আইসিসি টুর্নামেন্টে ঘুচল পুরুষ ও নারীর বৈষম্য, মহিলা টি২০ বিশ্বকাপ নিয়ে ঐতিহাসিক পদক্ষেপ
Women's T20 World Cup 2024: আইসিসি টুর্নামেন্টে ঘুচল পুরুষ ও নারীর বৈষম্য। আসন্ন মহিলাদের টি২০ বিশ্বকাপই হতে চলেছে প্রথম আইসিসি ইভেন্ট যেখানে থাকছে না এই বৈষম্য।
পুরুষদের টি২০ বিশ্বকাপে যে পুরস্কারমূল্য দেওয়া হয় সেটাই এবার দেওয়া হবে মহিলাদের টি২০ বিশ্বকাপে। গত বছর এই টুর্নামেন্টের তুলনায় এবার মোট পুরস্কারমূল্য বাড়ছে ২২৫ শতাংশ।

শারজা ক্রিকেট স্টেডিয়ামে আয়োজক বাংলাদেশের সঙ্গে স্কটল্যান্ড ম্যাচ দিয়ে ৩ অক্টোবর থেকে শুরু হবে মহিলাদের টি২০ বিশ্বকাপ। পুরুষ ও মহিলাদের টুর্নামেন্টে পুরস্কারমূল্যের বৈষম্য ঘোচানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গত বছরের জুলাইয়ে হওয়া আইসিসির বার্ষিক অধিবেশনে।
আইসিসির সিদ্ধান্তের ফলে, বিশ্বকাপের ক্ষেত্রে ক্রিকেটই হলো প্রথম মেজর টিম স্পোর্ট, যেখানে পুরুষ ও মহিলাদের পুরস্কারমূল্য সমান। আসন্ন মহিলাদের টি২০ বিশ্বকাপ যে দল জিতবে তারা পাবে ২.৩৪ মিলিয়ন মার্কিন ডলার। যা আগেরবারের তুলনায় ১৩৪ শতাংশ বেশি।
দক্ষিণ আফ্রিকায় গত বছর মহিলাদের টি২০ বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। পেয়েছিল ১০ লক্ষ মার্কিন ডলার। রানার-আপ হয়েছিল দক্ষিণ আফ্রিকা। এবারের বিশ্বকাপে রানার-আপ দল পাবে ১.১৭ মিলিয়ন মার্কিন ডলার। এ ক্ষেত্রেও ১৩৪ শতাংশ বৃদ্ধি গতবারের তুলনায়। গতবার দক্ষিণ আফ্রিকা রানার-আপ হয়ে পেয়েছিল ৫ লক্ষ মার্কিন ডলার।
সেমিফাইনালে পরাজিত দলগুলি পাবে ৬,৭৫,০০০ মার্কিন ডলার করে। গতবারের মহিলা টি২০ বিশ্বকাপে এই পরিমাণ ছিল ২,১০,০০০ মার্কিন ডলার। সামগ্রিকভাবে মোট পুরস্কারমূল্যের পরিমাণ ৭,৯৫৮,০৮০ মার্কিন ডলার। গত বছর ছিল ২.৪৫ মিলিয়ন মার্কিন ডলার। এবার মোট পুরস্কারমূল্যের ক্ষেত্রে বৃদ্ধি ২২৫ শতাংশ।
মহিলাদের ক্রিকেটকে গুরুত্ব দিচ্ছে আইসিসি। ২০৩২ সালের মধ্যে মহিলা ক্রিকেটকে আরও বিকশিত করার লক্ষ্যে বেশ কিছু পরিকল্পনা রয়েছে আইসিসির। এই পুরস্কারমূল্যের সমতা আনা সেই লক্ষ্যপূরণের পথে অন্যতম পদক্ষেপ। পুরুষ ও মহিলাদের সমমানের টুর্নামেন্টে পুরস্কারমূল্য এবার থেকে সমান রাখা হবে।
গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জেতার জন্য সংশ্লিষ্ট দলকে দেওয়া হবে ৩১,১৫৪ মার্কিন ডলার। সেমিফাইনালে যে ৬টি দল পৌঁছতে পারবে না তাদের অবস্থানের ভিত্তিতে ১.৩৫ মিলিয়ন মার্কিন ডলার ভাগ করে দেওয়া হবে। গতবার এই অর্থের পরিমাণ ছিল ১,৮০,০০০ মার্কিন ডলার। যে দলগুলি গ্রুপ পর্বে তৃতীয় বা চতুর্থ স্থান অধিকার করবে তারা প্রত্যেকে পাবে ২,৭০,০০০ মার্কিন ডলার। পঞ্চম স্থানাধিকারী দলগুলি পাবে ১,৩৫,০০০ মার্কিন ডলার করে।
অংশগ্রহণকারী ১০টি দেশ অন্তত ১,১২,৫০০ মার্কিন ডলার পাবেই। এবারের মহিলা টি২০ বিশ্বকাপের সূচিতে সামান্য বদল করা হয়েছে। ৫ অক্টোবর ডাবল হেডার রয়েছে। শারজায় অস্ট্রেলিয়া দুপুরে খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। তারপর বাংলাদেশ মুখোমুখি হবে ইংল্যান্ডের। ১০ দলকে নিয়ে হতে চলা টি২০ বিশ্বকাপে থাকবে ২৩টি ম্য়াচ।












Click it and Unblock the Notifications