West Bengal Weather Update: চড়বে পারদ, বৃষ্টির পূর্বাভাস বেশকিছু জেলায়; কেমন থাকবে আবহাওয়া?
West Bengal Weather Update: কথায় বলে এক মাঘে শীত যায় না। অথচ মাঘ মাস পড়তেই ঠান্ডার দাপট (Winter) কার্যত উধাও। গত কয়েকদিন ধরেই সর্বনিম্ন তাপামাত্রা (Lowest Temperature) ১৬ থেকে ১৭ ডিগ্রির উপরেই থাকছে। বুধবারও তাপমাত্রার তেমন পরিবর্তন হচ্ছে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহে তেমনভাবে শীতের দেখা পাবেন না কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মানুষ।
বুধবার কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গে (Kolkata Weather) সর্বোচ্চ তাপমাত্রা (Highest Temperature) ২৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার তা বেড়ে যথাক্রমে ২৮ ডিগ্রি ও ১৬ ডিগ্রি হতে পারে। শুক্রবার তা আরও বেড়ে ২৯ ডিগ্রি ও ১৮ ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে কিছুটা কমতে পারে তাপমাত্রা।

রবিবার থেকে ২ দিন ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। তবে আগামী সপ্তাহে ফের বাড়তে পারে তাপমাত্রা। অর্থাৎ, মাঘেই কার্যত উধাও হয়ে যাচ্ছে শীত। কনকনে ঠান্ডা ফেরার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাপমাত্রার হেরফের না হলেও আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে। কুয়াশার দাপট বাড়ার সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।
বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পূর্ব বাতাসের সঙ্গে জলীয় বাষ্প ঢুকতে পারে রাজ্যে। ক্রমশ বাড়ছে পুবালি হাওয়ার দাপটও। বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তুরে হাওয়া। জলীয় বাষ্প ঢোকার জেরে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বৃষ্টি হতে (Rain) পারে। উত্তরবঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। এদিকে ঘন কুয়াশার সতর্কতা কয়েছে রাজ্যের বেশকিছু জেলায়।
বুধবার দক্ষিণবঙ্গের ৯টি জেলায় কুয়াশার দাপট (Fog Alert) থাকবে। বৃহস্পতিবারও ১২টি জেলায় কুয়াশার সতর্কতা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে বৃহস্পতিবার কুয়াশার দাপট থাকবে। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যেতে পারে।
উত্তরবঙ্গেও (North Bengal Weather) থাকবে কুয়াশার দাপট। বুধ ও বৃহস্পতিবার মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহারে ঘন কুয়াশা থাকতে পারে। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও থাকবে কুয়াশা। তবে সার্বিকভাবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হবে। যার জেরে ঠান্ডার দাপট কমে যাবে। তবে রবিবার থেকে সামান্য কমতে পারে সর্বনিম্ন তাপমাত্রা।












Click it and Unblock the Notifications