আইপিএলে রাজস্থান রয়্যালসে খেলবেন বিশ্বের ১ নম্বর টি ২০ বোলার শামসি
গ্লেন ফিলিপসের পর আরও এক ক্রিকেটারকে নিল রাজস্থান রয়্যালস। চলতি আইপিএলের শুরু থেকেই বিদেশিদের নিয়ে সমস্যা-জর্জরিত ছিল সঞ্জু স্যামসনের দল। জোফ্রা আর্চার, বেন স্টোকস, জস বাটলার, অ্যান্ড্রু টাইরা আইপিএল থেকে সরে দাঁড়ানোয় প্রচণ্ড সমস্যা তৈরি হয়েছিল। যদিও ধীরে ধীরে দল গোছাচ্ছে রাজস্থান রয়্যালস। এবার তারা দলে নিল বিশ্বের ১ নম্বর টি ২০ বোলার বাঁহাতি স্পিনার তাবরেজ শামসিকে।
|
টাইয়ের পরিবর্ত শামসি
অস্ট্রেলিয়ার পেসার অ্যান্ড্রু টাই জানিয়ে দিয়েছেন আইপিএল খেলতে আর আসবেন না। এই পরিস্থিতিতে তাঁর বিকল্প হিসেবে বড় নামকেই নিল রাজস্থান রয়্যালস। দক্ষিণ আফ্রিকার তাবরেজ শামসি এই মুহূর্তে বিশ্বের ১ নম্বর টি ২০ বোলার। তিনি আসায় রাজস্থান রয়্যালসের বিদেশিদের তালিকা ফের সমীহ করার জায়গায় পৌঁছাল। অ্যান্ড্রু টাই আইপিএল থেকে সরে দাঁড়ানোর যে কারণগুলি দেখিয়েছেন তা হলো, বেশ কয়েক মাস পরিবারের থেকে দূরে কাটানো এবং বিশ্বকাপের দলে জায়গায় না পাওয়ার ধাক্কা। আগামী বছর টি ২০ বিশ্বকাপের জন্য নিজেকে শারীরিক ও মানসিকভাবে তৈরি করার লক্ষ্য নিয়ে এগোতে চান বলে আইপিএল থেকে সরে দাঁড়ানোর মতো কঠিন সিদ্ধান্ত নিতে হল বলে জানিয়েছেন টাই। তবে রাজস্থান রয়্যালস দলকেই সমর্থন করবেন বলে বিবৃতিতে সমর্থকদের আশ্বস্ত করেছেন অজি পেসার।

শক্তি বাড়ল রাজস্থানের
ডেভিড মিলার, ক্রিস মরিস, লিয়াম লিভিংস্টোন, মুস্তাফিজুর রহমানের সঙ্গে গ্লেন ফিলিপস ও তাবরেজ শামসি। আইপিএলের প্রথমার্ধে লিভিংস্টোনের বিকল্প হিসেবে দক্ষিণ আফ্রিকার পেসার জেরাল্ড কোয়েৎজিকে নিয়েছিল রাজস্থান রয়্যালস। কিন্তু লিভিংস্টোন আইপিএলের বাকি ম্যাচগুলি খেলবেন বলে কোয়েৎজিকে আর রাখতে পারবে না রাজস্থান রয়্যালস। সংযু্ক্ত আরব আমিরশাহীতে ফারাক গড়তে পারেন রাজস্থান রয়্যালসের রিস্ট স্পিনাররা। শ্রেয়স গোপাল, ময়াঙ্ক মারকণ্ডে, রাহুল তেওয়াটিয়া ছাড়াও রয়েছেন রিয়ান পরাগ। রয়েছেন মিস্ট্রি স্পিনার কেসি কারিয়াপ্পা। ভারতীয় পেসারদের মধ্যে দলের সঙ্গে রয়েছেন জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়া, কার্তিক ত্যাগী, আকাশ সিং, কুলদীপ যাদব। জোরে বোলার মরিস, মুস্তাফিজুরের সঙ্গে বাঁহাতি স্পিনার শামসি আসায় রাজস্থান রয়্যালসের বৈচিত্র্যময় বোলিং আক্রমণ সমীহ করার জায়গায় পৌঁছে গেল। ব্যাট হাতে লিভিংস্টোনের ফর্মও স্বস্তিতে রাখবে সঞ্জুদের।
বিশ্বের ১ নম্বর দ্বিতীয়বার আইপিএলে
২০১৬ সালের আইপিএলে শামসি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে ছিলেন। সেবারও পরিবর্ত ক্রিকেটার হিসেবে এসে চার ম্যাচে তিনটি উইকেট দখল করেছিলেন। সবমিলিয়ে ১৬৩টি টি ২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে শামসির। ১৮৩টি উইকেট নিয়েছেন, ২২.৪২ গড়ে এবং ইকনমি ৭.১৮। দ্য হান্ড্রেডে তিনি খেলেছিলেন ওভাল ইনভিন্সিবলসের হয়ে। ৬টি ম্যাচে নেন ৭ উইকেট। ইকনমি ৮.৭১।
(ছবি- তাবরেজ শামসির ইনস্টাগ্রাম ও বিসিসিআই/আইপিএল)












Click it and Unblock the Notifications