Asian Games 2023: এশিয়াডের দ্বিতীয় রাউন্ডে সুনীল ব্রিগেড, বিদায় মহিলা দলের
এশিয়ান গেমসের গ্রুপ পর্বের শেষ ম্যাচে রবিবার মায়নমারের মুখোমুখি হয়েছি্ল ভারতীয় দল। ম্যাচের ১-১। এশিয়ান গেমসে প্রথম মাচে চিনের বিরুদ্ধে হারের পর বাংলাদেশের বিরুদ্ধে জয়ে ফেরে ভারত। শেষ ম্যাচ ড্র করে দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করলেন সুনীলরা।
পর্যাপ্ত অনুশীলন ছাড়াই এই ম্যাচে খেলতে নামতে হয় ভারতীয় দলকে। কিন্তু ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক ছন্দে খেলতে শুরু করে ইগর স্টিমাচের দল। ২২ মিনিটে পেনাল্টি পেল ভারত। বক্সের মধ্যে রহিম আলিকে ফাউল করেন মায়ানমারের গোলরক্ষক।পেনাল্টি থেকে গোল করে ভারতে এগিয়ে দিলেন সুনীল। গত ম্যাচেও পেনাল্টি থেকেই গোল পান ভারত অধিনায়ক।

এরপর প্রথমার্ধে সেভাবে সুযোগ তৈরি করতে পারেননি ব্লু ব্রিগেড। তাই এক গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরেন সুনীল-সন্দেশরা। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চাপ বাড়ায় মায়ানমার।৭৪ মিনিটে গোল শোধ করে দেয় মায়ানমার। এরপর দুই দল একাধিক সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত ফলাফলে কোনও পরিবর্তন হয়নি। ১-১ গোলেই শেষ হয় ম্যাচ।
গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে ম্যাচ শুরু করেছিল ভারত। রবিবারের ম্যাচে মায়ানমারকে হারাতে বা তাদের বিরুদ্ধে ড্র করতে পারলেই মিলবে পরের রাউন্ডের টিকিট, এই সমীকরণ মাথায় রেখেই খেলতে নেমেছিলেন সুনীল ছেত্রীরা। ইতিমধ্যেই গ্রুপ থেকে শেষ ষোলোয় পৌঁছে গিয়েছে আয়োজক দেশ চিন। গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে পরের রাউন্ডে ওঠার লড়াই ছিল ভারত ও মায়ানমারের মধ্যে। ম্যাচ ড্র করে দ্বিতীয় স্থানের টিকিট নিশ্চিত করে ফেলল ভারত। কঠিন ম্যাচেও ত্রাতার নাম সেই সুনীল ছেত্রী।

১৯৭০ সালে শেষবার এশিয়ান গেমসে পদক জিতেছিল ভারত। সেবার জাপানকে হারিয়ে ব্রোঞ্জ জয় করে ভারতীয় দল। এরপর ৫৩ বছর কেটে গিয়েছে কিন্তু এশিয়াডে ফুটবলে পদক অধরাই থেকেছে ভারতের। ২০১০ সালের পর আবার দ্বিতীয় রাউন্ডে পৌঁছালো ভারতীয় দল। ১৩ বছর আগে জাপানের কাছে ৫ গোলে হেরেই বিদায় নিতে হয়েছিল ভারতকে। এবার দ্বিতীয় রাউন্ডের বাধা টপকানোই বড় চ্যালেঞ্জ সুনীলদের কাছে।

এদিকে, এশিয়ান গেমস থেকে বিদায় নিল ভারতের মহিলা ফুটবল দল। তাইল্যান্ডের কাছে ০-১ গোলে হার থমাস ডেনার্বির দলের। প্রথম ম্যাচে চীনা তাইপের কাছে ১-২ গোলে হারে ভারত। এদিন একাধিক সুযোগ নষ্টের খেসারত দিতে হল ভারতকে। তাইল্যান্ডের কাছে গোল খাওয়ার পর থেকেই ভারতের আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছিল। তাঁরা নিজেদের দখলে বল রাখতে পারছিল না। ফলে সমতা ফেরাতেও পারেনি।












Click it and Unblock the Notifications