Durand Cup 2023: ডুরান্ড কাপের সেমিফাইনালে এফসি গোয়া, এগিয়ে থেকেও লজ্জার হারে বিদায় চেন্নাইয়িনের
Durand Cup 2023: ডুরান্ড কাপের সেমিফাইনালে পৌঁছে গেল এফসি গোয়া। আজ গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে তারা পিছিয়ে পড়েও ৪-১ গোলে হারাল চেন্নাইয়িন এফসিকে।
আইএসএলের দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছিল চলতি ডুরান্ডের তৃতীয় কোয়ার্টার ফাইনালে। কাল চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুম্বই সিটি এফসি ও মোহনবাগান সুপার জায়ান্ট মুখোমুখি হবে। সেই ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে এফসি গোয়া।

ম্যাচের ৫ মিনিটের মাথায় বিকাশ ইউমনামের গোলে এগিয়ে গিয়েছিল চেন্নাইয়িন এফসি। ৩০ মিনিটের মাথায় কার্ল ম্যাকহিউয়ের গোলে সমতা ফেরায় গোয়া। এরপর ৩৭ মিনিটে কার্লোস মার্তিনেজের গোলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধে ২-১ গোলে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে এগিয়ে ছিল এফসি গোয়া।
নির্ধারিত নব্বই মিনিট পর্যন্ত সেই লিড বজায় রাখে আইএসএলে গোয়ার ফ্র্যাঞ্চাইজিটি। এরপর দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে দুই মিনিটের মধ্যে আরও দুটি গোল পেয়ে যায় এফসি গোয়া। নোয়া সাদৌই গোয়ার তৃতীয় গোলটি করেন। গোয়ার চতুর্থ গোলটি করেন ভিক্টর। সেমিফাইনালের আগে বিদেশিদের ফর্ম আত্মবিশ্বাসী রাখবে গোয়া শিবিরকে।
কার্ল ম্যাকহিউ একটি গোল করার পাশাপাশি একটি গোল করার ক্ষেত্রে সহযোগিতা বা অ্যাসিস্ট করলেন। কার্লোস মার্তিনেজ ও ভিক্টর রডরিগেজও গোল পেলেন। চলতি ডুরান্ড কাপে নোয়া সাদৌই এদিন নিজের পঞ্চম গোলটি করলেন। কার্লোস পেলেন তৃতীয় গোল।
চেন্নাইয়িনের প্রথম একাদশে এদিন আগের ম্যাচের দলের নিরিখে ৬টি পরিবর্তন আনেন আলেকজান্ডার স্টুয়ার্ট। ইস্টবেঙ্গল থেকে লোনে যাওয়া সার্থক গোলুই এদিন নেমেছিলেন চেন্নাইয়িনের হয়ে। অন্যদিকে, এফসি গোয়া গ্রুপ পর্বের শেষ ম্যাচের দলে আনে সাতটি পরিবর্তন। কোচ গৌরমাঙ্গি সিং গোলে দাঁড় করান ধীরজকে, মাঝমাঠে রাখেন ব্র্যান্ডনকে। কার্ল ম্যাকহিউয়েও আস্থা রাখেন কোচ।

গোয়ার গোলগুলির ক্ষেত্রে অবদান রয়েছে উদান্তা সিং ও ব্র্যান্ডনের। উদান্তার ক্রসে মাথা ছুঁইয়েছিলেন নোয়া। সেই বলটি পেয়ে জালে জড়ান কার্ল ম্য়াকহিউ, চেন্নাইয়িনের হয়ে প্রথম ম্যাচে নেমেই গোল পেলেন তিনি। এরপর উদান্তার ক্রস থেকেই গোলের সুযোগ পেয়েছিলেন নোয়া, তবে তিনকাঠিতে রাখতে পারেননি। উদান্তা এরপর আরও একটি ভালো আক্রমণ তুলে আনেন।
উদান্তার প্রয়াস সার্থক ক্লিয়ার করলেও বলের নিয়ন্ত্রণ নিতে পারেননি সাঙ্গওয়ান। এর ফলে বল পেয়ে যান গোয়ার নতুন বিদেশি স্প্যানিয়ার্ড কার্লোস মার্তিনেজ রড্রিগেজ। মার্কারকে বোকা বানিয়ে যেভাবে চিপে তিনি গোল করলেন তা টুর্নামেন্টের অন্যতম সেরা গোলগুলির একটি হতেই পারে। দ্বিতীয়ার্ধের শুরু থেকে চেন্নাইয়িন সমতা ফেরানোর মরিয়া লড়াই চালায়। কিন্তু লাভ হয়নি।
(ছবি- ডুরান্ড কাপ মিডিয়া)












Click it and Unblock the Notifications