Weather Update: কনকনে ঠান্ডায় জবুথবু কলকাতা থেকে জেলা, উত্তর ভারতে শৈত্যপ্রবাহ; জেনে নিন আবহাওয়া আপডেট
Weather Update: বছরের শুরুতেই এক ধাক্কায় অনেকটা নেমে গিয়েছিল পারদ। বৃহস্পতিবার ১৩ ডিগ্রির আশেপাশে ছিল গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা। শুক্রবারও একইরকম কনকনে ঠান্ডা (Winter) বজায় থাকবে বলে পূর্বাভাস। এদিকে উত্তর ভারতজুড়ে শুক্রবার শৈত্যপ্রবাহ (cold wave) চলবে বলে জানিয়েছে মৌসম ভবন। ঘন কুয়াশায় (Dense fog) ঢেকে গিয়েছে উত্তর ভারতের একাধিক শহর।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৮ জানুয়ারি পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে (south bengal weather) একইরকম শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে আগামী তিনদিন পর একটু করে বাড়তে পারে তাপমাত্রা। আগামী তিনদিন ১৩ থেকে ১৪ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। তবে তার পর ২ থেকে ৪ ডিগ্রি করে বাড়তে পারে তাপমাত্রা। ১৭ ডিগ্রি পর্যন্ত ছুঁতে পারে রাতের সর্বনিম্ন তাপমাত্রা।

আগামী তিনদিন জাঁকিয়ে শীতের আমেজ বহাল থাকার সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতেও (north bengal weather)। সর্বনিম্ন তাপমাত্রার হেরফের হবে না। তবে তারপর থেকে তাপমাত্রা একটু একটু করে বাড়তে পারে। তবে ৮ জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। তবে ৭ জানুয়ারি উত্তরবঙ্গের ৪ জেলায় হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে।
শুক্রবার কলকাতার (kolkata weather today) সর্বোচ্চ তাপমাত্রা ২১.৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে। যা স্বাভাবিকের থেকে সাড়ে তিন ডিগ্রি কম। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ ডিগ্রির আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৫ ও সর্বনিম্ন ৫৮ শতাংশ থাকতে পারে। বৃহস্পতিবার কনকনে ঠান্ডা অনুভূত হয়েছে কলকাতা-সহ জেলায় জেলায়।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি, ক্যানিংয়ে ১৩.২, দমদমে ১২.৪ ডিগ্রি, ডায়মন্ড হারবারে ১২.৫ ডিগ্রি, দীঘায় ১২.৪ ডিগ্রি, উলুবেড়িয়ায় ১১ ডিগ্রি, বাঁকুড়ায় ৯.৯, শ্রীনিকেতনে ৮.৫, বর্ধমানে ৯.৬, পানাগড়ে ৯.৭ ও ঝাড়গ্রামে ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। উত্তরবঙ্গে দার্জিলিংয়ে সবচেয়ে কম তাপমাত্রা ৫.৬ ডিগ্রি রেকর্ড হয়েছে।
এদিকে দিল্লি-সহ (delhi weather) গোটা উত্তর ভারতে শৈত্যপ্রবাহ চলছে শুক্রবার সকাল থেকেই। একাধিক শহর কুয়াশার চাদরে মুড়ে গিয়েছে। রাজধানীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা নেমেছে ২০ ডিগ্রিতে। সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস। উত্তর ভারতের বাকি শহরগুলির মধ্যে কানপুরে ৮ ডিগ্রি, লখনউতে ৯ ডিগ্রি, প্রয়াগরাজে ৯ ডিগ্রি, বারাণসীতে ১০ ডিগ্রি, পটনায় ১২ ডিগ্রি, অমৃতসরে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে।
ঘন কুয়াশার জেরে ব্যাপক প্রভাব পড়েছে রেল বিমান ও সড়কপথে চলাচলে। দিল্লি বিমানবন্দরের সাধারণ দৃশ্যমানতা ৫০ মিটার হলেও সকাল ৭টা নাগাদ রানওয়ের দৃশ্যমানতা একেবারে শূন্যে নেমে গিয়েছিল। যার জেরে বিমান চলাচলে প্রভাব পড়ার আশঙ্কা থেকে যাত্রীদের উদ্দেশ্যে বিবৃতি জারি করেছে দিল্লি বিমানবন্দর। বিমান ওঠানামার সময় জানতে উড়ান সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলতে পরামর্শ দেওয়া হয়েছে যাত্রীদের।












Click it and Unblock the Notifications