অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শোচনীয় পরাজয়! সিডনিতে কোথায় কোথায় ভুল হল ভারতের?
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শোচনীয় পরাজয়! সিডনিতে কোথায় কোথায় ভুল হল ভারতের?
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে তিন ম্যাচের সিরিজের প্রথং মোকাবিলা হেরে গিয়েছে ভারত। সিডনিতে ৬৬ রানের শোচনীয় পরাজয় হজম করতে হয়েছে বিরাট কোহলিদের। ম্যাচ শেষে নিজেদের ভুল মেনে নিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। শুক্রবার ঠিক কোথায় কোথায় অস্ট্রেলিয়ার হাতে ম্যাচ তুলে দিয়েছে ভারত, তা দেখে নেওয়া যাক।

জঘন্য ফিল্ডিং
ফিল্ডিংয়ের নিরিথে এ প্রজন্মের অন্যতম সেরা শিবির ভারত। সেই দলই কিনা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অন-ফিল্ড হতশ্রী পারফরম্যান্স দিয়ে বসল। সিডনিতে কঠিন এবং সহজ ক্যাচ ফেলে ম্যাচও কার্যত ছেড়ে দেন শিখর ধাওয়ান, যুজবেন্দ্র চাহাল, হার্দিক পান্ডিয়া, শ্রেয়স আইয়ার। রান আউটের চান্স মিস করেন রবীন্দ্র জাদেজা। মিস ফিল্ডিং করেন বিরাট কোহলি, মায়াঙ্ক আগরওয়ালের মতো নিখুঁত ফিল্ডাররা।

বোলিং পরিবর্তন
ইনিংসের শুরু থেকেই ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ শামিকে খেলতে গিয়ে সমস্যায় পড়ছিলেন অস্ট্রেলিয় ওপেনার অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। কিন্তু প্রথম স্পেলে মাত্র তিন ওভার বল করিয়ে শামিকে সরিয়ে নভদীপ সাইনিকে বল করতে ডাকেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। এতে অজি ওপেনাররা হাত খোলার সুযোগ পেয়ে যান। সেই শামিই তৃতীয় স্পেলে ডেভিড ওয়ার্নারকে তুলে নেন। অন্যদিকে প্রথম ম্যাচে জসপ্রীত বুমরাহের ছন্দে না থাকাটাও ভুগিয়েছে ভারতকে।

ব্যাটিংয়ে পরিকল্পনার অভাব
শুক্রবারের খেলা দেখে মনে হয়েছে যে অস্ট্রেলিয়ার দেওয়া ৩৭৫ রানের লক্ষ্য তাড়া করার জন্য মানসিক প্রস্তুতি ছিল না ভারতীয় ক্রিকেট দলে। ফলে টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ে পরিকল্পনার অভাব পরিলক্ষিত হয়। প্রথম ওভারে ২০ রান দিয়ে অজি ফাস্ট বোলার মিচেল স্টার্ক কাজ কিছুটা সহজ করে দিলেও তার ফায়দা তুলতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা। উল্টে অকারণে রানের গতি বাড়াতে গিয়ে অস্ট্রেলিয়ার হাতে উইকেট তুলে দিয়ে আসেন মায়াঙ্ক আগরওয়াল, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, বিরাট কোহলিরা।

শর্ট বলের অপব্যবহার
শুক্রবারের ম্যাচে প্রচুর শর্ট বল এবং বাউন্সার করেছেন অস্ট্রেলিয়রা। হাদিক পান্ডিয়া ছাড়া কোনও ভারতীয় ব্যাটসম্যান তার ফায়দা তুলতে পারেননি। বরং শর্ট বলে আউট হয়ে সাজঘরে ফিরেছেন মায়াঙ্গ আগরওয়াল, শ্রেয়স আইয়ারের মতো ব্যাটসম্যানরা।












Click it and Unblock the Notifications