এটিকে মোহনবাগান-কেরালা ব্লাস্টার্স দ্বৈরথ দিয়ে শুরু আইএসএল, সম্ভাব্য দল ও কীভাবে দেখবেন জানুন
কাল থেকে শুরু হচ্ছে ২০২১-২২ মরশুমের আইএসএল। উদ্বোধনী ম্যাচে ফতোরদায় গতবারের রানার-আপ এটিকে মোহনবাগানের সামনে কেরালা ব্লাস্টার্স এফসি। এই স্টেডিয়ামে গত মরশুমে ১৫টি ম্যাচ খেলে ১২টিতেই অপরাজেয় ছিল আন্তোনিও লোপেজ হাবাসের দল। অপরদিকে চারটি ম্যাচ খেলে এই স্টেডিয়ামে একটিতেও জেতেনি কেরালা ব্লাস্টার্স।
|
তৈরি সবুজ মেরুন
গত মরশুমের আইএসএলে শেষ পাঁচটি ম্যাচের মধ্যে দুটি জেতে এটিকে মোহনবাগান, একটি ড্র, ফাইনাল-সহ পরাজয় দুটিতে। আইএসএলে রানার-আপ হওয়ার পর এএফসি কাপে দাপটে খেলে নক আউটেও পৌঁছায় সবুজ মেরুন। কিন্তু ইন্টার জোনাল সেমিফাইনালে নাসাফের কাছে হাফ ডজন গোল হজম করতে হয় এটিকে মোহনবাগানকে। অন্য়দিকে, কেরালা ব্লাস্টার্স গত মরশুমের শেষ পাঁচটি ম্যাচে তিনটিতে হারে, দুটি ড্র। গোটা আইএসএলে মাত্র তিনটি জয়ের সুবাদে ১১ দলের মধ্যে দশম স্থানে শেষ করেছিল তারা। তবে এবার শক্তি বাড়িয়ে কালকের ম্যাচে দুই দলই তিন পয়েন্টের জন্যই ঝাঁপাবে বলে মনে করা হচ্ছে।
|
কেমন প্রস্তুত এটিকে মোহনবাগান?
এটিকে মোহনবাগান গোলকিপার অরিন্দম ভট্টাচার্যের জায়গায় নিয়েছে অমরিন্দর সিংকে। তবে সন্দেশ ঝিঙ্ঘানের অভাব সুমিত রথী কতটা মেটাতে পারবেন সেটা লক্ষ্যণীয়। তবে উইংয়ে লিস্টন কোলাসো ও প্লে-মেকিং জোনে হুগো বুমৌসের উপস্থিতি সবুজ-মেরুনের আক্রমণকে ধারালো করতেই পারে। আক্রমণভাগে রয় কৃষ্ণ নিশ্চিত। তিরি ও বুমৌস দুজনেই যদি খেলেন তবে চতুর্থ বিদেশি হওয়ার লড়াইয়ে ডেভিড উইলিয়ামস ও ইউরো ২০২০-তে খেলা জনি কাউকো।
|
নিউ লুকে কেরালা ব্লাস্টার্স
কেরালা ব্লাস্টার্সে এবার সব নতুন বিদেশি। চেন্নাইয়িন এফসিতে খেলা এনেস সিপোভিচ ও ক্রোয়েশিয়ার মার্কো লেসকোভিচকে সেন্ট্রাল ডিফেন্সে রেখে রক্ষণ মজবুত করা হচ্ছে। গত মরশুমে ৩৬টি গোল হজম করেছিল কেরালা ব্লাস্টার্স। নিশু কুমার, অধিনায়ক জেসেল কার্নেরিও, সঞ্জীব স্ট্যালিনরা ফুল ব্যাক পজিশনে থাকতে পারেন। মেলবোর্ন সিটিকে এ-লিগ জেতানোয় অবদান রাখা আদ্রিয়ান লুনা, অ্যালভারো ভাসকুয়েজের পাশাপাশি গোলের জন্য হরমনজ্যোৎ সিং খাবড়ার দিকেও তাকিয়ে থাকবে কেরালা ব্লাস্টার্স। সাহাল আবদুল সামাদ, জিকসন সিং, সাথিয়েন সিংরা কতটা সাপোর্ট আক্রমণভাগের খেলোয়াড়দের দিতে পারেন সেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সার্বিয়ান হেড কোচ ইভান ভুকামানোভিচের রণকৌশল ঠিক করার ক্ষেত্রে।
|
আত্মবিশ্বাসী হাবাস
এটিকে মোহনবাগানের রয় কৃষ্ণর পাশাপাশি ফুটবলপ্রেমীদের নজর থাকবে কেরালা ব্লাস্টার্সের তারকা স্ট্রাইকার আলভারো ভ্যাসকুয়েজের দিকে, যিনি লিগা ও ইউরোপের প্রথম সারির বিভিন্ন দলে খেলেছেন। হাবাস কোচ হিসেবে এবার উদ্বোধনী ম্যাচে থাকবেন পঞ্চমবার। এর আগে চারটির মধ্যে তিনটিতে তাঁর দল জিতেছে। একবারই হেরেছে ২০১৯-২০ মরশুমে কেরালা ব্লাস্টার্সের কাছেই। হাবাস বলেছেন, কোনও ফুটবলারের কথা আলাদাভাবে বলব না। আমরা দল হিসেবেই খেলি। সবাই ভালো ও দৃঢ় চরিত্রের ফুটবলার। গতবার কেরালা ব্লাস্টার্সকে হারিয়েছিলাম। এবার খুব বেশি তথ্য নেই। নতুন কোচ, নতুন খেলোয়াড়রা রয়েছেন। তাঁদের সম্পর্কে আলাদা আলাদা তথ্য জোগাড় করেছি। আমাদের নিজেদের দল কেমন সেটাই ৮৫ শতাংশ গুরুত্বপূর্ণ। মনে করা হচ্ছে, আক্রমণাত্মক ফুটবলই খেলবে হাবাসের দল। তবে সবুজ-মেরুন কোচ প্রথম একাদশ বা রণকৌশল গোপন রাখলেও জানিয়েছেন তাঁর দল ভালো খেলতে তৈরি, চিন্তার কিছু নেই। দুই দলেই কোনও চোট সমস্যাও নেই।
|
কোথায় দেখবেন?
কালকের ম্যাচ শুরু ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ২ এইচডি, স্টার স্পোর্টস ৩-র পাশাপাশি হিন্দি কমেন্ট্রি-সহ খেলা দেখা যাবে স্টার স্পোর্টস হিন্দি ও হিন্দি এইচডিতে। বাংলায় দেখা যাবে জলসা মুভিজে এবং স্টার স্পোর্টস ১ বাংলা, তামিল, কন্নড় ও তেলুগুতে। ডিজনি প্লাস হটস্টার ও জিও টিভিতেও আইএস দেখতে পারবেন ফুটবলপ্রেমীরা।












Click it and Unblock the Notifications