CFL 2024: প্রথম ম্যাচেই টালিগঞ্জের বিরুদ্ধে দুরন্ত ফুটবল, সাত গোলে লিগ অভিযান শুরু লাল হলুদের
বড় জয় দিয়েই কলকাতা লিগ অভিযান শুরু করল ইমামি ইস্টবেঙ্গল। রবিবার লিগের প্রথম ম্যাচে ব্যারাকপুর স্টেডিয়ামে লাল হলুদের প্রথণ প্রতিপক্ষ ছিল টালিগঞ্জ অগ্রগামী। একদা কলকাতা ময়দানেরর অন্যতম বড় দল টালিগঞ্জকে গোলের মালা পড়াল ইমামি ইস্টবেঙ্গল। ৭-১ গোলে জয় পেল লাল হলুদ।
রবিবাসরীয় বৃষ্টি ভেজা মেঘলা দুপুরে প্রিয় দলের মরশুমের প্রথম ম্যাচের সাক্ষী থাকতে গ্যালারি ভরান লাল হলুদ সমর্থকরা। প্রথম ম্যাচেই ইমামি ইস্টবেঙ্গলের তরুণ তুর্কিরা সমর্থকদের মন ভরিয়ে দিল। বৃষ্টির মতো গোলের বন্যায় ভেসে গেল প্রতিপক্ষ টালিগঞ্জ। ম্যাচের শুরু থেকে শেষ শুধুই লাল হলুদ জার্সিধারীদের দাপট।

ম্যাচের ১২ মিনিটে প্রথম গোলের খাতা খুলল ইমামি ইস্টবঙ্গেল, বক্সে বল নিয়ে ঢোকেন শ্যামল বেসরা, উদ্দেশ্য ছিল সতীর্থকে পাস বাড়ানো কিন্তু তাঁর শট প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে বলের গতিপথ পাল্টে যায় এবং গোলে প্রবেশ করে। এরপরও বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল লাল হলুদ। কিন্তু তা থেকে গোল হয়নি।
প্রথমার্ধের শেষ দিকে দ্বিতীয় গোল করল লাল হলুদ। আমন সিকের দূরপাল্লার শট টালিগঞ্জের গোলরক্ষকের হাত ফস্কে যায় এবং তা গোলে প্রবেশ করে। ২-০ গোলে এগিয়ে থেকেই সাজঘরে যায় বিনো জর্জের ছেলেরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলায় ফেরার চেষ্টা করে টালিগঞ্জ। দ্বিতীয়ার্ধের শুরুতেই ১ গোল শোধ করেন সঞ্জয় শর্মা। গোল খাওয়ার পরই আরও আক্রমণাত্বক হয়ে উঠে লাল হলুদ।
টালিগঞ্জের ডিফেন্সকে কার্যত দাঁড় করিয়ে দিলেন লাল হলুদের তরুণ তুর্কিরা। জোড়া গোল করলেন জেসিন টিকে, শেষ দিকে সুব্রত এবং সায়ন গোলের ব্যবধান বাড়ালেন। সিনিয়র দলের সদস্য হিসাবে এই ম্যাচে সায়নকে খেলান বিনো জর্জ। হীরা মণ্ডল বা সার্থক গলুইদের এই ম্যাচে মাঠে নামাননি।
গতবছর কলকাতা লিগে দ্বিতীয় স্থানে শেষ করেছিল ইস্টবেঙ্গল। কিন্তু এবার আর চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছাড়তে চান না কোচ বিনো জর্জ।মাত্র ১২ দিনের অনুশীলন করেই লিগের প্রথম ম্যাচ খেলতে নামতে হচ্ছে লাল হলুদকে। সমগ্র ম্যাচেই আধিপত্য নিয়ে খেলে প্রথম ম্যাচের নিরিখে লেটার মার্কস নিয়ে পাশ করে গেল বিনো জর্জের ছেলেরা।












Click it and Unblock the Notifications