আন্তর্জাতিক নারী দিবসে বিরাট-বার্তা, স্ত্রী-কন্যার ছবি পোস্ট করে নারীশক্তিকে কুর্নিশ
আন্তর্জাতিক নারী দিবসে নারীশক্তির জয়গান ভারতীয় ক্রিকেট দলের বর্তমান ও প্রাক্তন তারকাদের। ভারত অধিনায়ক বিরাট কোহলি ইনস্টাগ্রামে স্ত্রী অনুষ্কা ও কন্যা ভামিকার ছবি পোস্ট করে লিখেছেন, সন্তানের জন্ম দেখা এক শিহরণ জাগানো অনুভূতি, অবিশ্বাস্য, অসামান্য অভিজ্ঞতা।

বিরাট-বার্তা
বিরাট আরও লিখেছেন, সন্তানের জন্মের সাক্ষী থাকতে পেরে এটা আরও বেশি করে উপলব্ধি করেছি নারীর আসল শক্তি। একজন নারীকে ঈশ্বর কতটা শক্তিশালী করে তাঁদের মধ্যে ঐশ্বরিক ক্ষমতা প্রদান করেছেন। নারীরা ছেলেদের থেকেও বেশি শক্তিশালী। আমার জীবনের সবচেয়ে দৃঢ়চেতা ও সহানুভূতিশীল কোমল হৃদয়ের নারীকে আন্তর্জাতিক নারী দিবসের শুভকামনা জানাই। তাকেও শুভকামনা জানাই যে তার মায়ের মতোই বড় হয়ে উঠবে। বিশ্বের সমস্ত নারীশক্তিকে কুর্নিশও জানিয়েছেন ভারত অধিনায়ক।
ছবি- বিরাট কোহলির ইনস্টাগ্রাম

সচিনের কুর্নিশ
বেশ কয়েকজন কৃতী নারীর সাফল্যের নজির তুলে ধরে সচিন তেন্ডুলকর লিখেছেন, আমাদের জীবনে যে নারীরা জড়িয়ে রয়েছেন তাঁদের সঙ্গে প্রত্যেকের প্রতিটা দিন আজকের মতোই উদযাপন করতে হবে, আনন্দে রাখতে হবে। বিশ্বের সমস্ত নারীকে আন্তর্জাতিক নারী দিবসে কুর্নিশ জানান মাস্টার ব্লাস্টার।

পন্থের টুইট
নারীশক্তিকে কুর্নিশ জানিয়ে টুইট করেছেন ঋষভ পন্থ। তিনি লিখেছেন, আন্তর্জাতিক নারী দিবসে সেই সব নারীকে স্যালুট জানাই যাঁরা প্রতিবন্ধকতাকে রোজ নিজেদের প্রচেষ্টার মাধ্যমে জয় করে চলেছেন। আমার জীবনেও এমন কিছু নারীর সান্নিধ্যে এসেছি, তাঁদের সমর্থন পেয়েছি। তাঁরাই আমার অন্যতম শক্তি।

নারীশক্তির জয়গান লক্ষ্মণের
প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ টুইটে লিখেছেন, নারীরা আমাদের শক্তি। আমাদের অনুপ্রেরণা। তাঁরা আমাদের কথা ধৈর্য্য ধরে শোনেন। আমরা কী চাইছি তা বুঝতে পারেন। তাঁরা যত্নশীল এবং খুব ভালো মনের, যাঁরা সব কিছু ভাগ করে নিতে পারেন। শুধু আজকের দিনই নয়, প্রতিটি দিন প্রত্যেক নারীর ভালো কাটুক।












Click it and Unblock the Notifications