দ্বিতীয় টি২০-তে 'বাউন্স ব্যাক' ইংল্যান্ডের, ম্যাচ জিতিয়ে নায়ক হেলস
কার্ডিফে দ্বিতীয় টি২০-তে বাউন্স ব্যাক করল ইংল্যান্ড দল। প্রথম ম্যাচে ম্যাঞ্চেস্টারে হারার পরে এদিন ৫ উইকেটে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল ইয়ন মর্গ্যানের দল।
কার্ডিফে দ্বিতীয় টি২০-তে বাউন্স ব্যাক করল ইংল্যান্ড দল। প্রথম ম্যাচে ম্যাঞ্চেস্টারে হারার পরে এদিন ৫ উইকেটে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল ইয়ন মর্গ্যানের দল। ভারতের করা ১৪৮ রানের জবাবে ২ বল বাকী থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ব্রিটিশরা। দলকে জয় এনে দেন অ্যালেক্স হেলস। ৪১ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন তিনি।

এদিন ভারতের হয়ে বিরাট কোহলি ৪৭, এমএস ধোনি ৩২ ও সুরেশ রায়না ২৭ রান করেন। যার ফলে প্রাথমিক ব্যাটিং বিপর্যয় সামলেও ভারত ২০ ওভারে ১৪৮ রান করে ৫ উইকেট হারিয়ে। তবে এই রান যথেষ্ট ছিল না।
ইংল্যান্ড ব্যাট করতে নামলে অবশ্য ভারত লড়াই জারি রেখেছিল। ভুবনেশ্বর কুমার নিজের স্পেলের ৩ ওভারে মাত্র ৪ রান দিয়ে ১ উইকেট তুলে নেন। তবে শেষ ওভারে বল করতে এসে ৪ বলে ১৫ রান দিয়ে ম্যাচ ইংল্যান্ডকে উপহার দিয়ে বসেন।
ইংল্যান্ড রান তাড়া করতে নেমে শুরুট বিশেষ ভালো করেনি। জেসন রয় ১২ বলে ১৫ রান, জস বাটলার ১২ বলে ১৪ রান জো রুট ১০ বলে ৯ রান করে ফেরত যান। ফলে ইংল্যান্ডের রান রেটও ভালো ছিল না। পরপর উইকেট নিয়ে ভারত ম্যাচে জাঁকিয়ে বসছিল।
এরপরই ইয়ন মর্গ্যানকে নিয়ে অ্যালেক্স হেলস খেলা ধরেন। মর্গ্যান ১৭ রানে ফেরার পরে জনি বেয়ারস্টো-কে (১৮ বলে ২৮ রান) সঙ্গে নিয়ে দলকে ম্যাচ জেতানোর দিকে এগিয়ে নিয়ে যান হেলস। বেয়ারস্টো আউট হলেও হেলস অপরাজিত থেকে দলকে জিতিয়ে ফেরেন।
এদিন উমেশ যাদব ৩৬ রানে ২ উইকেট, ভুবি ১৯ রানে ১ উইকেট, হার্দিক পান্ডিয়া ২৮ রানে ১ উইকেট ও যুজবেন্দ্র চাহাল ২৮ রানে ১ উইকেট পেলেও গত ম্যাচের নায়ক কুলদীপ যাদব ৪ ওভারে ৩৪ রান দিয়ে কোনও উইকেট পাননি।
ইংল্যান্ড দ্বিতীয় টি২০-তে সমতা ফেরানোয় আপাতত সিরিজ ১-১। শেষ টি২০ হবে ব্রিস্টলে। সেই ম্যাচে যে দল জিতবে, সিরিজ হবে তাঁদের।












Click it and Unblock the Notifications