টি ২০ বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ড ম্যাচে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বিরাট-কেন দ্বৈরথ
টি ২০ বিশ্বকাপে রবিবার সুপার টুয়েলভে গ্রুপ ২-এর গুরুত্বপূর্ণ ম্যাচ। দুবাইয়ে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। শেষ চারে ওঠার দৌড়ে কারা থাকবে সেটাই নির্ধারণ করে দেবে এই ম্যাচ। অনেকের মতে, এটাই টি ২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। এই লড়াই দুই বন্ধুর। দুই দেশের দুই অধিনায়কের। বিরাট কোহলি ও কেন উইলিয়ামসনের দ্বৈরছ এই ম্যাচের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু।

বিরাট-কেন দ্বৈরথ
২০০৮ সালের ২৭ ফেব্রুয়ারি কুয়ালালুমপুরে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ সেমিফাইনালে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছিল বিরাট কোহলির ভারত। ডাকওয়ার্থ-লুইস মেথডে সেই ম্যাচে ৯ বল বাকি থাকতে ভারত জিতেছিল ৩ উইকেটে। বল হাতে একটি মেডেন ওভার-সহ ৭ ওভারে ২৭ রানে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ৫৩ বলে ৪৩ রান করে ম্যাচের সেরা হয়েছিলেন বিরাট কোহলি। ওপেন করতে নেমে সেই ম্যাচে ৮০ বলে ৩৭ রান করেছিলেন কেন উইলিয়ামসন। আউট হয়েছিল বিরাট কোহলির বলে উইকেটকিপার শ্রীবৎস গোস্বামীর হাতে ক্যাচ দিয়ে। ফ্রেজার কলসনের উইকেটও পেয়েছিলেন বিরাট। বিরাট কোহলির সঙ্গে কেন উইলিয়ামসনের বন্ধুত্ব এরপর থেকে মজবুত হলেও বিরাট কোহলি অধিনায়ক হিসেবে আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডকে হারাতে পারেননি।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা
২০১৯ সালের বিশ্বকাপ সেমিফাইনালে কেনের নিউজিল্যান্ডের কাছে পরাস্ত হয়েই বিদায় নিয়েছিল বিরাট কোহলির ভারত। চলতি বছরেই প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও বিরাটদের হারিয়ে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড। টি ২০ বিশ্বকাপে এই প্রথম নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি। এবারের আইপিএলে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দরাবাদকে প্রথম সাক্ষাতে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হারালেও দ্বিতীয় সাক্ষাতে বিরাট কোহলির আরসিবিকে হারিয়ে দেয় কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন সানরাইজার্স। রবিবারের ম্যাচ যে হারবে টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে সেই দল কার্যত ছিটকে যাবে। অন্তত কোনও অঘটন না ঘটলে সেই দলের পক্ষে শেষ চারে যাওয়া অসম্ভব। ২০১৯ সালে বিশ্বকাপ হাতছাড়া হতাশা রয়েছে বিরাট, কেন- দুজনেরই। তবে বিরাটের সামনে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পরাজয়ের মধুর প্রতিশোধ নেওয়ারও সুযোগ থাকবে। এই বিশ্বকাপে তিনি দেশকে শেষবার টি ২০-তে নেতৃত্বও দিচ্ছেন। ফলে কাপ জয়ের আশা জিইয়ে রাখতে কিউয়ি বধের লক্ষ্যেই নামতে হবে বিরাটকে।

টি ২০ বিশ্বকাপে অপরাজেয় নিউজিল্যান্ড
২০০৭ ও ২০১৬-র টি ২০ বিশ্বকাপে নিউজিল্যান্ড ভারতকে যথাক্রমে ১০ ও ৪৭ রানে হারিয়েছিল। ২০০৩ সালের বিশ্বকাপে ভারত নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছিল। তারপর থেকে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে অপরাজেয় নিউজিল্যান্ড। এবারের টি ২০ বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে প্রথমবার হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ, ভারত পাকিস্তানের কাছে। সেই পরিসংখ্যান দেখলে ভারত আশান্বিত হতেই পারে। কিন্তু লড়াই বেশ কঠিন। টি ২০ আন্তর্জাতিকে দুই দল ১৮টি করে ম্যাচ খেলেছে। দুই দলই জিতেছে ৯টি করে ম্যাচে।

এগিয়ে বিরাট
বিরাট কোহলি ও কেন উইলিয়ামসনের মতো বিশ্বের দুই সেরা ব্যাটারের দ্বৈরথও ক্রিকেটপ্রেমীদের কাছে অত্যন্ত আকর্ষণের বিষয়। টেস্টে বিরাটের রান ৭৭৬৫, গড় ৫১.০৮, সেখানে কেনের টেস্টে রান ৭২৩০, গড় ৫৩.৯৫। একদিনের আন্তর্জাতিকে ৫৯.০৭ গড়ে ১২১৬৯ রান করেছেন বিরাট। কেনের রান ৬১৭৩, গড় ৪৭.৪৮। টি ২০ আন্তর্জাতিকে বিরাট কোহলির মোট রান ৩২১৬, গড় ৫২.৭২, কেনের ১৮৩০ রান রয়েছে, গড় ৩১.৫৫।












Click it and Unblock the Notifications