ED Raid: কলকাতায় বসে কানাডায় প্রতারণা! তদন্তে রাজ্যের ১০ জায়গায় ইডির হানা, কীভাবে চলত টাকা আত্মসাৎ?
ED Raid in Kolkata: আন্তর্জাতিক কল সেন্টার প্রতারণায় (Call Center Fraud) রাজ্যের একাধিক জায়গায় ইডির (Enforcement Directorate) হানা। বৃহস্পতিবার সাতসকালে কলকাতা, হাওড়া-সহ নানা জায়গায় হানা কেন্দ্রীয় এজেন্সির। সূত্রের খবর, ভুয়ো কল সেন্টার খুলে কলকাতায় বসেই সুদূর কানাডা, আমেরিকা ও অস্ট্রেলিয়ায় প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল।
কল সেন্টার প্রতারণায় কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়। তারই তদন্তে এদিন একসঙ্গে ১০টিরও বেশি জায়গায় হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার সকালে কলকাতার বালিগঞ্জ, বাগুইআটি, তপসিয়া, বাঙুর অ্যাভিনিউ, পিকনিক গার্ডেন-সহ হাওড়া, রাজারহাট, সল্টলেক, নিউটাউন, সেক্টর ফাইভ, ডোমজুড় ও আটঘড়ায় অভিযান চালায় ইডি।

সূত্রের আরও খবর, কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে রয়েছে রাজেশ গোয়েনকা নামে এক ব্যবসায়ী। তাঁর বাড়িতেও অভিযান চালাচ্ছে ইডি। ভিআরএম বিজনেস প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থাও ইডির স্ক্যানারে রয়েছে। একাধিক ব্যক্তিকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঠিক কীভাবে চলত প্রতারণা? জানা গিয়েছে, ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের বিভিন্ন পরিষেবা দেওয়ার কথা বলা হত। অভিবাসন, পাসপোর্ট-সহ নানা সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হত। সফটওয়ার পরিষেবার নাম করে প্রতারণা চালানো হত কানাডা, আমেরিকা ও অস্ট্রেলিয়ায়।
বিদেশি নাগরিকদের থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হত এভাবে। সূত্রের আরও খবর, আটঘড়ার বাসিন্দা রাজেশ গোয়েনকাই এই চক্রের মূল পান্ডা বলে অনুমান ইডির। রাজেশ-সহ তাঁর একাধিক শাগরেদের বাড়ি ও অফিসেও অভিযান চালানো হয় এদিন।
কোটি কোটি টাকা হাতিয়ে কোথায় যেত সেই টাকা? এব্যাপারে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে ইডি। কোনও হাওয়ালা চক্র নয়, বরং সেই টাকা ক্রিপ্টো কারেন্সির নামে পাচার করা হত। প্রায় ২৫ থেকে ৩০ কোটি টাকা বিদেশি নাগরিকদের থেকে হাতিয়ে ক্রিপ্টোর মাধ্যমে পাচার করা হয়েছে বলে জানা গিয়েছে।
সাইবার ফ্রড ও আর্থিক তছরূপের জোড়া অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে। তবে শুধুই বিদেশে, নাকি অন্যান্য রাজ্যেও এই চক্রের জাল বিস্তৃত আছে, তা খতিয়ে দেখবেন তদন্তকারীরা। নেপথ্যে বড়সড় ব়্যাকেট রয়েছে বলে অনুমান গোয়েন্দাদের। এদিন ১০০ নম্বর পিকনিক গার্ডেনের আবাসন, ডোমজুড়ের সর্দারপাড়া, বাগুইআটির আটঘড়ার গ্রিন ভিস্তা অ্যাপার্টমেন্টে অভিযান চালায় ইডি।












Click it and Unblock the Notifications