Emami East Bengal: ইমামি ইস্টবেঙ্গলের রক্ষণভাগ আরও মজবুত, জর্ডন ও পারদোকে পেয়ে আত্মবিশ্বাসী কুয়াদ্রাত
Emami East Bengal: ইমামি ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন আরও দুই বিদেশি। দুজনেই রক্ষণভাগের ফুটবলার। জর্ডন এলসি (Jordan Elsey) ও হোসে আন্তোনিও পারদো লুকাস (Jose Antonio Pardo Lucas) খেলবেন লাল হলুদ জার্সি পরে।
ইমামি গ্রুপের তরফে সন্দীপ আগরওয়াল জানিয়েছেন, হেড কোচ কার্লেস কুয়াদ্রাতের সঙ্গে কথা বলেই এই ফুটবলারদের নেওয়া হলো। তাঁদের বিপুল অভিজ্ঞতায় দল সমৃদ্ধ হবে বলে আশাবাদী সন্দীপ। এই দুই বিদেশিকে নিয়ে আত্মবিশ্বাসী কুয়াদ্রাতও।

কুয়াদ্রাত বলেন, দুই সেন্ট্রাল ডিফেন্ডারের যা অভিজ্ঞতা রয়েছে তাতে তাঁরা দলের মূল্যবান সম্পদ হতে চলেছেন। রক্ষণভাগে ধারাবাহিক ভালো পারফরম্যান্স নিশ্চিত করতে তাঁরা অবদান রাখতে পারেন। কোনও দলের সাফল্যের ক্ষেত্রে রক্ষণভাগ ভালো হওয়া জরুরি। এই দুই ফুটবলার আসায় আমাদের ডিফেন্স সলিড হলো।
অস্ট্রেলিয়ার জর্ডন এলসি এ-লিগের দল পারথ গ্লোরি থেকে ইমামি ইস্টবেঙ্গলে এলেন। ২৯ বছরের এই ফুটবলার অ্যাডিলেডের বাসিন্দা। ২০১৫-১৬ মরশুমে এ-লি প্রিমিয়ারশিপ ও এ-লিগ চ্যাম্পিয়নশিপ দলের সদস্য। ২০১৮ ও ২০১৯ সালে অস্ট্রেলিয়া কাপ জেতার অভিজ্ঞতা রয়েছে। ২০১৩ থেকে ২০২১ অবধি খেলেছেন অ্যাডিলেড ইউনাইটেডে। এরপর দুই মরশুম নিউক্যাসল জেটসের হয়ে ৩৫টি ম্যাচ খেলেছেন।
চলতি বছর জানুয়ারিতে এলসি যোগ দেন পারথ গ্লোরিতে। তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, ঐতিহাসিক ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে সম্মানিত বোধ করছি। সতীর্থদের সঙ্গে মিলিত হতে মুখিয়ে রয়েছি। এই ক্লাবের সমর্থকদের কথা জানি। তাঁদের সামনে মাঠে নেমে সাফল্য এনে দিতে নিজের সেরাটা উজাড় করে দিতে চাইছেন এলসি।

পারদো স্পেনের বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন। লা লিগা ২-তে তিনি ৭০টি ম্যাচ খেলেছেন। ৬১ বছর পর গত জুনে স্পেনের সেকেন্ড টিয়ারে এলডেন্সকে তোলার ক্ষেত্রে অবদান রেখেছেন পারদো। ভিয়ারিয়াল ও ভ্যালেন্সিয়ার যুব দলের হয়ে খেলেছেন। তিনিও লাল হলুদের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত। সমর্থকদের মুখে হাসি ফোটানোর আশ্বাস দিয়েছেন।
এদিকে, ক্লেইটন সিলভার ভিসা জটিলতাও মিটে যাওয়ায় স্বস্তি পেয়েছেন লাল হলুদ কর্তা ও সমর্থকরা।












Click it and Unblock the Notifications