ডুরান্ড কাপের ডার্বি! যুবভারতীতে প্রথম জয়ের সন্ধানে ইমামি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান
ডুরান্ড কাপেই চলতি মরশুমের প্রথম ডার্বি। কাল সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি ইমামি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান। ডুরান্ড কাপে কলকাতার বড় ম্যাচে পারস্পরিক দ্বৈরথে লাল হলুদের জয় ৮টি ম্যাচে, ৬টিতে জিতেছে সবুজ মেরুন, পাঁচটি ড্র। চলতি ডুরান্ডে ইমামি ইস্টবেঙ্গল এখনও অপরাজেয়। এটিকে মোহনবাগান প্রথম ম্যাচে রাজস্থান ইউনাইটেডের কাছে হারার পর মুম্বই সিটির বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে।

শক্তিতে এগিয়ে বাগান
শক্তির নিরিখে ফেভারিট হুয়ান ফেরান্দোর প্রশিক্ষণাধীন এটিকে মোহনবাগানই। শেষবেলায় দল গঠনে নেমে যে ফুটবলারদের পেয়েছে ইমামি ইস্টবেঙ্গল তাঁদের নিয়ে এখনও পুরোদমে অনুশীলন করাতে পারেননি হেড কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। আই লিগ ও আইএসএল মিলিয়ে শেষ পাঁচটি সাক্ষাতে পালতৌলা নৌকা নিভিয়ে দিয়েছে মশাল। ইস্টবেঙ্গল শেষবার মোহনবাগানকে হারিয়েছে ২০১৯ সালের ২৭ জানুয়ারি। করোনা অতিমারী পরিস্থিতিতে দর্শকশূন্য স্টেডিয়ামে হয়েছে আইএসএল ডার্বি। ২০২০ সালের ১৯ জানুয়ারির পর ফের যুবভারতীতে বসছে বড় ম্যাচের আসর।

গোল করার লোকের অভাব
কলকাতার দুই প্রধানের বড় সমস্যা গোল করার লোকের অভাব। তবে গোলের ঝড় দেখার আশায় যুবভারতী ভরাবেন ফুটবলপ্রেমীরা। ৬৭ হাজার দর্শকাসনবিশিষ্ট যুবভারতীতে ডার্বির টিকিটের হাহাকার সর্বত্র। বড় ম্যাচের আগের দিন সকালে অনুশীলন করেছে ফেরান্দোর এটিকে মোহনবাগান। যদিও ক্লাবে এসেও অনুশীলন করতে পারেনি ইমামি ইস্টবেঙ্গল। প্রবল বৃষ্টির জেরে ঘণ্টাখানেকের কাছাকাছি অপেক্ষার পর দল নিয়ে হোটেলে ফিরে যান লাল হলুদের হেড কোচ। আজ ক্লোজড ডোর অনুশীলনের পরিকল্পনা থাকলেও তা ভেস্তে যায় প্রবল বৃষ্টিতে।

ফেরান্দোকে টক্কর দেবেন স্টিফেন?
রয় কৃষ্ণ, সন্দেশ ঝিঙ্গানদের না থাকা প্রভাব ফেলছে এটিকে মোহনবাগানের পারফরম্যান্সে। কিয়ান নাসিরি, আশিক কুরুনিয়ান, লিস্টন কোলাসোরা থাকলেও মাঝমাঠ বা আক্রমণভাগ সেভাবে দানা বাঁধছে না। রাজস্থানের কাছে শেষ মুহূর্তে গোল হজম করে পরাজয় সবুজ মেরুনের কাছে ধাক্কা। এই আবহে বড় ম্যাচে স্টিফেন না ফেরান্দো, কে ট্যাকটিক্সে বাজিমাত করেন তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলে। ফেরান্দোর তুলনায় ভারতীয় ফুটবল নিয়ে অনেক বেশি অভিজ্ঞ স্টিফেন। পর্যাপ্ত অনুশীলন করাতে না পারলেও বড় ম্যাচে জয় যে গোটা দলকে চাঙ্গা ও এককাট্টা করে দেবে তা ভালোই বুঝছেন ভারতের প্রাক্তন হেড কোচ। চলতি ডুরান্ডে এখনও না হারায় এটিকে মোহনবাগানের চেয়ে পয়েন্ট তালিকায় এগিয়েই রয়েছে ইমামি ইস্টবেঙ্গল। প্রথম জয় ছিনিয়ে নিতে লাল হলুদের বড় ভরসা অধিনায়ক ভিপি সুহের। অনিকেত যাদব, তুহিন দাস, সুমিত পাসিদের দিকেও তাকিয়ে লাল হলুদ সমর্থকরা।

দুই শিবিরের বার্তা
ডার্বির আগে এটিকে মোহনবাগানের হেড কোচ ফেরান্দো বলেন, কানায় কানায় পূর্ণ সল্টলেক স্টেডিয়ামে ডার্বি আমার কাছে অত্যন্ত গৌরবের বিষয় হতে চলেছে। ডার্বি ঘিরে যে আবেগ তা সম্পর্কে আমি ওয়াকিবহাল। আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি, জয় ছাড়া কিছু ভাবছি না। অতীতের পরিসংখ্যানকে আমি কখনও গুরুত্ব দিই না। কে কটা ম্যাচ জিতেছে তার কোনও প্রভাব আগামীকালের ম্যাচে পড়বে না। আমাদের লক্ষ্য হলো তিন পয়েন্ট নিশ্চিত করা। আশা করি সেটাই হবে। আমাদের দল একেবারেই চাপে নেই। দুটি ম্যাচেই গোলের অনেক সুযোগ তৈরি করতে পেরেছি আমরা, সেই সুযোগগুলিকে গোলে রূপান্তরিত করতে হবে। ডুরান্ডের আগে একটাই প্রস্তুতি ম্যাচ পেয়েছি। দল নতুনভাবে সাজানোর প্রক্রিয়া চলছে। অন্যদিকে, ইমামি ইস্টবেঙ্গলের তরফে বার্তা দেওয়া হয়েছে, ফুটবল অনিশ্চয়তার খেলা। তাই ফল যাই হোক সমর্থকরা ক্লাবের পাশে থাকুন।












Click it and Unblock the Notifications