Women's Asia Cup 2024: খেতাব দখলে রাখতে পারল না ভারত, প্রথমবার মহিলাদের এশিয়া কাপ জিতল শ্রীলঙ্কা
Women's Asia Cup 2024: দেশের মাটিতে ইতিহাস গড়ল শ্রীলঙ্কার মহিলা ক্রিকেট দল। এই প্রথমবার তারা এশিয়া কাপ জয়ের স্বাদ পেল।
সামনেই মহিলাদের টি২০ বিশ্বকাপ। ফলে ফাইনালের পরাজয় যেমন ভারতের কাছে ধাক্কা, তেমনই আত্মবিশ্বাস বাড়িয়ে নিল শ্রীলঙ্কা।

আজ ডামবুলায় ফাইনালে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। ২০ ওভারে ৬ উইকেটে গতবারের চ্যাম্পিয়নরা তোলে ১৬৫ রান। ওপেনার স্মৃতি মান্ধানা ১০টি চারের সাহায্যে ৪৭ বলে ৬০ রান করেন।
রিচা ঘোষ ১৪ বলে ৩০, জেমাইমা রডরিগেজ ১৬ বলে ২৯, ওপেনার শেফালি ভার্মা ১৯ বলে ১৬, হরমনপ্রীত ১১ বলে ১১, উমা ছেত্রী ৭ বলে ৯ রান করেন। পূজা বস্ত্রকার ৬ বলে ৫ ও রাধা যাদব ১ বলে ১ রানে অপরাজিত থাকেন। কবিশা দিলহারি ২টি এবং উদেশিকা প্রবোধনি, সচিনি নিসানসালা ও চামারি আতাপাত্তু ১টি করে উইকেট নেন।
জবাবে খেলতে নেমে প্রাথমিক ধাক্কা সামলে ১৮.৪ ওভারে ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে ফেলে আতাপাত্তুর দল। ৮ বল বাকি থাকতে ৮ উইকেটে জয়। ওপেনার আতাপাত্তু ৪৩ বলে ৬১ রান করেন। হর্ষিতা সমরবিক্রমা ৫১ বলে ৬৯ ও কবিশা দিলহারি ১৬ বলে ৩০ রানে অপরাজিত থাকেন।
ওপেনার বিশমি গুণরত্নে ৩ বলে ১ রান করে রান আউট হন। আতাপাত্তুর উইকেটটি পেয়েছেন দীপ্তি শর্মা। হর্ষিতা হয়েছেন ম্যাচের সেরা। টুর্নামেন্টের সেরা আতাপাত্তু। এদিনের ম্যাচে মোট ৩৩২ রান উঠল। ভারত ও শ্রীলঙ্কা মহিলা দলের মধ্যে হওয়া কোনও টি২০ আন্তর্জাতিকে এটিই সর্বাধিক। তাছাড়া টি২০ আন্তর্জাতিকে এদিনই সর্বাধিক রান তাড়া করে জিতল শ্রীলঙ্কা।
ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেন, আমরা গোটা টুর্নামেন্টে ভালো খেলেছি। তবে আজ বেশ কিছু ভুলভ্রান্তি হয়েছে। রানটা গড়পড়তা ছিল। শ্রীলঙ্কা ভালো ব্যাট করেছে। আমাদের কোনও সুযোগই দেয়নি। আজকের দিনটা মনে থাকবে।
ভারত এই টুর্নামেন্টকে দেখছিল টি২০ বিশ্বকাপের প্রস্তুতির বড় মঞ্চ হিসেবে। ফলে বেশ কিছু বিভাগে উন্নতির প্রয়োজনীয়তা রয়েছে বলে উপলব্ধি হরমনপ্রীতের। তিনি বলেন, শ্রীলঙ্কাও সম্প্রতি খুব ভালো খেলছে। তাদের অভিনন্দন।
মহিলাদের এশিয়া কাপে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন ভারত। ২০০৪, ২০০৫-০৬, ২০০৬, ২০০৮-এ মহিলাদের এশিয়া কাপ হয় ওডিআই ফরম্য়াটে। সববারই জিতেছিল ভারত। ২০১২, ২০১৬, ২০২২ সালে টি২০ ফরম্যাটেও ভারতের মহিলা দলই চ্যাম্পিয়ন হয়। ২০১৬ সালে খেতাব জেতে বাংলাদেশ, এবার শ্রীলঙ্কা।












Click it and Unblock the Notifications