ফুটবলকে চিরতরে বিদায় জানিয়ে বুট জোড়া তুলে রাখলেন আর্জেন্তাইন তারকা
ফুটবলকে চিরতরে বিদায় জানিয়ে বুট জোড়া তুলে রাখলেন আর্জেন্তাইন তারকা
২০১৮ সালে আর্জেন্তিনা দলের জার্সিতে অবসর ঘোষণার পর এবার পেশাদার ফুটবল কেরিয়ারকে চিরতরে বিদায় হ্যাভিয়ের ম্যাসচেরানোর। পাকাপাকিভাবে বুট জোড়া তুলে রাখলেন আর্জেন্তাইন ডিফেন্ডার। ১৭ বছরের দীর্ঘ ফুটবল কেরিয়ারকে বিদায় জানালেন তিনি।

অবসর নিয়ে কী জানালেন তারকা
কেরিয়ারের শেষবেলায় আর্জেন্টিনার ক্লাব লা প্লাটায় খেলছিলেন ম্যাসচেরানো। ২০২০-২১ মরসুমে পুরোটা এই ক্লাবে খেলবেন বলেই স্থির করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদল করে বুটজোড়া তুলে রাখায় আর্জেন্তাইন ফুটবলার মনস্থির করলেন। অবসর ঘোষণা করার পর ৩৬ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার জানান, 'অনেক ভেবে চিন্তেই ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলাম। এখন বুট জোড়া তুলে রাখার সময় এসেছে। '

বিদায়বেলায় বন্ধুকে নিয়ে কী জানালেন মেসি
আর্জেন্তিনার জার্সিতে সাফল্যের সঙ্গে লিভারপুল, বার্সেলোনা দলে খেলেও সুনাম পেয়েছেন তিনি। দেশের পাশাপাশি বার্সেলোনাতে ম্যাসচেরানো-মেসি একসঙ্গে খেলেছেন। ম্যাসচেরানোর বিদায় বেলায় মেসি জানান 'দীর্ঘ ১৭ বছর ধরে বিভিন্ন সময়ে তোমার সঙ্গে লকাররুম শেয়ার করেছি। একসঙ্গে অনেক ম্যাচ জিতেছি, আবার খাবর সময়ের মধ্য়ে দিয়েও গিয়েছি। মনে রাখার মতো সুস্মৃতি রয়ে গেলে। তোমার দ্বিতীয় ইনিংসের জন্যে অনেক শুভেচ্ছা।'

দেশের হয়ে বিশ্বকাপে রানার্স সর্বোচ্চ প্রাপ্তি
আর্জেন্টিনার হয়ে ২০১৪ সালের বিশ্বকাপে রানার্স আপ হয়েছেন ম্যাসচেরানো। ফাইনালে মেসির আর্জেন্তিনা জার্মানির বিরুদ্ধে ০-১ গোলে ম্যাচ হেরে রানার্স হয়ে মাঠ ছেড়েছিল। এছাড়া দেশের হয়ে কোপা আমেরিকায় চারবার (২০০৪, ২০০৭, ২০১৫ ও ২০১৬) রানার্স হয়েছেন তিনি।

একনজরে সাফল্য
প্রসঙ্গত ২০০৩ সালে রিভারপ্লেটের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন ম্যাসচেরানো। খেলেছেন করিন্থিয়াস, ওয়েস্ট হ্যাম, লিভারপুল, বার্সেলোনা ও হেবেই চায়নার হয়ে। বার্সার হয়ে ৫টি লা লিগা, ৫টি কোপা দেল রে, ৩টি স্প্যানিশ সুপার কাপ, ২টি চ্যাম্পিয়নস লিগ, ২টি উয়েফা সুপার কাপ ও ২টি ক্লাব বিশ্বকাপ জিতেছেন ম্যাচেরানো।












Click it and Unblock the Notifications