Euro Cup 2024: ইউরোর কোয়ার্টার ফাইনালে রোনাল্ডো-এমবাপে দ্বৈরথ, কোন দল খেলবে কার বিরুদ্ধে?
Euro Cup 2024: ইউরো কাপের শেষ দুটি প্রি কোয়ার্টার ফাইনাল আজ রাতে। রোমানিয়া খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। ভারতীয় সময় রাত সাড়ে ৯টা থেকে।
এরপর রাত সাড়ে ১২টা থেকে অস্ট্রিয়া খেলবে তুরস্ক। এই দুটি দলের জয়ী দল খেলবে চতুর্থ কোয়ার্টার ফাইনাল।

ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে তিনটি কোয়ার্টার ফাইনালে কোন দল কার বিরুদ্ধে খেলবে। প্রথম কোয়ার্টার ফাইনালে স্পেন খেলবে জার্মানির বিরুদ্ধে। এই ম্যাচটি শুক্রবার ভারতীয় সময় রাত সাড়ে ৯টা থেকে। জার্মানি ২-০ গোলে ডেনমার্ককে এবং স্পেন ৪-১ গোলে জর্জিয়াকে হারিয়েছিল রাউন্ড অব সিক্সটিনে।
দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে শুক্রবার রাত সাড়ে ১২টা থেকে মুখোমুখি হবে পর্তুগাল ও ফ্রান্স। পর্তুগাল টাইব্রেকারে ৩-০ গোলে স্লোভেনিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে। অন্যদিকে, ফ্রান্স বেলজিয়ামের আত্মঘাতী গোলের সৌজন্যে উঠেছে শেষ আটে।
তৃতীয় কোয়ার্টার ফাইনালে ভারতীয় সময় রাত সাড়ে ৯টা থেকে মুখোমুখি হবে ইংল্যান্ড ও সুইৎজারল্যান্ড। সুইসরা কোয়ার্টার ফাইনালে উঠেছে গতবারের চ্যাম্পিয়ন ইতালিকে ২-০ গোলে পরাস্ত করে। ইংল্যান্ড ২-১ গোলে স্লোভাকিয়াকে হারিয়ে শেষ আটে জায়গা পাকা করেছে।
শনিবার ইংল্যান্ড-সুইৎজারল্যান্ড ম্যাচের পরই রয়েছে চতুর্থ কোয়ার্টার ফাইনাল। ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে। রোমানিয়া-নেদারল্যান্ডস ও অস্ট্রিয়া-তুরস্ক ম্যাচের জয়ী দল এই ম্যাচে পরস্পরের বিরুদ্ধে খেলতে নামবে সেমিফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে।
ইউরো কাপের সেমিফাইনাল রয়েছে আগামী সপ্তাহের মঙ্গল ও বুধবার ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে। প্রথম সেমিফাইনাল ৯ জুলাই, দ্বিতীয়টি হবে ১০ জুলাই। ফাইনাল ১৪ জুলাই ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে।












Click it and Unblock the Notifications