Emiliano Martinez: কলম্বিয়া ম্যাচ হেরে কষিয়ে চড়! আর্জেন্তিনার গোলকিপার মার্তিনেজ ফের বিতর্কে, শাস্তির দাবি
Emiliano Martinez: আর্জেন্তিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ ফের বিতর্কে। বিশ্বকাপে তাঁর অঙ্গভঙ্গি নিয়ে কম সমালোচনা হয়নি। এবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে বিতর্কে জড়ালেন মার্তিনেজ।
কলম্বিয়ার কাছে মঙ্গলবার ১-২ গোলে পরাস্ত হয়েছে আর্জেন্তিনা। তারপরই মার্তিনেজের বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। ভাইরাল হলো ভিডিও।

কলম্বিয়া ম্যাচ চলাকালীন আর্জেন্তিনা দলকে লক্ষ্য করে নানাভাবে বিদ্রুপ করছিলেন সমর্থকরা। তাতেই সম্ভবত মেজাজ ভালো ছিল না মার্তিনেজের। খেলার শেষে প্রতিপক্ষ ফুটবলার ও সাপোর্ট স্টাফদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন মার্তিনেজ। তখনই ঘটে বিতর্কিত ঘটনা।
মার্তিনেজ ম্যাচ সম্প্রচারের দায়িত্বে থাকা সংস্থার ক্যামেরাম্যানকে চড় মারেন বলে অভিযোগ। ধাক্কা মেরে ক্যামেরা সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কারাকোল টেলিভিশন ও আরসিএন দেপোর্তেসের বছর ৩২-এর ক্যামেরাম্যান জনি জ্যাকসন দাবি করেছেন, মার্তিনেজ তাঁকে চড় কষিয়েছেন।
Emiliano Martinez was not a happy lad last night. 😠 pic.twitter.com/fx84wMXnpW
— Football Tweet ⚽ (@Football__Tweet) September 11, 2024
জ্যাকসনের কথায়, মার্তিনেজ যখন অন্য ফুটবলারদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন তখন তাঁর কাছে থাকায় সেই দৃশ্য ক্যামেরাবন্দি করছিলাম। আচমকাই আমাকে চড় মারেন মার্তিনেজ। মার্তিনেজ যেমন নিজের দায়িত্ব পালন করছিলেন, আমিও তো কাজ করছিলাম। যা হয়েছে তাতে ওই ক্যামেরাম্যান খুবই ক্রোধান্বিত।
কলম্বিয়ায় ক্রীড়া সাংবাদিকদের সংগঠন ফিফার কাছে আর্জি জানিয়েছে, মার্তিনেজের বিরুদ্ধে যথোপযুক্ত পদক্ষেপ করার। সাংবাদিকদের সংগঠন এসিওআরডি-র সভাপতি ফ্যাভিয়ার হয়োস হার্নান্দেজের বক্তব্য, মার্তিনেজ বর্তমান প্রজন্মের কাছে রোল মডেল। সেখানে তাঁর এমন আচরণ অপ্রত্যাশিত। দৃষ্টান্তমূলক পদক্ষেপ করা উচিত ফিফার।
সংবাদসংস্থা এপি-র দাবি, নিগৃহীত ক্যামেরাম্যান জনি জ্যাকসন আর্জেন্তিনার গোলরক্ষককে বার্তা পাঠিয়ে বলেছেন, "দিবু, আমার ভাই, কেমন আছেন? আমি সেই ক্যামেরাম্যান জনি জ্যাকসন যাঁকে কলম্বিয়া ম্যাচের পর আপনি নিগ্রহ করেছেন। তবে ভাই, এখন সব ঠিক আছে। সকলেই জীবনে কোনও না কোনও ম্যাচে হারেন। আমি বুঝতে পারছি, আপনার কাছে এই পরাজয় কতটা বড়।" দিবুকে আগামীর জন্য শুভেচ্ছাও জানান ওই ক্যামেরাম্যান।












Click it and Unblock the Notifications