬ সালে একবারই পর্তুগাল ইউরো জেতে। রোনাল্ডোর কথায়, ২০০৪ সালে প্রথমবার খেলা কিংবা এবার আমার কাছে অনুভূতি একই। আবেগ ও গর্ব অনুভব করি। পজিটিভ থেকেই খেতাব জয়ের দিকে এগোতে হবে ধাপে ধাপে।
২০০৪ সালে অভিষেক থেকে ২১টি ক্যালেন্ডার ইয়ারের প্রতিটিতে দেশের হয়ে গোল করার নজির রয়েছে রোনাল্ডোর। ২৭০টি ম্যাচে তাঁর গোলের সংখ্যা ১৩০। আয়ারল্যান্ডের ম্য়াচে তিনি যে দুটি গোল করেছেন তার প্রথমটি বাঁ পায়ে। সেটিকেই সেরা হিসেবে বেছে নিয়েছেন সিআর সেভেন।
গত সপ্তাহে ক্রোয়েশিয়ার কাছে ১-২ গোলে হেরেছিল পর্তুগাল। সেই ম্যাচে খেলেননি রোনাল্ডো। আয়ারল্যান্ডের বিরুদ্ধে গোল পেলেও ইউরো কাপের গ্রুপ এফে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে প্রথম ম্যাচে তাঁর পরিবর্ত হিসেবে নামারই সম্ভাবনা বেশি। যদিও দেশের স্বার্থে হেড কোচ মার্তিনেজের সব সিদ্ধান্তকেই সমর্থন করছেন রোনাল্ডো।
জয় দিয়েই অভিযান শুরু করতে বদ্ধপরিকর পর্তুগাল। রোনাল্ডোর কথায়, আমি জানতাম ক্রোয়েশিয়া ম্যাচে আমাকে বিশ্রাম দেওয়া হবে। ৬ তারিখ অনুশীলন শুরুর পর আয়ারল্যান্ড ম্যাচ খেললাম। আমি নিজেকে প্রস্তুত রাখছি পুরোপুরি। আমি ১০০ শতাংশ পেশাদার। এটাই জীবন। আমি সব সময় ১০০ শতাংশই দিতে চাই, ৮০ বা ৯০ শতাংশ নয়।
রোনাল্ডো আরও বলেন, খেলি বা না খেলি, আমি সমস্ত সিদ্ধান্তকে সম্মান জানিয়ে থাকি। দেশকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকি সর্বদা। সতীর্থদের নিয়েও আত্মবিশ্বাসী রোনাল্ডো। তিনি ছাড়াও আয়ারল্যান্ড ম্যাচে গোল পেয়েছেন জোয়াও ফেলিক্স। দেশের হয়ে শেষ পাঁচটি ম্যাচে এটিই তাঁর প্রথম গোল। উল্লেখ্য, চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ম্যাচ খেলার পর ইউরোর গ্রুপ পর্বে তুরস্ক ও জর্জিয়ার মুখোমুখি হবে পর্তুগাল।













Click it and Unblock the Notifications