আইএসএল প্লে-অফ ৯০ মিনিটেই জিততে চায় এটিকে মোহনবাগান, অঘটন ঘটানোর হুঙ্কার দিল ওডিশা এফসি
আইএসএলের প্লে-অফে কাল বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এটিকে মোহনবাগান নামছে ওডিশা এফসির বিরুদ্ধে। ৯০ মিনিটেই জয় চাইছেন সবুজ মেরুন কোচ হুয়ান ফেরান্দো।
আইএসএলের দ্বিতীয় প্লে-অফে কাল বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামছে ওডিশা এফসি। এই প্রথম তারা প্লে-অফে উঠেছে, কখনও হারাতে পারেনি এটিকে মোহনবাগানকে। সবুজ মেরুন শিবির ম্যাচের ফয়সালা চাইছে ৯০ মিনিটেই। ওডিশার কোচ অবশ্য কলকাতায় নেমেই অঘটন ঘটানোর হুঙ্কার দিলেন।

আজ এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো বলেন, পরের রাউন্ডে যেতে গেলে এই ম্যাচ জিততেই হবে। আমরা অতিরিক্ত সময় বা পেনাল্টি শ্যুটআউটের কথা ভাবছি না। তবে পরিস্থিতি সেদিকে গেলে তার পরিকল্পনাও রয়েছে। ৯০ মিনিটেই ম্যাচ জেতা নিশ্চিত করা আমাদের লক্ষ্য। চলতি আইএসএলে ভুবনেশ্বরে গোলশূন্য ড্র করলেও ফিরতি সাক্ষাতে হোম ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল এটিকে মোহনবাগান। ফেরান্দো বলেন, এখানে আমাদের সমর্থকরা রয়েছেন। ফলে হোম ম্যাচ সব সময়ই ভালো। তবে এটা নক-আউট ম্যাচ। আমাদের জিততেই হবে। খারাপ সময়েও সমর্থকরা প্লেয়ারদের জন্য তাঁদের এনার্জি উজাড়় করে দিয়েছিলেন।
ওডিশা এফসিকে সমীহ করছেন ফেরান্দো। তিনি বলেন, ওরা এই মরশুমে ভালো খেলছে। ভালো কয়েকজন ফুটবলার রয়েছেন। তবে আমরা তাঁদের মোকাবিলা করতে নিজেদের প্লেয়ারদের নিয়েই পরিকল্পনা সাজাচ্ছি। আইএসএলে নক-আউট ম্যাচগুলি তো বটেই, সুপার কাপেও গোল করার ক্ষেত্রে ধারাবাহিকতার অভাবের সমস্যা কাটিয়ে ওঠা যাবে বলে আশাবাদী ফেরান্দো। তিনি বলেন, আমাদের প্ল্যান একই থাকছে। সব বিভাগেই আমাদের প্রস্তুতি ভালো। তবে কেরালা ব্লাস্টার্স এফসি বা ইস্টবেঙ্গলের চেয়ে ওডিশা এফসির মোকাবিলা করা তুলনায় কঠিন। কেরালা ম্যাচেও তিন পয়েন্ট জরুরি ছিল নক-আউটের ক্ষেত্রে। এই ম্যাচেও সেমিফাইনালে ওঠা ৯০ মিনিটের মধ্যেই চূড়ান্ত করে ফেলতে চাই। দলের উপর আস্থা রয়েছে। খুব বেশি রদবদলের দরকার নেই।
ওডিশা এফসি-র কোচ জোসেফ গোম্বাউ বলেন, আমাদের কিছুই হারানোর নেই। অনেক কিছু জেতার রয়েছে। অনেকেই ভাবছেন, এটিকে মোহনবাগান সুবিধাজনক জায়গায় রয়েছে। কিন্তু আমরা অঘটন ঘটানোর প্রত্যয় নিয়েই কলকাতায় পা রেখেছি। আমরা যে ভালো দল এবং আরও এগিয়ে যেতে পারি, সেটাই দেখাতে চাই। দলের ফুটবলারদের উপর পূর্ণ আস্থা রয়েছে। প্রতিটি ম্যাচ আলাদা। আমরা এটিকে মোহনবাগানের বিরুদ্ধে দুবার খেলেছি চলতি মরশুমে। আমাদের মাঠে আমরাই ভালো খেলেছিলাম। সেই ম্যাচটি জিততেও পারতাম। কলকাতায় দ্রুত গোল হজম করায় কাজ কঠিন হয়ে গিয়েছিল। একটা ড্র, একটা পরাজয়ের পর এবার আমরা জিততে চাই। এটিকে মোহনবাগানকে সমীহ করছি। কিন্তু নক আউট ম্যাচ বলে তাদের পক্ষেও কাজ সহজ হবে না। ভুল-ত্রুটি শুধরে জয় ছিনিয়ে নেওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ওডিশার মিডফিল্ডার থৈবা সিং।












Click it and Unblock the Notifications