Euro Cup 2024: মেসি আশীর্বাদ পেয়েছেন ইয়ামালের! ভাইরাল ছবি ঘিরে বিস্ফোরক দাবি স্প্যানিশ কিশোরের বাবার
এবারের ইউরো কাপে অন্যকম সেরা আবিষ্কার স্পেনের লামিনে ইয়ামাল। বয়স ১৮ বছরও হয়নি। এরইমধ্যে ইউরোর মঞ্চের সব আলোা কেড়ে নিচ্ছেন স্প্যানিশ কিশোর। ১৬ বছর বয়সেই স্প্যানিশ উইঙ্গার ইউরোয় ফুল ফোটাচ্ছেন। এরইমধ্যে একটি ছবি ভাইরাল হয়। ছবিতে দেখা যায়, প্লাস্টিকের একটি বড় গামলার মধ্যে ছয় মাস বয়সী শিশু ইয়ামাল। লিওনেল মেসি সেই গামলার পাশে আয়েশ করে শিশু ইয়ামালকে স্নান করাচ্ছেন।
ছবি ঘিরে তোলপাড় শুরু হয়েছে ফুটবল বিশ্বে। স্পেনের শিশুটি মেসির আশীর্বাদেই বড় হয়েছেন এমন গুঞ্জনও শোনা যায়। এই ছবি নিয়ে এবার মুখ খুলছেন স্পেনের কিশোর ফুটবলারের বাবা মৌনির নাসরাওর। যার বয়স ৩৫। মৌনির বলেন, "মেসির থেকে ইয়ামাল আশীর্বাদ পেয়েছে? নাকি উল্টোটা? ইয়ামালের থেকে আশীর্বাদ পেয়েছে মেসি। আমার কাছে, আমার ছেলেই সবচেয়ে সেরা।"

ছোট থেকেই বল যে কথা বলে ইয়ামালের পায়ে, পাড়ায় পাড়ায় খেপের টুর্নামেন্টে বড়দের সঙ্গে বালক বয়স থেকেই খেলতে শুরু করা। কিন্তু ইয়ামালের জীবন বদলে দিল লা মাসিয়া অ্যাকাডেমি। ইয়ামালকে ইস্পাত থেকে তরোয়ালে পরিণত করে তাঁকে শান দেওয়ার কাজটা করে বার্সার গুরুকুলই। এর জন্য তিনি ধন্যবাদও জানিয়েছেন লা মাসিয়া আর স্পেনের ফুটবল ফেডারেশনকে। তিনি জানান, "লামিনে সবার থেকে আলাদা। ও অনেকের আগেই পরিণত হয়ে গিয়েছে।"
ইয়ামালের জন্ম ২০০৭ সালের ১৩ জুলাই কাতালুনিয়ান শহর মাতারোয়। তাঁর বাবা মরোক্কান এবং মায়ের বাড়ি বিষুবীয় গিনি। ২০১৪ সালে মাত্র সাত বছর বয়সে ফুটবল পায়ে যাত্রা শুরু এই উইঙ্গারের। ২০২৩-২৪ মরশুমে বার্সেলোনার হয়ে মাত্র ১৫ বছর বয়সে অভিষেক করার পর, তিনি দ্রুত স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের নজরে আসেন। এরপর জাতীয় দলে সুযোগ। কিন্তু ইউরো কাপের আগে তার নাম সেভাবে প্রচারিত হয়নি ফুটবল বিশ্বে।












Click it and Unblock the Notifications