West Bengal Budget Expectations: বাড়তে পারে DA, লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ! বাংলার বাজেটে 'কল্পতরু' হবেন মমতা?
West Bengal Budget Expectations: সোমবার শুরু হয়ে গেল রাজ্যের বাজেট অধিবেশন। আগামী ১২ ফেব্রুয়ারি বুধবার রাজ্যের বাজেট (State Budget) পেশ করা হবে। তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে এটাই। তার কারণ বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে পূর্ণাঙ্গ বাজেটে কোন কোন খাতে রাজ্য বিশেষ নজর দেয়, তা নিয়ে উদগ্রীব সবপক্ষ।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে পেশ করা হবে অন্তর্বর্তী বা ভোট অন অ্যাকাউন্ট বাজেট। আর তাই ২০২৫ সালের তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে সন্দেহাতীতভাবেই তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর, বাজেটে রাজ্য সরকারের সামাজিক প্রকল্পগুলিতেই বাড়তি বরাদ্দ ঘোষণা হতে পারে। ভোটারদের মন পেতে বরাবরই শাসকদলের অন্যতম হাতিয়ার লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, বিধবাভাতা-সহ একাধিক সামাজিক প্রকল্প।

২০২৫ এর রাজ্য বাজেটে সেগুলিতেই রাজ্য সরকার বাড়তি নজর দিতে পারে বলে খবর। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, বিধবাভাতা, বাংলার বাড়ির মতো চলমান প্রকল্পগুলিতে বাড়তে পারে বরাদ্দ। স্রেফ তাই নয়, ভোটের কথা মাথায় রেখে নতুন সামাজিক প্রকল্পও ঘোষণা হতে পারে। সপ্তাহ আগেই অনুষ্ঠিত হয়েছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ওরফে বিজিবিএস। সূত্রের খবর, কর্মসংস্থান নিয়েও ঘোষণা হতে পারে বাজেটে।
বাংলায় শিল্পের খরা কাটাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার। এই অবস্থায় আগামী বছরের ভোটকে মাথায় রেখে বাজেটে ১০০ দিনের কাজ নিয়েও ঘোষণা করতে পারে রাজ্য। তবে ওয়াকিবহাল মহলের একাংশের ধারণা, সামাজিক প্রকল্পগুলির মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারে বড় চমক ঘোষণা করতে পারে তৃণমূল সরকার। বরাদ্দ বৃদ্ধি পেতে পারে লক্ষ্মীর ভান্ডারে।
এদিকে বাজেটে ডিএ বাড়ানো হবে কিনা সেদিকেও নজর রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিন ধরে রাস্তায় আন্দোলনে সরকারি কর্মচারীদের একাংশ। কেন্দ্রীয় হারে ডিএ প্রদানের দাবিতে লড়াই চালাচ্ছেন তারা। আপাতত ১৪ শতাংশ হারে ডিএ পান রাজ্য সরকারি কর্মচারীরা।
২০২৩ সালের বাজেটে তিন শতাংশ ২০২৪ সালের বাজেটে চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল। সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। সেই বৈষম্য দূর করার দাবি সরকারি কর্মচারীদের। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে বড় ঘোষণা করবে রাজ্য সরকার, সেদিকেই তাকিয়ে সব মহল।












Click it and Unblock the Notifications