Emami East Bengal: বার্সা অ্যাকাডেমিতে ট্রেনিং করা ফুটবলারদের দলে নিয়ে চমক ইমামি ইস্টবেঙ্গলের
২১ জুলাই গোটা ময়দান যখন তৃণমূল কর্মী সমর্থকদের দখলে, সেইদিনই দলবদলে বড় চমক দিল ইমামি ইস্টবেঙ্গল। সিনিয়র ফুটবলারদের পর এবার দুই জুনিয়রকে দলে নিল লাল হলুদ। শুক্রবার জোড়া ইলিশ উপহার সমর্থকদের।
অনূর্ধ্ব ১৭ জাতীয় দলের হয়ে খেলা ভানলালপেকা গুইতে এবং গুরনাজ সিং গ্রেওয়ালকে সই করাল ইমামি ইস্টবেঙ্গল। ঠিক কত বছরের জন্য তাঁদের সঙ্গে চুক্তি হয়েছে, তা অবশ্য খোলসা করেনি ইস্টবেঙ্গল। অনূর্ধ্ব ১৭ এএফসি এশিয়ান কাপে দুই পাহাড়ী ফুটবলারই ভাল খেলেছেন। গুইতে আইজলের ফুটবলার। গুরনাজও মিজো। দু'জনেই বলেছেন, ইস্টবেঙ্গলের মতো বড় দলের জার্সি পেয়ে আমরা উচ্ছ্বসিত।
গুরনাজ সিং ও ভানলাপাকা গুইতে ভারতীয় অনূর্ধ্ব ১৭ দলের হয়ে খেলতে স্পেনে গিয়েছিলেন। সেখানেই কার্লোস কুয়াদ্রাতের নজরে পড়েন দুই তরুণ ভারতীয় ফুটবলার। দুই পাহাড়ী তরুণ ফুটবলারকে দলে নেওয়ার কথা কর্তাদের জানান স্প্যানিশ কোচ।

কোচ কার্লোস এক বিবৃতিতে বলেছেন, 'আমি একটা সময় বার্সেলোনার অ্যাকাডেমি লা মাসিয়াতে ছিলাম। যুব ফুটবলারদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। আমি মাদ্রিদে দেখেছিলাম এই দুই তরুণ ফুটবলারকে। আমার সেইসময়ই ভাল লেগেছিল। কোচ হওয়ার পরে ইস্টবেঙ্গল কর্তাদের দুই ফুটবলারের বিষয়ে বলেছিলাম। ওঁরা চুক্তিতে সই করিয়েছেন।'
এদিকে, সেনাবাহিনী পরিদর্শন করবে ইস্টবেঙ্গল মাঠ। তাই সোমবারের ম্যাচ অন্য মাঠে খেলতে চেয়ে আইএফএ-এর কাছে আবেদন করল ইস্টবেঙ্গল। সম্ভবত ম্যাচ হতে পারে নৈহাটিতে। চূড়ান্ত সিদ্ধান্ত শনিবার হবে।
শনিবার থেকে শুরু হবে মোহনবাগান সুপার জায়ান্টের প্রাক মরসুমের প্রস্তুতি। এমনটাই জানান হয়েছে সবুজ মেরুনের পক্ষ থেকে।তবে দল অনুশীলনে নামলেও, ২২ জুলাই, ২৩ জুলাই এবং ২৪ জুলাই এই তিনদিন গোপন অনুশীলন করবে সবুজ-মেরুণ ব্রিগেড। এই তিনদিন ফুটবলারদের স্বাস্থ্য পরীক্ষা, জিম এবং বিভিন্ন ধরনের ফিটনেস পরীক্ষা করা হবে বলে জানান মোহনবাগানের পক্ষ থেকে।

সরকারিভাবে কিছু জানানো না হলেও সূত্রের খবর প্রথম দিনের অনুশীলনেই উপস্থিত থাকতে পারেন বিশ্বকাপার জেসন কামিন্স। শনিবার ভোরবেলা কলকাতা বিমান বন্দরে নামার কথা অজি তারকা ফরোয়ার্ডের।












Click it and Unblock the Notifications