West Bengal Weather Update: বিদায়ের আগে ঝোড়ো ইনিংস শীতের, ৫ ডিগ্রি নামল তাপমাত্রা; জানুন আবহাওয়া আপডেট
West Bengal Weather Update: ফের বাংলায় ফিরল শীতের আমেজ (Winter)। শুক্রবার এক ধাক্কায় অনেকটা কমল তাপমাত্রা (Temperature Fall)। সকাল থেকেই অনুভূত হচ্ছে শীতের আমেজ। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা নামল ১৩ ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গে দিনের গড় তাপামাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে, আগামী ২ থেকে ৩ দিনে আরও তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। ১০ ফেব্রুয়ারি সোমবার থেকে বাড়তে পারে তাপমাত্রা। অর্থাৎ, রবিবার পর্যন্ত এমনই শীত অনুভূত হবে। সোমবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে সোমবার থেকে।

শুক্রবার হু হু করে নামল পারদ। পাহাড় থেকে সমতল, শুক্রবার সকাল থেকেই ফের কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। ঘন কুয়াশাও রয়েছে বেশকিছু জায়গায়। দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও ভালো শীতের আমেজ রয়েছে। উত্তরের পাঁচ জেলায় কনকনে শীত রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে শীত রয়েছে।
সরস্বতী পুজোতেও ছিল না শীত। কার্যত উধাও হয়ে গিয়েছিল ঠান্ডা। শীতের পোশাক-সহ লেপ কম্বল তুলেই দিয়েছিলেন অনেকে। এমনকী পাখাও চলতে শুরু করে দিয়েছিল ঘরে ঘরে। কিন্তু বিদায়ের আগে ফের একবার ঝাঁকুনি শীতের। ২ দিনে ৫ ডিগ্রি সেলসিয়াস কমে গেল তাপমাত্রা। শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। আপাতত ঝমঝমিয়ে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা নেই।
বৃষ্টির সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গেও। তবে কুয়াশা প্রবলভাবে দাপট দেখাবে রাজ্যজুড়ে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বাকি চার জেলা কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর ও মালদহে তেমন কুয়াশা থাকবে না। ঘন কুয়াশার সতর্কতা কোথাও নেই। দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার বেশকিছু অংশে কুয়াশা দেখা যাবে।












Click it and Unblock the Notifications