Women's U19 T20 World Cup 2025: অপরাজেয় ভারত বিশ্বকাপের সুপার সিক্সে, শ্রীলঙ্কাকে হারানোয় তৃষার অবদান
Women's U19 T20 World Cup 2025: মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপের সুপার সিক্সে পৌঁছে গেল ভারত। অপরাজেয় থেকেই।
আজ কুয়ালালামপুরে শ্রীলঙ্কার প্রমীলা বাহিনীর বিরুদ্ধে ভারত ৬০ রানে জয় আদায় করে নিল। ম্যাচের সেরা জি তৃষা।

বেউয়েমাস ওভালে আজ টস জিতে শ্রীলঙ্কা ব্যাট করতে পাঠায় ভারতকে। নিকি প্রসাদের দল ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৮ রান তোলে। গোঙ্গাড়ি তৃষা ওপেন করতে নেমে পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে ৪৪ বলে ৪৯ রান করেন।
মিথিলা বিনোদ ১৬, ভিজে জোশিতা ১৪ ও নিকি প্রসাদ ১১ রান করে আউট হন। প্রমুদি মেথসারা, লিমানসা তিলকরত্নে ও আসেনি থালাগুনে ২টি করে উইকেট পান। ১টি করে উইকেট দখল করেন রশ্মিকা সেওয়ান্ডি, চামোদি প্রবোদা ও মানুদি নানায়াক্কারা।
জবাবে খেলতে নেমে শ্রীলঙ্কার মেয়েদের অনূর্ধ্ব ১৯ দল ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৫৮ রান তোলে। রশ্মিকা সেওয়ান্ডির ১৫ রান ছাড়া কেউ দুই অঙ্কের ঘরে নিজেদের রান নিয়ে যেতে পারেননি। শবনিম শাকিল, ভিজে জোশিতা ও পারুণিকা সিসোদিয়া ২টি করে উইকেট পান। ১টি করে উইকেট দখল করেন আয়ুষি শুক্লা ও বৈষ্ণবী শর্মা।
ভারত তিনটি ম্যাচের তিনটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে চলে গেল। শ্রীলঙ্কার ৩ ম্যাচে রয়েছে ৪ পয়েন্ট, ওয়েস্ট ইন্ডিজের ৩ ম্যাচে ২ পয়েন্ট। মালয়েশিয়া তিনটি ম্যাচের একটিতেও জিততে পারেনি।
ভারত চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৯৪ বল বাকি থাকতে হারিয়েছিল ৯ উইকেটে। পরের ম্যাচে মালয়েশিয়াকে ৩১ রানে বেঁধে ফেলে ২.৫ ওভারেই ১০ উইকেটে জয় সুনিশ্চিত করেন নিকি প্রসাদরা। ১০৩ বল বাকি থাকতে জয় এসেছিল। আজ শ্রীলঙ্কাকে হারানোয় গ্রুপের শীর্ষে থেকে সুপার সিক্সে গেল ভারত।












Click it and Unblock the Notifications