পেলের শারীরিক অবস্থা এখন কেমন? কী জানাল সাও পাওলোর হাসপাতাল?
ফুটবল সম্রাট পেলের গত বছর সেপ্টেম্বর থেকে কোলন ক্যানসারের চিকিৎসা চলছে। গত ২৯ নভেম্বর থেকে তিনি ভর্তি রয়েছেন সাও পাওলোর হাসপাতালে। ফিফা বিশ্বকাপের মধ্যেই তাঁর শারীরিক অবস্থা উদ্বেগ বাড়াতে থাকে সকলের। শ্বাসপ্রশ্বাসের সমস্যা হচ্ছিল। নানাবিধ জল্পনা ও রটনায় বিব্রত পেলের পরিবারও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর শারীরিক অবস্থার আপডেট জানাতে থাকে।

হাসপাতালে শুয়েই বিশ্বকাপের ম্যাচ উপভোগ করছেন পেলে। ব্রাজিল দলকে বিশ্বকাপের অভিযান শেষ হওয়া অবধি উজ্জীবিত করে গিয়েছেন। এমনকী বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পরেও নেইমারের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। ফিফা তো বটেই, বিশ্বকাপের আয়োজক কাতার, ব্রাজিল-সহ বিশ্বকাপে অংশগ্রহণকারী বিভিন্ন দেশ ও গ্যালারিতে উপস্থিত দর্শকরা পেলের আরোগ্য কামনায় বার্তা দিয়েছেন। পেলে দ্রুত সেরে উঠুন, এই প্রার্থনা করে অনেকে সোশ্যাল মিডিয়া মারফতও বার্তা দিয়েছেন।
সাও পাওলোর যে হাসপাতালে বছর বিরাশির পেলে ভর্তি রয়েছেন সেই হাসপাতাল কর্তৃপক্ষের তরফেই এবার এলো কিছুটা স্বস্তির খবর। মেডিক্যাল রিপোর্টে জানানো হয়েছে, পেলের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে কবে হাসপাতাল থেকে ছাড়া হবে সেই সম্পর্কে নিশ্চিতভাবে এখনই বলা যাচ্ছে না। হাসপাতালে ভর্তির পর পেলের শ্বাসপ্রশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল। বুকের সেই সংক্রমণও নিয়ন্ত্রণে এনেছেন চিকিৎসকরা। উল্লেখ্য, সম্প্রতি পেলে ক্যানসারের চিকিৎসায় সাড়া দিচ্ছেন না বলে কিছু সংবাদমাধ্যম দাবি করেছিল। যদিও তা ভিত্তিহীন বলে উড়িয়ে দেন পেলের কন্যা ফ্লাভিয়া ও কেলি।
মেডিক্যাল রিপোর্টে উল্লেখ, পেলের শারীরিক অবস্থার ক্রমাগত উন্নতি হচ্ছে। বিশেষ করে শ্বাসপ্রশ্বাস ব্যাহতকারী সংক্রমণ কমিয়ে আনা সম্ভব হয়েছে। হাসপাতালের রেগুলার রুমেই তিনি রয়েছেন। জ্ঞান রয়েছে। শারীরিক বিভিন্ন মাপকাঠি স্থিতিশীল বলেও অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালের তরফে জানানো হয়েছে। পেলের কন্যা কেলি নাসিমেন্টো ইনস্টাগ্রাম স্টোরিতে কিছু ছবি পোস্ট করেছেন। যার একটিতে দেখা যাচ্ছে পেলের হাতে হাত রেখেছেন তাঁর কন্যা। হাসপাতালের ঘরে ল্যাপটপ ও কফির ছবিও পোস্ট করেছেন।












Click it and Unblock the Notifications