Euro Cup 2024: ইউরো কাপের সেরা একাদশ প্রকাশ উয়েফার, স্পেনেরই আধিপত্য! কোন দেশের কারা রয়েছেন দলে?
Euro Cup 2024: ইউরো কাপের শেষে টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করল উয়েফা। বার্লিনের ফাইনালে ইংল্য়ান্ডকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড চতুর্থবার খেতাব জিতেছে স্পেন।
টুর্নামেন্টের সেরা একাদশেও দাপট স্পেনেরই। এ ছাড়া আরও চারটি দেশের ফুটবলার নাম তুলেছেন এলিট লিস্টে।
রদ্রি, ইয়ামাল-সহ স্পেনের ৬ ফুটবলারের নাম রয়েছে সেরা একাদশে। লুইস দে লা ফুয়েন্তের দল এবারের ইউরো কাপ জিতেছে টানা সাতটি ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে। যা আগে হয়নি। একইসঙ্গে গোটা টুর্নামেন্টে ১৫টি গোল করেছে, যা সর্বকালীন রেকর্ড।
রদ্রি টু্নামেন্টের সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছিলেন। স্বাভাবিকভাবেই তাঁর নাম রয়েছে উয়েফা ঘোষিত সেরা একাদশে। ইয়ামাল টুর্নামেন্টের সেরা তরুণ ফুটবলারের পুরস্কার পান। গোল্ডেন বুট যে ৬ জনের মধ্যে ভাগ হয়েছে তাঁদের অন্যতম স্পেনের দানি ওলমো। তিনিও রয়েছেন সেরা একাদশে।
ফাইনালে গোল করা নিকো উইলিয়ামসের সঙ্গে স্পেনের আর যে ২ ফুটবলার উয়েফার সেরা একাদশে জায়গা পেলেন তাঁরা হলেন মার্ক কুকুরেল্লা ও ফাবিয়ান রুইজ। ফ্রান্স ছিটকে গিয়েছিল সেমিফাইনাল থেকে। ফ্রান্সের গোলরক্ষক মাইক মাইগানের সঙ্গে সেরা একাদশে সুযোগ পেলেন উইলিয়াম সালিবা।
ইউরো কাপে পরপর দু-বার ফাইনালে উঠে হেরে গিয়েছে ইংল্যান্ড। উয়েফা ঘোষিত টুর্নামেন্টের সেরা এগারোর দলে ঠাঁই হয়েছে ইংল্যান্ডের ডিফেন্ডার কাইল ওয়াকারের। সুইৎজারল্যান্ডের ম্যানুয়েল আকাঞ্জি ও জার্মানির ফরওয়ার্ড জামাল মুসিয়ালার নাম রয়েছে এই তালিকায়।
উয়েফার টেকনিক্যাল অবজারভাররা এই একাদশ বেছে নিয়েছেন বলে জানানো হয়েছে। তাতে উল্লেখযোগ্যভাবে নেই কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহ্যামের নাম।













Click it and Unblock the Notifications