West Bengal Weather Update: নেই জাঁকিয়ে শীত, বর্ষশেষে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন পূর্বাভাস
West Bengal Weather Update: বছর শেষ হতে বাকি আর ৫ দিন। ডিসেম্বরের শেষ সপ্তাহেও গরহাজির কনকনে শীত (winter)। বড়দিনে রাজ্যজুড়ে উৎসবের আমেজ থাকলেও জাঁকিয়ে শীত ছিলই না। গত দুই তিন দিন ধরে রাতের তাপমাত্রা (temperature) ১৭ থেকে ১৮ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করছে। এমতাবস্থায় কনকনে ঠান্ডা আবার কবে ফিরবে? পূর্বাভাস (weather forecast) জানাল আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস জানিয়েছে, এই বছরে আর সেরকম কনকনে শীত ফিরছে না। যা হবে নতুন বছরেই। শুধু সপ্তাহান্তে অর্থাৎ বছরের শেষ দুই দিন আর ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। তবে বর্ষশেষে তেমন জাঁকিয়ে ঠান্ডা পড়বে না। আগামী চার পাঁচ দিনে তাছাড়া তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের পূর্বাভাস নেই।

তবে ভরা পৌষেও কেন ফিরছে না শীত? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শুক্রবার ২৭ ডিসেম্বর নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে উত্তর পশ্চিম ভারতে। উত্তর পশ্চিম ভারতে জেট স্ট্রিমের প্রভাবে ও রাজস্থান সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় প্রভাব পড়েছে। বাধা প্রাপ্ত হয়েছে কনকনে উত্তুরে হাওয়া। যার জেরেই শীত কার্যত উধাও হয়ে গিয়েছে।
ডিসেম্বরের শেষ সপ্তাহে শীতের আমেজটুকুই রইল। আগুন পোহানোর মতো কনকনে শীত আর পড়ল না। বছরের শেষ ২ দিন খালি তাপমাত্রা ১৫ ডিগ্রি হতে পারে। তবে আগামী ৪ থেকে ৫ দিন কুয়াশার দাপট থাকবে। বেলা বাড়লে ধীরে ধীরে পরিষ্কার হবে আকাশ। কোথাও কোথাও আবার মেঘলাও থাকতে পারে আকাশ। হালকা কুয়াশা দেখা যাবে ভোরের দিকে। পশ্চিমের কয়েকটি জেলায় আবার মাঝারি কুয়াশা দেখা দিতে পারে।
কুয়াশার সম্ভাবনা বেশি রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। ঘন কুয়াশার সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের ৫টি জেলায়। কুয়াশার সম্ভাবনা বেশি রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও মালদহ জেলায়। ওই সমস্ত জেলায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও কমবেশি কুয়াশার দাপট থাকবে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার আকাশ আংশিক মেঘলা থাকবে। ভোরের দিকে কুয়াশা দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা পরিষ্কার হয়ে যাবে। কলকাতা ও সংলগ্ন অঞ্চলে সকালে ধোঁয়াশা দেখা যাবে। বেলা বাড়তে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। আগামী ৪ থেকে ৫ দিন কলকাতা ও সংলগ্ন অঞ্চলে তাপমাত্রার কোনও বড় পরিবর্তন হবে না। জাঁকিয়ে শীতের সম্ভাবনাও নেই মহানগরে।
অন্যদিকে, বুধবার বড়দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে সাড়ে তিন ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৯৩ শতাংশ। বৃহস্পতিবার কলকাতার বাতাসের গুনগতমানের সূচক মোটের উপর ভালো থাকবে। ১৮০ এর আশেপাশে তা থাকবে। শহরতলির মধ্যে তূলনামূলক খারাপ বাতাসের গুনগতমানের সূচক থাকবে হাওড়ায়।












Click it and Unblock the Notifications