ইস্টবেঙ্গলের হারের হ্যাটট্রিক, আইএসএল থেকে বাজল ছুটির ঘণ্টা! হায়দরাবাদ এফসি জিতল ২ গোলে
আইএসএলের প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল ইস্টবেঙ্গল। টানা তিনটি ম্যাচে পরাজয় স্টিফেন কনস্ট্যানটাইনের প্রশিক্ষণাধীন দলের। ওডিশা এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ১-৩ গোলে পরাস্ত হওয়ার পর ঘরের মাঠে জামদেশদপুর এফসির কাছে ১-২ গোলে হেরেছিল ইস্টবেঙ্গল। আজ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনেই হায়দরাবাদ এফসি ম্যাচ জিতল ২-০ ব্যবধানে।

(ছবি- এফএসডিএল)
জাভিয়ের সিভেরিওর গোল ৯ মিনিটের মাথায় এগিয়ে দিয়েছিল হায়দরাবাদ এফসিকে। দ্বিতীয় গোলটি আসে দ্বিতীয়ার্ধের স্টপেজ টাইমে, পরিবর্ত হিসেবে নামা অ্যারেন ডি'সিলভা হায়দরাবাদের জয়ের ব্যবধান বাড়ান। বোরহা হেরেরা মিডফিল্ড থেকে ক্রস ভাসিয়েছিলেন বক্সে। তা থেকে অরক্ষিত অবস্থায় থাকা সিভেরিও হেডে গোল করে যান। কয়েক মিনিট বাদে সিভেরিওর আরেকটি গোলের প্রয়াস রুখে দেন ইস্টবেঙ্গল গোলকিপার। কমলজিৎ। হিতেশ শর্মার থেকে বল পেয়ে গোলের কাছ থেকেই শট নিয়েছিলেন সিভেরিও, কিন্তু তা রুখে দেন লাল হলুদের গোলকিপার।
নিজেদের মধ্যে ভালো কিছু পাস খেলে সমতা ফেরানোর চেষ্টা চালায় লাল হলুদ। তবে গোলমুখ খুলছিল না। লালচুংনুঙ্গার লম্বা থ্রোয় মাথা ছুঁইয়ে গোল করার প্রয়াস চালান ভিপি সুহের, কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নিয। বিরতির আগে সিভেরিওর আরেকটি প্রয়াস দারুণ দক্ষতার সঙ্গে রুখে দেন কমলজিৎ। ক্লাবের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামা রাকিপকে না নামিয়ে দ্বিতীয়ার্ধে জেরি লালরিনজুয়ালাকে নামান কনস্ট্যানটাইন। চার মিনিট পর মহম্মদ ইয়াসিরের স্লাইসড ক্লিয়ারেন্স থেকে বল পেয়ে যান ক্লেইটন সিলভা, কিন্তু এই ব্রাজিলিয়ান লাল হলুদকে সমতায় ফেরাতে ব্যর্থ হন। নিজের শটটি টার্গেটে রাখতে পারেননি। এরপরও দুই দলই কিছু সুযোগ পেয়েছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি। ইনজুরি টাইমে হায়দরাবাদ এফসি দ্বিতীয় গোলটি পেয়ে যায়।
১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নবম স্থানে রইল ইস্টবেঙ্গল। প্লে অফের আশা শেষই হয়ে গেল। অঙ্কের জটিল সমীকরণেই কার্যত শব্দটি এক্ষেত্রে বসানো যায়। তবে জয়ের অভ্যাসই হারিয়ে গিয়েছে, ফলে সমর্থকদের একরাশ হতাশা ছাড়া আর কিছুই থাকছে না। প্লে অফের যা সমীকরণ তাতে ৮ পয়েন্ট পিছনে ইস্টবেঙ্গল। লাল হলুদের পরের ম্যাচ ষষ্ঠ স্থানে থাকা এফসি গোয়ার বিরুদ্ধে। হায়দরাবাদ এফসি ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে রইল দুইয়ে। মুম্বই সিটি এফসি প্লে অফে পৌঁছে গিয়েছে। তাদের ১৫ ম্যাচে রয়েছে ৩৯ পয়েন্ট। মুম্বইয়ের সঙ্গে হায়দরাবাদের পরের ম্যাচই ঠিক করে দেবে লিগ শিল্ড কার দখলে যাবে।












Click it and Unblock the Notifications