আইএসএল ডার্বিতে ছয়ে ছয় এটিকে মোহনবাগানের, দুই গোলে হেরে ইস্টবেঙ্গলের লজ্জার নজির
আইএসএলের ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ষষ্ঠ জয় ছিনিয়ে নিল এটিকে মোহনবাগান। স্লাভকো ডামজানোভিচ ও দিমিত্রি পেত্রাতোস গোল করলেন।
ছয়ে ছয়! আইএসএলে কলকাতা ডার্বিতে জয়ের ধারা অব্যাহত রাখল এটিকে মোহনবাগান। এদিনও দুটি গোল হলো দ্বিতীয়ার্ধে। গোলদাতা স্লাভকো ডামজামোভিচ ও দিমিত্রি পেত্রাতোস। ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারিয়ে তিন পয়েন্ট দখল করে পয়েন্ট তালিকার তিন নম্বর স্থান পাকা করল হুয়ান ফেরান্দোর প্রশিক্ষণাধীন দল। ফলে প্লে-অফে হোম ম্যাচ পাবে সবুজ মেরুন। এই প্রথম কোনও লিগে ১৩টি ম্যাচে হারল ইস্টবেঙ্গল।

(ছবি- এফএসডিএল)
আজকের ম্যাচ ইস্টবেঙ্গলের কাছে ছিল সম্মান পুনরুদ্ধারের। এটিকে মোহনবাগানের তিন পয়েন্ট জরুরি ছিল পয়েন্ট তালিকায় তৃতীয় স্থান সুনিশ্চিত করার জন্য। ইস্টবেঙ্গলের হোম ম্যাচ হলেও ক্লাবকর্তাদের উপর ক্ষোভে বয়কট ডার্বি স্লোগান তুলেছিলেন লাল হলুদ সমর্থকরা। সেই ডাক যে সফল তা দেখা গেল বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। করোনা-কালে ডার্বি হয়েছে ফাঁকা মাঠে। কিন্তু কলকাতার দুই প্রধানের লড়াই এদিন হলো সবচেয়ে কম দর্শকের সামনে। ইস্টবেঙ্গল গ্যালারি খালিই ছিল। এটিকে মোহনবাগানের সমর্থকরা তুলনায় অনেক বেশি সংখ্যায় ডার্বি দেখতে এসেছিলেন। স্লাভকো ডামজানোভিচের গোলে স্বস্তি নিয়েই ফিরলেন তাঁরা।
#Kolkata erupts as #SlavkoDamjanovic gives the Mariners a vital lead in the #KolkataDerby! 💥⚽#EBFCATKMB #HeroISL #LetsFootball #EastBengalFC #ATKMohunBagan pic.twitter.com/cOXQYeD2qB
— Indian Super League (@IndSuperLeague) February 25, 2023
ব্র্যান্ডন হ্যামিল কার্ড সমস্যায় ও চোটের কারণে কার্ল ম্যাকহিউ এদিন খেলতে পারেননি। গতকাল এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো বলেছিলেন, তিন বিদেশি না থাকলেও যাঁরা আছেন তাঁদের নিয়েই তিন পয়েন্টের জন্য রণকৌশল সাজাবেন। কিন্তু হুগো বুমোসক এদিন শুরু থেকেই খেলান ফেরান্দো। বুমোসকে নিয়ে ধোঁয়াশা রেখে প্রতিপক্ষ শিবিরের কাছে নিজের রণকৌশল গোপন রাখতে তিনি চেয়েছিলেন বলেই মনে করা হচ্ছে। আবার তিন পয়েন্টের প্রয়োজনীয়তা অনুভব করেও বুমোসকে বাদ দেওয়ার সাহস তিনি দেখাতে পারেননি। প্রথমার্ধে দুই দলই বেশ কিছু সুযোগ তৈরি করেও গোলমুখ খুলতে পারেনি। এটিকে মোহনবাগান শুরুটা ভালো করে, ছন্দ ফিরে পেতে কিছুটা সময় নেয় স্টিফেন কনস্ট্যানটাইনের প্রশিক্ষণাধীন ইস্টবেঙ্গল। দিমিত্রি পেত্রাতোস ফ্রি কিক নিতে গেলেও ইস্টবেঙ্গলের গোলকিপারকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেননি। ইস্টবেঙ্গলকে ভোগাতে থাকে ফাইনাল থার্ড। ৩৪ মিনিটে আশিস রাইয়ের প্রয়াস রুখে দেন লাল হলুদ গোলকিপার কমলজিৎ সিং। বিরতির ১০ মিনিট আগে থেকে লাল হলুদের ভিপি সুহের ও অ্যালেক্স লিমা হলুদ কার্ড দেখেন, হলুদ কার্ড দেখতে হয় বুমোসকেও।
It’s cold like Serbia at the VYBK 🥶#ATKMohunBagan #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/Dl4AuskRyJ
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) February 25, 2023
দ্বিতীয়ার্ধে গোলের জন্য ঝাঁপাতে থাকে এটিকে মোহনবাগান। পেত্রাতোসের শট পোস্টে লেগে ফিরে আসে। এরপরও আশিক কুরুনিয়ান, পেত্রাতোসরা চেষ্টা চালিয়ে যেতে থাকেন। ৬১ মিনিটে ভালো সুযোগ পেলেও দূরপাল্লার শট পোস্টের অনেক বাইরে মেরে বসেন জেক জার্ভিস। ৬৪ মিনিটে গ্ল্যান মার্টিন্সকে তুলে নিয়ে লালথাথাঙ্গাকে নামান ফেরান্দো। ৬৮ মিনিটে গোল করে এটিকে মোহনবাগানকে এগিয়ে দেন স্লাভকো ডামজানোভিচ (Slavko Damjanovic)। জার্সি খুলে গোলের সেলিব্রেশন করে তাঁকে হলুদ কার্ডও দেখতে হয়। এটিকে মোহনবাগানের রক্ষণ সামলানোর দায়িত্বভার ছিল, ডার্বিতে গোলদাতার তালিকাতে নামও লিখিয়ে ফেললেন। মাথা গরম করে ক্লেটন সিলভাও হলুদ কার্ড দেখেন ৭১ মিনিটে। চোট পেয়ে ৮০ মিনিটে মাঠ ছাড়েন মনবীর সিং। মহম্মদ রাকিপ, সুমিত পাসিদের নামিয়েও গোলমুখ খুলতে ব্যর্থ ইস্টবেঙ্গল।
Kolkata is Green and Maroon 💚♥️#ATKMohunBagan #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/puseimCMys
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) February 25, 2023
ম্যাচের শেষ লগ্নে গোল করে বাগানের জয়ের ব্যবধান বাড়ান পেত্রাতোস। এই নিয়ে টানা আটটি ডার্বিতে এটিকে মোহনবাগানের কাছে হারল ইস্টবেঙ্গল।












Click it and Unblock the Notifications