BEST FIFA Awards 2024:ফিফার বর্ষসেরা গোলে নিজের নামাঙ্কিত পুরস্কার জিতলেন মার্তা, ইতিহাসে জুড়ল ভারতের নামও
BEST FIFA Awards 2024: বেস্ট ফিফা অ্যাওয়ার্ডস ২০২৪ ঘোষিত হয়েছে কাল। তাতে সবচেয়ে বড় চমক মার্তা পুরস্কার। যে ঘটনা ঘটল তা নজিরবিহীনও।
নিজের নামাঙ্কিত পুরস্কার জিতে নিচ্ছেন সংশ্লিষ্ট ফুটবলারই। এমন কাণ্ড দেখে শোরগোল পড়ে গিয়েছে।

মার্তা ভিয়েরা দা সিলভা। তাঁকে মেয়েদের ফুটবলের রানি বলে আখ্যায়িত করা হয়। ফিফার বিচারে ২০০৬, ২০০৭, ২০০৮, ২০০৯, ২০১০ ও ২০১৮ সালে বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন। তবে এবারের পুরস্কারটি নিশ্চিতভাবেই অন্যরকম।
পুরুষদের বিভাগে বর্ষসেরা গোলের পুরস্কারটি ফেরেন্তস পুসকাসের নামাঙ্কিত। এবার থেকে ফিফা চালু করল মহিলাদের বর্ষসেরা গোলের পুরস্কার। যা ব্রাজিলের কিংবদন্তি মার্তার নামাঙ্কিত। ২০২৩ সালের ২১ অগাস্ট থেকে চলতি বছরের ১০ অগাস্ট অবধি সময়কালে পারফরম্যান্সের নিরিখেই বাছা হলো সেরাদের।
Marta wins the very first 'Marta Award' for best women's football goal of 2024.
— B/R Football (@brfootball) December 17, 2024
🐐 things
(via @FIFAWWC)pic.twitter.com/lfA4gTv8qG
গত ১ জুন ব্রাজিল মহিলা দলের খেলা ছিল জামাইকার বিরুদ্ধে। সেই ম্য়াচে জামাইকার রক্ষণভাগের ফুটবলারদের কিংকর্তব্যবিমূঢ় রেখে যে গোলটি করেছিলেন মার্তা, সেটিই সেরা হিসেবে নির্বাচিত হলো। ফলে নিজের নামাঙ্কিত পুরস্কার প্রথম জিতে নিলেন ব্রাজিলের মার্তাই।
মার্তা ছাড়া ফিফা বর্ষসেরা পুরস্কার টানা ৫ বার জেতার নজির কারও নেই। এবার বর্ষসেরা গোলের স্বীকৃতি, তাও নিজের নামের পুরস্কার নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ। মার্তা বলেন, খুব ভালো লাগছে। গ্রেট প্লেয়ারদের সঙ্গে লড়াইয়ে ছিলাম। সকলেই ভালো গোল করেছেন। এই বছরটা খুব ভালো গেল আমার কাছে।
মার্তা বলেন, আমার নিজের নামে এই পুরস্কার পেয়ে আরও বেশি খুশি। নিশ্চিতভাবেই এটা সর্বোত্তম সম্মান। এই পুরস্কার জিতে গর্বিত। উল্লেখ্য, ব্রাজিলের হয়ে মার্তা ১৮৫টি ম্যাচ খেলেছেন, তাঁর গোলের সংখ্যা ১১৯। ৬ বার বিশ্বকাপ ও ৬ বার অলিম্পিক্সে অংশ নিয়েছেন। এবারের প্যারিস অলিম্পিক্সের পরই তিনি অবসর নেন আন্তর্জাতিক ফুটবলে। অলিম্পিক্স ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পরাস্ত হয়েছিল ব্রাজিল।
অরলান্ডো প্রাইড গত মাসেই ওয়াশিংটন স্পিরিটকে হারিয়ে এনডব্লিউএসএল খেতাব জিতেছে। সেই দলে ছিলেন মার্তা। সেমিফাইনালে তিনি গোলও করেন। মার্তা নিজেও অপেক্ষায় ছিলেন নিজের নামাঙ্কিত পুরস্কার নিজে নেওয়ার জন্য।
আসিসাত ওশোয়ালা ও সিকানা কারচৌইদের পিছনে ফেলে সেই লক্ষ্যপূরণও হলো। ফ্যানেদের পাশাপাশি ফিফার কিংবদন্তিরা ভোট দিয়েছেন বর্ষসেরা গোল বাছাইয়ের ক্ষেত্রে। এই পুরস্কারের সঙ্গে জুড়ে থাকল ভারতের নাম। কারণ, মার্তার হাতে মার্তা পুরস্কার তুলে দেন ভারতের ফুটবলার ডালিমা ছিব্বার।












Click it and Unblock the Notifications