Durand Cup 2024: খোঁজ নেই এক প্রতিবাদী সমর্থকের, ডার্বি বাতিল নিয়ে মামলা হাইকোর্টে
ডার্বি ম্যাচ বাতিল নিয়ে বিগত কয়েকদিন ধরেই ময়দান জুড়ে আগুনে বিতর্ক হচ্ছে। এবার ময়দানের গণ্ডি ছাড়িয়ে সেই জল গড়াল আদালত পর্যন্ত। উপযুক্ত নিরাপত্তার অভাবের কারণ দেখিয়ে ২৪ ঘণ্টা আগে ডার্বি ম্যাচ বাতিল করার কথা জানায় ডুরান্ড কমিটি। এর প্রতিবাদে রবিবার বিকেল থেকে রাত রাজ্যজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ করেন বাংলার ক্রীড়াপ্রেমীরা। সমর্থকদের উপর পুলিশি আচরণের বিরুদ্ধে আদালতে মামলা করলেন আইনজীবী রিজু ঘোষাল।
সোমবার কলকাতা হাইকোর্টে সমর্থকদের উপর পুলিশের দমননীতির বিচার চেয়ে মামলা করার আবেদন করেন আইনজীবী রিজু ঘোষাল। তাঁর মামলার আবেদন গৃহীত হয়।প্রধান বিচারপতি এই সংক্রান্ত মামলাটি গ্রহণ করেছেন

পাশাপাশি শুধু কলকাতা নয় রবিবার গোটা রাজ্যেই প্রতিবাদে সামিল হন ফুটবলপ্রেমীরা। কিন্তু বিক্ষোভে গিয়ে এক সমর্থকের নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পুলিশও কোন খোঁজ দিচ্ছে না সেই সমর্থকদের। এই সংক্রান্ত বিষয়ে জরুরি মামলার অনুমতি চেয়ে আবেদন করেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে জনস্বার্থ মামলার অনুমতি দিয়েছে ডিভিশন বেঞ্চ। সোমবারই এই মামলার শুনানি রয়েছে।
নিখোঁজের পরিবারের তরফে দাবি করা হয়, প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন ওই যুবক। তাঁকে সাঁতরাগাছি থেকে আটক করে পুলিশ। কিন্তু তার পর ওই যুবকের খোঁজ পাওয়া যায়নি।গতকাল সাঁতরাগাছি এলাকা থেকে ইস্টবেঙ্গল সমর্থক রজতশুভ্র নন্দীকে তুলে নিয়ে যায় হাওড়ার বি. গার্ডেন থানার পুলিশ। অভিযোগ পরিবারের. বিধাননগর পুলিশের তরফ থেকে জানানোর পরেই সমর্থককে আটক করা হয় বলে জানিয়েছে রাজ্য, কিছুক্ষণের মধ্যেই আটক ইস্টবেঙ্গল সমর্থককে ছেড়ে দেওয়া হবে বলে প্রধান বিচারপতির এজলাসে জানিয়েছে রাজ্য।
ডুরান্ড কাপের ডার্বি বাতিলের প্রতিবাদে রবিবার সারা রাজ্য জুড়ে পথে নামেন ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডান স্পোর্টিংয়ের সমর্থকরা। যুবভারতীর সামনে বাইপাস রণক্ষেত্রের চেহারা নেয়। সমর্থকদের বিক্ষোভ আটকাতে আগেই ১৬৩ ধারা জারি করে বিধাননগর পুলিশ। কিন্তু তাতেও তিন প্রধানের সমর্থকদের প্রতিবাদ থামেনি। পাল্টা দমননীতি নেয় পুলিশ। যা নিয়ে বিতর্ক তুঙ্গে। এবার শুরু হল আইনী লড়াই।












Click it and Unblock the Notifications