ইস্টবেঙ্গলের সঙ্গে ইমামির দূরত্ব বাড়ছে? পছন্দের তালিকা নিয়ে কড়া বিবৃতি, বোর্ড মিটিং নিয়েও চাপানউতোর
ইস্টবেঙ্গল ক্লাবের তরফে ইমামির কাছে পাঠানো হয়েছিল পছন্দের কোচ ও ফুটবলারদের তালিকা। যদিও তা পুরো মানা সম্ভব নয় বলে জানান ইমামি। বোর্ড মিটিং নিয়ে শুরু চাপানউতোর।
ইমামি প্রোমোটারসের সঙ্গে গাঁটছড়া বেঁধেও আইএসএলে ইস্টবেঙ্গলের ব্যর্থতার ধারা অব্যাহত থেকেছে এবারও। ১১ দলের মধ্যে কোনওরকমে নবম স্থানে শেষ করেছে লাল হলুদ। আগামী মরশুমে যাতে শক্তিশালী দল গড়া যায় সেজন্য ইমামিকে চিঠি পাঠিয়েছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের কর্তারা। তাতে লেখা ছিল পছন্দের কোচ ও ফুটবলারদের নাম। তার প্রেক্ষিতে এদিন বেশ কড়া বিবৃতি দিল ইমামি।

ইমামিকে তালিকা ইস্টবেঙ্গলের
ইমামির তরফে জানানো হয়েছে, ইস্টবেঙ্গল ক্লাবের তরফে যে তালিকা এসে পৌঁছেছে তা খুঁটিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে কোচ ও ফুটবলার নিয়োগের প্রক্রিয়া শুধু এমন তালিকার উপর নির্ভর করেই হয় না। টেকনিক্যাল-সহ নানাবিধ দিক খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয়। ভালো দল গঠনের ব্যাপারে সবরকম ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছে ইমামি। তবে এখানেই থেমে না থেকে ইস্টবেঙ্গলের কর্তাদেরও কাঠগড়ায় তুলেছেন ইমামির কর্তারা।

বোর্ড মিটিং নিয়ে চাপানউতোর
অভিযোগ, অনেকদিন ধরেই ইমামির তরফে ইস্টবেঙ্গলের কর্মকর্তাদের কাছে সময় চাওয়া হচ্ছে বোর্ড মিটিংয়ের জন্য। যদিও সেই তারিখ এখনও অবধি তাঁরা দিতে না পারায় বোর্ড মিটিং করা যাচ্ছে না। মার্চের মধ্যেই সেই বৈঠক হওয়ার আশাপ্রকাশও করেছেন ইমামির কর্ণধাররা। ইস্টবেঙ্গলের আগামী মরশুমের দল গঠন সংক্রান্ত প্রতিটি আপডেট সংবাদমাধ্যমকে জানানোর আশ্বাসও তাঁরা দিয়েছেন। উল্লেখ্য, ইতিমধ্যেই ক্লেটন সিলভার সঙ্গে চুক্তির মেয়াদ এক বছরের জন্য বাড়িয়েছে ইমামি ইস্টবেঙ্গল।

ইমামিকে পাল্টা দিল ক্লাব
যদিও ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার ইমামির অভিযোগ মানতে চাননি। তিনি বলেন, দল যখন ভালো খেলছিল না তখন কয়েকটি রদবদলের প্রয়োজনীয়তা অনুভব করে ডিসেম্বরের ১০ তারিখ ইমামিকে ক্লাবের তরফে চিঠি দিয়ে বোর্ড মিটিং করতে বলা হয়েছিল। যদিও তার প্রাপ্তিস্বীকার আজ অবধি মেলেনি। পরে মৌখিতভাবে ইমামির কর্তারা ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে বৈঠকের কথা জানালে ক্লাবের তরফে বলা হয়, ১৮ তারিখ ক্লাবে একটি বৈঠক রয়েছে। ১৯ ফেব্রুয়ারি থেকে যে কোনওদিন বোর্ড মিটিং হতেই পারে। তারপর এতদিন পেরিয়ে গিয়েছে। আজ যে বিবৃতির কথা সামনে এসেছে, তাতে মনে হচ্ছে কোথাও ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে।

পছন্দের তালিকায় রয়েছেন কারা?
উল্লেখ্য, বোর্ড অব ডিরেক্টরের কাছে ক্লাবের তরফে চিঠি পাঠানো হয়েছিল। কার্যকরী কমিটির সদস্য ও প্রাক্তন ফুটবলাররা তাঁদের পছন্দের কয়েকজন কোচ ও ফুটবলারের তালিকা পাঠান। তাতে আন্তোনিও লোপেজ হাবাস, সের্হিও লোবেরো, মানোলো মার্কুয়েজদের নাম রয়েছে। এ ছাড়াও ওয়ারেন জয়েস, হোসে কামাচো, টসাম ব্রাডিরিচের নামও রয়েছে সম্ভাব্য কোচেদের তালিকায়। যে ১১ জন বিদেশি ফুটবলারের তালিকা দেওয়া হয়েছে তাতে নাম রয়েছে আদ্রিয়ান লুনা, গ্রেগ স্টুয়ার্ট, জর্জ পেরেইরা দিয়াজ, মার্কো লেস্কোভিচ, বার্থোলোমিউ ওগবেচে, আলবার্তো নোগুয়েরা, নোয়া সাদাউইয়ের নাম। এ ছাড়া অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেমি ম্যাকলারেন, স্প্যানিশ উইঙ্গার অ্যাডামা ট্রাওর, ফরাসি বাগাইলি দাবো, ব্রাজিলিয়ান বোবোর নামও রয়েছে। অমরজিৎ সিং, আকাশ মিশ্র, রহিম আলি, ব্রেন্ডন ফার্নান্ডেজ, লালিয়ানজুয়ালা ছাংতে, ঋত্ত্বিক দাস, অনিরুদ্ধ থাপাদের নাম রয়েছে দেশীয় ফুটবলারদের তালিকায়। প্রণয় হালদার, দেবজিৎ মজুমদার, রাহুল ভেকে, ভিগনেশরাও লাল হলুদ কর্তাদের পছন্দের ফুটবলার। যদিও শেষ অবধি কাদের নেওয়া হবে সেটা দেখার। কিন্তু বোর্ড মিটিং নিয়ে যে চাপানউতোর শুরু হলো তা মোটেই ভালো লক্ষণ নয়।
(ছবি- ইমামি ইস্টবেঙ্গল মিডিয়া ও এফএসডিএল)












Click it and Unblock the Notifications